বিশ্ব জলবায়ু পরিবর্তনের কারণে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ অনেকখানি ঝুঁকিতে রয়েছে। সিডর, আইলা ও রোয়ানুর মতো ঘূর্ণিঝড়ের কবলে পড়ে দেশের বৃক্ষজগৎ ক্রমেই ধ্বংস হচ্ছে। তাই প্রকৃতিকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই।
‘পৃথিবীকে বাসযোগ্য করার যাত্রায় আপনিও শামিল হোন’ স্লোগানে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে (ইডিইউ) নাসিরাবাদের নির্মাণাধীন স্থায়ী ক্যাম্পাসে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৫ জুন এই কর্মসূচির আয়োজন করে সোশ্যাল সার্ভিস ক্লাবের সদস্যরা। এতে বক্তারা সবুজের ছায়ায় সুন্দর পৃথিবী গড়ার আহ্বান জানান।
দুটি ফলদ গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচি উদ্বোধন করেন ইডিইউর অ্যাসোসিয়েট ডিন মোহাম্মদ নাজিম উদ্দিন। বক্তব্য দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সজল বড়ুয়া, ইংরেজি বিভাগের চেয়ারম্যান শাহ আহমেদ, স্কুল অব সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ইশতিয়াক আজিজ, ক্লাবের উপদেষ্টা প্রমীলা হক, স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রভাষক তারিক রায়হান, প্রভাষক রবিউল হোসাইন দোভাষ প্রমুখ।
ইডিইউর সোশ্যাল সার্ভিস ক্লাবের সমন্বয়ক ও শিক্ষার্থী হাসিন ইশরাক বলেন, ‘বৃক্ষরোপণ কর্মসূচিতে আমরা এই পৃথিবীকে বাসযোগ্য করার জন্য সবুজের ছায়া বাড়ানোর প্রতিজ্ঞা করেছি। পাশাপাশি দেশ ও পরিবেশ বাঁচাতে সব ছাত্রছাত্রীরা অন্তত একটি করে গাছ লাগানোর শপথ নিয়েছি। ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ আরও বড় পরিসরে হবে।’ বিজ্ঞপ্তি।