সমন্বয়হীন খোঁড়াখুঁড়িতে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন সরকারি সংস্থার একাধিক উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের কাজ চলছে নগরে। এসব কাজ করার জন্য কয়েকটি প্রধান সড়কে চলছে খোঁড়াখুঁড়ি। এ ধরনের কাজে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় থাকা জরুরি হলেও তার অভাব রয়েছে। আর এ জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে বিভিন্ন সংস্থার সেবা গ্রহণকারীসহ সাধারণ নাগরিকদের।নগরের লালখান বাজার হাইওয়ে সোসাইটির বাসিন্দা ব্যবসায়ী হাবিব মোহাম্মদ আবদুর রউফ। গত জুন মাসের শেষ সপ্তাহে তাঁর বাসার দুটি ল্যান্ডফোনের সংযোগই বিচ্ছিন্ন হয়ে যায়। বাংলাদেশ টেলি-কমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কোম্পানি এক্সচেঞ্জে এ বিষয়ে অভিযোগ করার পর তিনি জানতে পারেন সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণ।হাবিব মোহাম্মদ প্রথম আলোকে বলেন, টেলিফোন এক্সচেঞ্জের লোকজন জানান, ওয়াসার পাইপলাইনের সম্প্রসারণের জন্য সড়ক কাটার সময় টেলিফোন লাইনও কাটা পড়েছে। চার দিন বিচ্ছিন্ন থাকার পর একটি সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে। অন্যটি এখনো বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। হাইওয়ে সোসাইটির আরও কয়েকজন বাসিন্দা খোঁড়াখুঁড়ির কারণে তাঁদের ল্যান্ডফোন সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে অভিযোগ করেছেন। তবে এর মধ্যে কয়েকটি সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে।চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও বিটিসিএলের কর্মকর্তারা বলছেন, কোনো প্রকল্পের জন্য সড়ক কাটতে হলে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অনুমতি প্রয়োজন হয়। কিন্তু চসিকের অনুমতি নিয়ে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা অন্য সরকারি সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করে না। সমন্বয়হীনতার কারণেই বিভিন্ন সময় বিটিসিএলের লাইন কেটে যাওয়াসহ বিভিন্ন সমস্যা হয়।বিটিসিএলের নন্দনকানন এক্সচেঞ্জের কর্মকর্তারা জানান, তিন মাস আগে নগরের গণি বেকারি থেকে চকবাজার সড়ক সম্প্রসারণ প্রকল্পের কাজ চলার সময়ও বেশ কিছু টেলিফোন লাইন কাটা পড়ে। এরপর ওয়াসার পাইপলাইন সম্প্রসারণকাজের সময় বায়েজিদ সড়কে এবং চট্টগ্রাম ক্লাবসংলগ্ন অংশে টেলিফোন লাইন কাটা পড়ে। ওয়াসা সূত্র জানায়, প্রায় ৭১০ কোটি ব্যয়ে জাইকার সহযোগিতায় রাঙ্গুনিয়া পানি শোধনাগার থেকে চট্টগ্রাম নগরে পানি সরবরাহ প্রকল্পের কাজ চলছে। এ লক্ষ্যে নগরের চট্টগ্রাম-কাপ্তাই সড়ক, বায়েজিদ বোস্তামি, সিডিএ এভিনিউসহ বিভিন্ন এলাকায় পাইপ লাইন সম্প্রসারণ করা হচ্ছে। আগামী বছরের ডিসেম্বরে এই প্রকল্পের কাজ শেষ হবে।প্রকল্প পরিচালক নজরুল হক প্রথম আলোকে জানান, নির্দিষ্ট দূরত্ব পরপর ট্রায়াল হোল করে ভূগর্ভস্থ বিভিন্ন সংস্থার লাইন দেখে তারপর সড়ক কাটা হয়। তারপরও স্কেভেটর দিয়ে সড়ক কাটার সময় দুয়েক স্থানে লাইন কাটা যেতে পারে।এ বিষয়ে বিটিআরসির বিভাগীয় প্রকৌশলী সুমিত চাকমা জানান, চট্টগ্রামক্লাব এলাকায় ক্যাবল কাটা পড়ার বিষয়টি জানানোর পর ওয়াসা সংযোগ পুনঃস্থাপনে সব রকম সহযোগিতা করেছে। তবে বিভিন্ন সংস্থা শুধু চসিককে জানিয়ে সড়ক কাটা শুরু করে দেওয়ায় মাঝেমধ্যেই সমস্যা দেখা দেয়।