নোয়াখালীর মাইজদী থেকে বাসে চেপে সোনাপুর জিরো পয়েন্ট, তারপর রিকশা। দুই পাশে সবুজ গাছের সারি, তারই মাঝে এঁকেবেঁকে চলেছে মসৃণ পথ। সঙ্গী তিথি জানাল, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থী ছাড়াও অনেক দর্শনার্থী চোখে পড়বে, যাঁরা ছুটে যান সবুজের টানে।পথের শেষে চোখে পড়ল নোবিপ্রবির বিশাল ফটক। ফটকের ওপাশে ঝাউয়ের শাখা দোলানো ক্যাম্পাস। সবুজের বুকে লুকিয়ে আছে প্রাতিষ্ঠানিক শিক্ষা ভবনগুলো।নোবিপ্রবির বন্ধু দ্বিতীয় ব্যাচের ছাত্র জামিল জানালেন, ঢাকার বুয়েট কলেজ থেকে পাস করে তিনি যখন প্রথম এই ক্যাম্পাসে পা রাখেন, তখন এখানে মাটি ছাড়া কিছু ছিল না।জামিলের ভাষায়, ‘হাঁটুসমান কাদা ভেঙে ক্লাস করতে যেতাম। আর এখন মনে হয়, এই সবুজ আঙিনা ছেড়ে শান্তি পাব না কোথাও।’কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসটিই) শিক্ষার্থী শুভ বলেন, ‘একটি কৃষি বিশ্ববিদ্যালয় ছেড়ে এখানে পড়তে এসেছি। দূরত্ব যতই হোক, এখানে পড়ার বিষয়গুলো ভালো।’ তাঁকে সমর্থন করলেন ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্সের শামসুল আলম। তিনি বলেন, ‘মেডিকেলে পড়া বাদ দিয়ে নোবিপ্রবিতে পড়ছি। ক্লাসরুম, ল্যাব, পাঠদান পদ্ধতি—সব মিলিয়ে নোবিপ্রবি একটি আদর্শ ক্যাম্পাস।’সিএসটিইর জামিল বলছিলেন, ‘নোবিপ্রবির সবচেয়ে বড় দিক হলো, এখানে একটি বছরের জন্যও সেশনজট হয়নি। আমরা যে পদ্ধতিতে পড়ি, তাতে ভবিষ্যতেও সেশনজটের কোনো আশঙ্কা নেই।’নতুন চালু হওয়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী শিফাইন, নিতু আর তাজ বলছিলেন, এ কারণেই দূর-দূরান্ত থেকে এখানে পড়তে আসা। তাঁদের সমস্যা একটাই, তাঁরা নিজেদের বিভাগে কোনো সিনিয়র আপু পাননি। পরক্ষণেই হেসে বললেন, ‘আমরা আজীবনের জন্য বড় আপু হয়ে গেলাম।’একই ব্যাপার গণিত বিভাগেও। গণিতের তানজিন, ফারহানা, রাবেয়া ও তানজিমা বলেন, ‘আমাদের খুব একটা ঝামেলা হয় না। স্যাররাই আন্তরিকতা দিয়ে সিনিয়রদের অভাব পুষিয়ে দিয়েছেন।’নোবিপ্রবিতে আছে আবাসনসুবিধা। ছাত্রীদের পর্যাপ্ত আসন, কিছু ছাত্র বাসা বা মেস ভাড়া করে থাকেন। যেমন, ফার্মেসিতে পড়ুয়া চতুর্থ ব্যাচের ছাত্র তানভীর বলেন, ‘বাসায় একরকম বিদ্রোহ করেই এখানে পড়তে এসেছিলাম। এখন বন্ধুদের সঙ্গে একটা বাসা ভাড়া করে থাকি। আমরা নিজেরাই একটা পরিবার হয়ে গেছি।’সিএসটিইর নিপা বলেন, ‘হল আমাদের এত আপন হয়ে গেছে যে ক্লাস শেষে কেউ বলি না হলে যাচ্ছি, বলি বাসায় যাচ্ছি।’নোবিপ্রবিতে এরই মধ্যে ছাত্রছাত্রীদের উদ্যোগে গড়ে উঠেছে বেশ কিছু সংগঠন। প্রথম আলো বন্ধুসভা নোবিপ্রবি শাখার সাংস্কৃতিক সম্পাদক আরিফুর রহমান বলেন, ‘নোবিপ্রবিতে প্রতিধ্বনিসহ বেশ কিছু সাংস্কৃতিক সংগঠন আছে, পাঠক ফোরাম আছে। একটি নাট্যসংগঠনের তোড়জোড় চলছে। আর প্রতি মাসে অন্তত একটি সাংস্কৃতিক আয়োজন লেগেই থাকে।’ক্লাস, হল আর ল্যাবের বাইরেও থেমে নেই নোবিপ্রবির জীবন। নিজ বিভাগ নিয়ে খুনসুটি লেগেই থাকে সারাক্ষণ। অলস বিকেলে কেউ বা গিটার হাতে বসে পড়েন পুকুরঘাটে। সুরে সুর মিলিয়ে কেটে যায় একাকী প্রহর। একচিলতে রোদের ইশারায় কেউ বা বেরিয়ে পড়েন মাঠে। পায়ের চলায় পেরিয়ে যায় ক্লান্ত পথের বাঁক। কেউ খুলে বসেন লেখার খাতা। এমন উদাস প্রকৃতিতে কেউ কবি হবে না, তাও কি হয়!নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরী বলেন, ‘উপকূলীয় এলাকার বিশ্ববিদ্যালয় হয়েও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পুরো দেশে সাড়া তুলেছে। খুব শিগগির আমরা ১০ তলার দ্বিতীয় প্রশাসনিক ভবন করতে যাচ্ছি। বিবিএ, এমবিএ, কৃষি অনুষদসহ আরও কিছু বিভাগ আমরা শিগগিরই চালু করব।’ক্যাম্পাসটি নতুন হলেও শিক্ষক-কর্মচারী সর্বোপরি শিক্ষার্থীদের প্রচেষ্টায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিন দিন আরও সমৃদ্ধ হবে—এটি এখন সময়ের ব্যাপার মাত্র।