দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ কমিটি নেই কর্ণফুলী থানা ও ইউনিয়ন আওয়ামী লীগের। এতে এলাকায় আওয়ামী লীগের কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। আর এ জন্য স্থানীয় নেতারা একে অপরকে দোষারোপ করছেন। নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করে জানা যায়, প্রায় নয় বছর আগে সর্বশেষ কমিটি গঠন করা হয়েছিল আওয়ামী লীগের কর্ণফুলী থানার আওতাধীন পাঁচ ইউনিয়নে। প্রতিটি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছিল ওই সময়। এত দিন পরও একটি কমিটিতেও নতুন কোনো নেতার নাম অন্তর্ভুক্ত হয়নি। তা ছাড়া আওয়ামী লীগের অন্য কোনো সহযোগী সংগঠনের অস্তিত্বও নেই এসব ইউনিয়নে। এর মধ্যে থানা আওয়ামী লীগের সম্মেলন হয়েছে তিন বছর আগে। এতেও সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া আর কোনো নেতা অন্তর্ভুক্ত হননি। এভাবে দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ কমিটি না থাকায় কর্ণফুলী এলাকায় আওয়ামী লীগের কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে বলে স্থানীয় নেতারা স্বীকার করেছেন। এ জন্য তাঁরা একে অপরকে দোষারোপ করছেন। কর্ণফুলী থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘বাবু ভাই (চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ) সবগুলো কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কারণ, পুরোনো কমিটি কোনো কাজ করছে না। বিভিন্ন কমিটিতে সুবিধাবাদীরা ঢুকে পড়েছেন। বিগত থানা কমিটির নেতারা কমিশনের বিনিময়ে অনেক জামায়াত-সমর্থিত লোককেও আওয়ামী লীগে ঢুকিয়েছেন। এ জন্য এখানে সংগঠনের এমন দুরবস্থা।’ জানা যায়, থানার পাঁচ ইউনিয়নের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক হিসেবে যাঁরা দায়িত্ব পালন করছেন, তাঁরাও রাজনীতিতে নিয়মিত নন। তাঁদের মধ্যে আছেন চাকরিজীবী, থানার দালাল, ব্যাংক কর্মচারী ও জাহাজের সারেং। রাজনীতি নিয়ে সক্রিয় না থাকলেও গত তিন বছরেরও কম সময়ে দলের নাম ভাঙিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে এসব লোকের বিরুদ্ধে। কর্ণফুলী থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক হায়দার আলী। দুজনই ব্যবসায়ী। ২০০৯ সালে সম্মেলনের মাধ্যমে তাঁরা নির্বাচিত হলেও ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিগুলোর ওপর তাঁদের নিয়ন্ত্রণ নেই বলে জানা গেছে। শিকলবাহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফোরকান উদ্দিন চাকরি করেন। জুলদা ইউনিয়নের সভাপতি আমীর আহমদ ব্যাংকের কর্মচারী ও সাধারণ সম্পাদক আবু তাহের জাহাজের সারেং। চরলক্ষ্যা ইউনিয়নের সভাপতি জহির আহমদ থানার তদবিরকারী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল ব্যবসায়ী। বড় উঠান ইউনিয়নের সভাপতি রফিক উল্লাহ ও সাধারণ সম্পাদক আবদুস শুক্কুর ব্যবসায়ী। এ ছাড়া চর পাথরঘাটা ইউনিয়নের সভাপতি নুরুল আলম মাছ ব্যবসায়ী। সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈয়দ ছাত্রশিবিরের সাবেক নেতা বলে জানা গেছে।দলীয় সূত্র জানায়, শিকলবাহা ইউনিয়নের স্থানীয় নেতারা স্থানীয় সাংসদের কাছে অভিযোগ করেছেন, আওয়ামী লীগ নেতারা দলের নাম ভাঙিয়ে দুর্নীতি করছেন। এর মধ্যে রয়েছে, আলী হোসেন মার্কেটের বকুল কালভার্ট নির্মাণ না করেই ৬৯ হাজার টাকা, চর হাজারী কবরস্থান ভরাটের নামে দুই লাখ ৮৬ হাজার টাকা, পশ্চিম পটিয়া এ জে চৌধুরী কলেজ মাঠে মাত্র ২০ হাজার টাকার মাটি ফেলে পাঁচ লাখ ৭০ হাজার টাকা এবং জুলধা খালের শিকলবাহা অংশ খননের কথা থাকলেও কয়েকটি গাছের ডাল কেটে এক লাখ ৭০ হাজার টাকা আত্মসাৎ। এ ছাড়া, প্রতিটি মসজিদের টিআর ও কাবিখা থেকে আট হাজার টাকা করে নেওয়ার অভিযোগও রয়েছে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে। এসব অনিয়মের বেশির ভাগই হয়েছে শিকলবাহায়। এ ব্যাপারে শিকলবাহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অনিয়মের অভিযোগের সবগুলো আজ কিংবা কালকের নয়, কয়েক বছর আগেরও আছে। এখন নতুন কমিটির কথা আসছে বিধায় এসব অভিযোগ সামনে নিয়ে আসা হচ্ছে। সরকারি চাকরি আর রাজনীতি একই সঙ্গে করার কথা স্বীকার করে তিনি বলেন, বিধি লঙ্ঘন হচ্ছে। কিন্তু তাতে তো সরকারি কাজ বাধাগ্রস্ত হচ্ছে না।’নজরুল ইসলাম বলেন, ‘থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনই ব্যবসায়ী। তাঁরা হঠাৎ করে ২০০৯ সালে রাতের অন্ধকারে কাউন্সিলরদের ভোট কিনে নেতা বনে গেছেন। তাঁদের কারণে ত্যাগী নেতা-কর্মীরা এখন কোণঠাসা। এ ছাড়া চরলক্ষ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধেও টিআর ও কাবিখা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে।স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, কর্ণফুলী থানার পাঁচটি ইউনিয়ন দক্ষিণ চট্টগ্রামের অনেকের কাছে ‘পাকিস্তানপাড়া’ নামে পরিচিত। ১৯৭০ সালেও এখানে নৌকা মার্কার প্রার্থী ভোটে দ্বিতীয় হয়েছিলেন। তবে আনোয়ারায় বেশি ভোট পাওয়ার কারণে সে সময় নৌকার প্রার্থী নির্বাচনে জয়ী হন। স্বাধীনতার পর একমাত্র ২০০৮ সালের সংসদ নির্বাচন ছাড়া আগের সবগুলো নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এ পাঁচ ইউনিয়নে হেরেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক নেতা বলেন, দলীয় কার্যক্রমকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারেননি এখানকার আওয়ামী লীগ নেতারা। আর তাঁদের সাংগঠনিক দুর্বলতার কারণে বিএনপি এখানে নিজেদের অবস্থান সুসংহত করেছে।