বর্ধিত বেতন-ফি কমিয়ে ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশ এ সিদ্ধান্ত মেনে নিয়ে গত বৃহস্পতিবার ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে। তাদের বক্তব্য কর্তৃপক্ষ আগে বেতন-ফি সর্বোচ্চ ৬৮ শতাংশ পর্যন্ত বাড়িয়েছিল। আন্দোলন ও আলোচনার কারণে ফি এখন ১০ শতাংশ বাড়ানো হয়। শিক্ষার্থীদের আরেকটি অংশ নতুন সিদ্ধান্ত মেনে নেয়নি। তবে একাডেমিক কার্যক্রমে যাতে ব্যাঘাত না ঘটে সেজন্য এখনই তারা আন্দোলনে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। গত সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বর্ধিত বেতন-ফিবিরোধী সাধারণ শিক্ষার্থীদের একাংশের সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অনুষদ ভেদে বেতন-ফি গড়ে ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়। আগে এ বেতন-ফি ৪৫-৬৮ শতাংশ বাড়ানো হয়েছিল। বৈঠকে আন্দোলনকারীদের আটজন ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষে পাঁচজন শিক্ষক উপস্থিত ছিলেন। ক্যাম্পাস সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীদের একটি অংশ বেতন-ফি কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কলা ভবনের ঝুপড়ি থেকে মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের কয়েকটি অনুষদ ঘুরে কলা ভবনের সামনে এসে শেষ হয়। মিছিলে থাকা বাদকদলের সঙ্গে তারা নেচে গেয়ে আনন্দ করে।আন্দোলনের সমন্বয়ক তবারক হোসেন প্রথম আলোকে বলেন, ‘এটি যুগান্তকারী সিদ্ধান্ত। বিশ্ববিদ্যালয়ের যেকোনো নৈতিক সিদ্ধান্তের প্রতি সাধারণ শিক্ষার্থী ঐক্য পরিষদের পক্ষ থেকে সমর্থন দেব আমরা।’ তবে আন্দোলনে নেতৃত্ব দানকারী বামপন্থী সংগঠনগুলো প্রশাসনের এ সিদ্ধান্ত মেনে নেয়নি। এ প্রসঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের সভাপতি প্রবাল মজুমদার প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রশাসনের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি। আমরা পূর্বঘোষিত ছয় দফা দাবির পূর্ণ বাস্তবায়ন চাই। যেহেতু বিভিন্ন বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তাই এখন আমরা কোনো ধরনের আন্দোলন কর্মসূূচিতে যাচ্ছি না।’ছয় দফা দাবির অন্যতম দাবি ছিল—বর্ধিত বেতন-ফি সম্পূর্ণ প্রত্যাহার, প্রক্টর ও উপাচার্যের পদত্যাগ, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার, রশিদের মাধ্যমে সব ধরনের ফি গ্রহণ, বিশ্ববিদ্যালয় ছাত্র সুজন কান্তি দের বহিষ্কারাদেশ প্রত্যাহার ইত্যাদি। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় এসব দাবির মধ্যে বর্ধিত বেতন-ফি কমানো, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং সুজন ক্ষমা চাইলে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সালাউদ্দীন জানান, কর্তৃপক্ষ সমঝোতার সিদ্ধান্ত অনেক আগে নিলে বিশ্ববিদ্যালয়ের দুই কোটি টাকার সম্পদের ক্ষতি হতো না। নাম প্রকাশ না করে কয়েকজন শিক্ষার্থী বাড়তি বেতন-ফি না কমানোয় ক্ষোভ প্রকাশ করেন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এ এফ এম ইমাম আলী প্রথম আলোকে বলেন, ‘বেতন-ফি কমানোর সিদ্ধান্তে ছাত্র-শিক্ষক সম্পর্কের একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো। আমি এ সম্পর্ক ধরে রাখার জন্য সবার প্রতি অনুরোধ জানাব।’ এ এফ এম ইমাম আলী বেতন-ফি কমানো নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতা বৈঠকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিনিধিত্ব করেন।প্রসঙ্গত, গত ২৬ জুলাই থেকে শিক্ষার্থীরা বর্ধিত বেতন-ফিবিরোধী আন্দোলন শুরু করেছিলেন। এরপর গত ২ আগস্ট পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়। এ পরিস্থিতিতে পরদিন থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছিল।