সমঝোতায় জয় পেল আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ মুহূর্তে দলের বিদ্রোহ নিরসন করার কারণে বাঁশখালীতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শেখ ফখরুদ্দিন বিপুল ভোটে জয়লাভ করেছেন। এর পাশাপাশি সংখ্যালঘু ভোটাররাও বিএনপির ঘাঁটি খ্যাত বাঁশখালীতে জয়-পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রেখেছেন। এখানে প্রায় সাড়ে ছয় হাজার সংখ্যালঘু ভোটার রয়েছেন। মোট ভোটার ২০ হাজার ৮৬৬ জন।আওয়ামী লীগের প্রার্থী ফখরুদ্দিন ১০ হাজার ৩২১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত কামরুল ইসলাম হোসাইনী পেয়েছেন ছয় হাজার ৪৩০ ভোট। এখানে আক্তার হোসেন নামের আওয়ামী লীগের অন্য এক বিদ্রোহী প্রার্থী থাকলেও শেষ মুহূর্তে গত শনিবার তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর হস্তক্ষেপে আক্তার হোসেন নির্বাচন থেকে সরে দাঁড়ান। আক্তার হোসেন দলের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে আওয়ামী লীগের অপর প্রার্থী ফখরুদ্দিনকে ভোট দেওয়ার আহ্বানও জানিয়েছিলেন। এর পর থেকে বাঁশখালীর পৌর নির্বাচনের হিসাব-নিকাশে পরিবর্তন লক্ষ করা যাচ্ছিল।এর প্রতিফলন ঘটেছে নির্বাচনে। নির্বাচনের আগের দিন ফখরুদ্দিন বলেছিলেন, ‘আক্তার হোসেন আমার পক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণে আমাদের জন্য ভালো হয়েছে।’ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, যদি আক্তার হোসেন নির্বাচন করতেন তাহলে সংখ্যালঘু ভোটারদের ভোট ভাগ হয়ে যেত। এখন সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রগুলোতে একচেটিয়া ভোট পেয়েছে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফখরুদ্দিন। বিএনপি-সমর্থিত প্রার্থী কামরুল ইসলামও সংখ্যালঘুদের ভোট পাবার ব্যাপারে আশাবাদী ছিলেন। তবে শেষপর্যন্ত তিনি এসব কেন্দ্রে আশানুরূপ ভোট পাননি। তাই আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হন। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে বাঁশখালীর পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। এখানে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত। প্রসঙ্গত, বাঁশখালীতে বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী টানা তিনবারের নির্বাচিত সাংসদ। গত উপজেলা নির্বাচনেও বিএনপি দলীয় প্রার্থী এখানে বিজয়ী হন।