সভাপতি পদের জন্য দৌড়ঝাঁপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখতারুজ্জামান চৌধুরী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হওয়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতির পদ শূন্য হয়ে গেছে। এ পদের জন্য দৌড়ঝাঁপ শুরু হয়েছে জ্যেষ্ঠ নেতাদের মধ্যে। কে হবেন সভাপতি, তা মার্চের পরে সিদ্ধান্ত হতে পারে বলে আওয়ামী লীগের জ্যেষ্ঠ এক নেতা জানিয়েছেন। মাঠপর্যায়ের নেতা-কর্মীরা চাইছেন, এ পদে যেন দ্রুত একজনকে দায়িত্ব দেওয়া হয়। দলীয় সূত্র জানায়, আখতারুজ্জামান চৌধুরী দাপটের সঙ্গে টানা ৩৫ বছর দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তবে এ সময় নানা প্রতিকূল সময়ও অতিক্রম করেছেন তিনি। সংগঠনের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে অনেক সময় মতবিরোধ ও দূরত্ব তৈরি হয়েছে। মামলা-মোকদ্দমার ঝামেলাও ছিল। তাঁকে সবচেয়ে বেশি ভুগিয়েছে হুমায়ুন জহির নামের ধনাঢ্য এক ব্যবসায়ী খুনের মামলা। যদিও পরে এই মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছিলেন। দলীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হিসেবে জ্যেষ্ঠ কয়েকজন নেতার নাম আলোচনায় এসেছে। তাঁদের মধ্যে বর্তমান সাধারণ সম্পাদক মোছলেমউদ্দিন আহমদ, এস এম আবুল কালাম, আবু সালেহ, সাংসদ শামসুল হক চৌধুরী রয়েছেন। এর মধ্যে বেশি বয়সের কারণে আবু সালেহ বিবেচনায় নাও আসতে পারেন বলে জানা গেছে।আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, দক্ষিণ জেলা কমিটি নিয়ে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবগত আছেন। আখতারুজ্জামান চৌধুরীসহ জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করেই প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। তবে যিনি সভাপতি হোক না কেন, সংগঠনের জন্য তাঁকে নিবেদিত হতে হবে। কর্মী-সমর্থকদের সঙ্গে তাঁর সুসম্পর্ক থাকতে হবে। এদিকে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছেলেমউদ্দিন সভাপতি হলে সাধারণ সম্পাদক পদেও শূন্যতা সৃষ্টি হবে। এই পদে আসতে আগ্রহী কয়েকজনের নামও শোনা যাচ্ছে। তাঁদের মধ্যে সংরক্ষিত আসনের সাংসদ চেমন আরা তৈয়ব, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি মফিজুর রহমান, পটিয়ার মোতাহেরুল ইসলাম, আনোয়ারার আবুল কালাম চৌধুরী ও সাতকানিয়ার মোহাম্মদ ইদ্রিস রয়েছেন। দলীয় সূত্র জানায়, কমিটিতে অন্তর্ভুক্তি নিয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগে বিরোধ বেড়ে যেতে পারে বলে দলীয় সমর্থকেরা আশঙ্কা করছেন। সভাপতি হিসেবে যাঁদের নাম শোনা যাচ্ছে তাঁরা একেকজন একেকটি মেরুতে অবস্থান করছেন। তাঁদের যেকোনো একজনকে সভাপতি করা হলে অন্যরা নতুন সভাপতিকে সহযোগিতা না-ও করতে পারেন। একইভাবে সাধারণ সম্পাদক নিয়ে একই সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে। তবুও দ্রুত শূন্যস্থান পূরণ চাইছেন কর্মী-সমর্থকেরা। দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা আ ম ম মিনহাজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দক্ষিণ জেলা আওয়ামী লীগে এক প্রকার শূন্যতা বিরাজ করছে। কাউন্সিল ডেকে কিংবা কাউকে ভারপ্রাপ্ত সভাপতি করে এই শূন্যতা পূরণ করতে হবে। কারণ বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন চারদলীয় জোটের আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে। তাঁদের কর্মসূচি রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হলে শূন্যস্থান পূরণের জন্য বেশি দিন অপেক্ষা করা উচিত হবে না। আমরা চাই চলতি মাসের মধ্যে যেন এ বিষয়ে কেন্দ্র থেকে ঘোষণা আসে।’