নগর আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে দায়িত্ব পাওয়া তিন প্রবীণ নেতা হাল ছেড়ে দেননি। ইতিমধ্যে তাঁরা বিবদমান দুপক্ষের নেতাদের সঙ্গে আলাদা করে কথা বলেছেন। মতৈক্যে আসতে তাঁরা সমঝোতার রূপরেখাও খুঁজছেন। কয়েক দিনের মধ্যে একটি রূপরেখা তৈরি করে প্রধানমন্ত্রীকে দিতে পারবেন বলে দায়িত্বশীল এক নেতা জানিয়েছেন। নগর আওয়ামী লীগের কোন্দল নিরসনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের তিন নেতাকে দায়িত্ব দেন। তাঁরা হলেন—দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ আখতারুজ্জামান চৌধুরী, উত্তর জেলার সভাপতি ও সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও সাবেক সাংসদ ইসহাক মিয়া। গত ২৬ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা স্থানীয় নেতাদের সঙ্গে চট্টগ্রাম সার্কিট হাউসে বৈঠক করে এ দায়িত্ব দেন। আখতারুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা কাজ শুরু করেছি। বিবদমান কয়েকজন নেতার সঙ্গে আলাদা করে কথা বলেছি। মহিউদ্দিন চৌধুরী ও সাংসদ নুরুল ইসলামের সঙ্গেও কথা হয়েছে। সমঝোতায় পৌঁছানোর চেষ্টা অব্যাহত আছে। আমরা এখনো হাল ছেড়ে দিইনি। দায়িত্বশীল তিন নেতা বসে একটি রূপরেখা তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে দিতে পারব বলে আশা করছি।’ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিবদমান নেতাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। সবার অভিযোগ ও বক্তব্য আমরা শুনছি। সমস্যাগুলো চিহ্নিত করতে আমাদের কাজ চলছে।’ দলীয় সূত্র জানায়, নগর আওয়ামী লীগ দুভাগে বিভক্ত। এক পক্ষে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, অন্য পক্ষে সাংসদ নুরুল ইসলাম ও মন্ত্রী আফছারুল আমীন। মহিউদ্দিনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা এবং নুরুল ইসলাম-আফছারের বিরুদ্ধে সংগঠনের মধ্যে বিভক্তি সৃষ্টির অভিযোগ ওঠে। এ কারণে নগর আওয়ামী লীগের কর্মসূচিগুলো আলাদাভাবে পালন করা হচ্ছে। নেতা-কর্মীরা জানান, আওয়ামী লীগের অনৈক্য সংগঠনকে কার্যত দুর্বল করে ফেলছে। বিশেষ করে আলাদা কর্মসূচি পালনের কারণে তৃণমূল পর্যায়ের নেতারা হতাশ ও ক্ষুব্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরও নগর আওয়ামী লীগের দুপক্ষ এক মঞ্চে আসতে পারেননি। তাঁরা ৭, ১৭ ও ২৬ মার্চ দলীয় কর্মসূচি আলাদাভাবে পালন করেছেন। আখতারুজ্জামান চৌধুরীর সঙ্গে আলাপের বিষয়টি স্বীকার করে সাংসদ নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমিও সমঝোতা চাই। সংগঠনে অনৈক্য থাকলে আমাদের ক্ষতি হবে। তবে দুই পক্ষকে এক জায়গায় আনতে হলে নগর কমিটি ভেঙে দিয়ে একটি আহ্বায়ক (এডহক) কমিটি গঠন করতে হবে। এরপর নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। আমার এই প্রস্তাব বাবু ভাইকে (আখতারুজ্জামান চৌধুরী) বলে দিয়েছি।’ মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক ওরফে দানু প্রথম আলোকে বলেন, ‘আমাদের ভুলত্রুটি থাকলে সংশোধন হতে তো আপত্তি নেই। উনাদের (নুরুল ইসলাম-আফছারুল আমীন) বিরুদ্ধেও আমাদের অনেক অভিযোগ আছে, যা বলে বিভেদ বাড়াতে চাই না। তবে আওয়ামী লীগের শাসনামলের প্রায় অর্ধেক সময় পেরিয়ে গেছে। আড়াই-তিন বছর পর আবার জাতীয় নির্বাচন হবে। নুরুল ইসলাম ও আফছারুল আমীন জনপ্রতিনিধি। আগামীবার নির্বাচন করলে বিভেদ দূর করে তাঁদের অবশ্যই সমঝোতায় আসতে হবে। নইলে তো নির্বাচনে এর নেতিবাচক প্রভাব পড়বে, যা তাঁদের জানা উচিত। সর্বোপরি আমরা সমঝোতার মাধ্যমে সংগঠনকে ঐক্যবদ্ধ করতে চাই।’