সবুজের জন্য বিতর্ক
বাংলাদেশের শিল্প বাজেট কমলে জলবায়ু বিপর্যয় রোধ হবে কি হবে না, এ নিয়ে উত্তপ্ত ছায়া সংসদ। সরকারদলীয় পক্ষের যুক্তি—শিল্প বাজেট কমলে কার্বন-ডাই-অক্সাইডের নিঃসরণসহ নানা কারণে কমে আসবে জলবায়ু বিপর্যয়। আর বিরোধী দলের যুক্তি—শিল্প বাজেট কমলে এ মুহূর্তে দেশের অর্থনীতি ভেঙে পড়বে, সেই সঙ্গে স্থবিরতা নেমে আসবে কৃষিজ উৎপাদনেও।
অবশেষে ‘এই সংসদ জলবায়ু বিপর্যয় রোধে বাংলাদেশের শিল্প বাজেট কমিয়ে আনবে’ বিষয়ের ওপর শাণিত বাক্যবাণে বিজয়ী হয় বিরোধী দল ‘সপ্তর্ষি’। আর রানার্সআপ হয় বিতর্ক দল ‘থার্ড আই’। এটি ৬ জুন সকালে নগরের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত পরিবেশবিষয়ক বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের চিত্র। বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ‘ডিবেট ক্লাব অব ল’–এর উদ্যোগে বসে এই প্রতিযোগিতার আসর। পরিবেশবিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি আইন বিভাগের সপ্তাহব্যাপী এ আয়োজনে ছিল উন্মুক্ত বক্তৃতা (বাংলা ও ইংরেজি), পরিবেশবিষয়ক পোস্টার ডিজাইন প্রতিযোগিতা ও পরিবেশবিষয়ক দেয়ালিকা প্রকাশ।
বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে বসে পুরস্কার বিতরণ পর্বের আসর। এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। এ সময় তিনি বলেন, ‘আইনের শিক্ষার্থীদের সব সময় সমাজ পরিবর্তনের চিন্তা করতে হবে। সুন্দর পরিবেশ ছাড়া কখনো ভালো সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়।’ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি তানজিনা আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহমেদ রাজীব চৌধুরী ও আইন বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ।
অনুষ্ঠান পরিচালনা করেন আইন বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় বিশ্বাস। পুরস্কার বিতরণ পর্বে উন্মুক্ত বক্তৃতা প্রতিযোগিতা বাংলায় চ্যাম্পিয়নের পুরস্কার ওঠে তাসনিয়া আল সুলতানার হাতে। আর ইংরেজিতে চ্যাম্পিয়ন হন রোজ বড়ুয়া। দেয়ালিকাতে শ্রেষ্ঠ লেখার জন্য পুরস্কার পান ইরফান আজিজ। এর আগে অনুষ্ঠানে ‘দাও ফিরিয়ে অরণ্য, লও এ নগর’ শিরোনামে দেয়ালিকার উদ্বোধন করেন প্রধান অতিথি।