সবুজের মেলায়
কিছুদিন আগেও যাঁরা ঢাকার আগারগাঁওয়ের বাণিজ্য মেলার মাঠে গেছেন, তাঁরা এখন আবার গেলে রীতিমতো চোখ বড় বড় করে ফেলবেন। কারণ, এই ধু-ধু মাঠই এখন সবুজে ছেয়ে গেছে। নানা রকম ফলের গন্ধে ম-ম করছে চারদিক। আছে ফুলের মনমাতানো গন্ধ। আর তাই ওই দিকটায় মানুষের আনাগোনাও বেড়েছে বেশ। এখানে চলছে বৃক্ষমেলা-২০১২। ‘সবুজ নগর সবুজ দেশ, লাল-সবুজের বাংলাদেশ’ স্লোগানে বন অধিদপ্তর, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আয়োজনে চলছে মেলা। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত চলা বৃক্ষমেলায় আসতে পারেন কোনো টিকিট ছাড়াই। মেলার তথ্যকেন্দ্রে থাকা সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা মাহমুদা রোকসানা সুলতানা বলেন, ‘গাছ কমে যাওয়ায় আমাদের আবহাওয়ায় যে পরিবর্তন হয়েছে, তা একটু খেয়াল করলেই বোঝা যায়। নগরে বসবাসরত নাগরিকেরা একটু প্রশান্তি আনতে বারান্দায়, বাসার ছাদে, সিঁড়িতে গাছ রাখতে পারেন। এতে একটু হলেও সবুজ-সতেজতা উপভোগ করতে পারবেন।’মেলায় পাওয়া যাচ্ছে নানা ধরনের গাছ। ফলদ, বনজ, ঔষধি বা বাহারি ফুলের গাছ মুগ্ধ করবে আপনাকে। ফলদ গাছের মধ্যে পাওয়া যাবে আম, পেয়ারা, লিচু, কলা, জাম, জামরুল, কাঁঠাল, আঙুর, আপেল, মালটা, কমলালেবু, ডালিমসহ নানা ফলের গাছ। আর দাম পড়বে ১০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। বনজ গাছের মধ্যে আছে কড়ই, মেহগনি, নিম, শিরীষ, সেগুন ইত্যাদি। আর এসব গাছের দাম পড়বে পাঁচ থেকে ৮০ টাকার মধ্যে। ঔষধি গাছ লাগাতে চাইলে বৃক্ষমেলা হতে পারে গাছ খোঁজার সঠিক ঠিকানা। এখানে আপনার অতি প্রয়োজনীয় বা দুষপ্রাপ্য গাছের দেখা মিলতে পারে সহজে। বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামের স্টলে প্রায় ৪০ রকমের ঔষধি গাছ মিলবে বলে জানালেন তাঁরা। ঔষধি গাছের দামও নির্ধারণ করে নিতে হবে দরাদরি করে। তবে সাধারণত ২০ টাকা থেকে হাজার টাকায় কেনা যাবে। ফুলের প্রতি সবারই টান সব সময়। আর অল্প জায়গাতেও টবে ফুলের গাছ লাগানো যায়। বৃক্ষমেলায় প্রায় ৩০ রকমের গোলাপের দেখা মিলবে। আছে কামিনী, ডালিয়া, হাসনাহেনা, জুঁই, কাগজি, পদ্ম, শাপলা, টগর, পলাশ, বেলি, শিউলি ইত্যাদি ছাড়াও বিদেশি নানা ধরনের ফুল। দাম পড়বে ২০ থেকে এক হাজার টাকা পর্যন্ত। আছে বনসাই বা ক্যাকটাস-জাতীয় উদ্ভিদ। এ ছাড়া মৃৎশিল্পের বাহারি সব দ্রব্য মিলবে এখানে। আছে প্লাস্টিক বা বাঁশ-কাঠের তৈরি সরঞ্জাম। ৫ জুলাই পর্যন্ত মেলা চলবে।