সমন্বয়হীনতায় থমকে আছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষায় শিক্ষা
পার্বত্যচুক্তিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা লাভের অধিকার দেওয়া হয়েছে। তবে চুক্তির দুই দশকেও তা বাস্তবায়িত হয়নি। চার বছর আগে প্রাথমিক স্তরে পাঁচটি নৃগোষ্ঠীর ভাষায় পাঠ্যপুস্তক প্রণয়নের জন্য মাতৃভাষাভিত্তিক বহুভাষী শিক্ষা (এমএলই) বিষয়ক জাতীয় কমিটিও গঠন করে সরকার। তবে এরপরও কোনো নৃগোষ্ঠীর পাঠ্যবই এখনো আলোর মুখ দেখেনি।
সমন্বয়হীনতা, কার্যকরী উদ্যোগের অভাব, আমলাতান্ত্রিক জটিলতা ও আর্থিক সংকটেই থমকে আছে পার্বত্য এলাকায় মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম। পার্বত্য জেলা পরিষদ ও বিভিন্ন উন্নয়ন সংস্থা নিজেদের উদ্যোগে প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরে বিচ্ছিন্নভাবে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রমচালিয়েছে। কিন্তু সমন্বিত পরিকল্পনা ও উদ্যোগ না থাকায় এই কার্যক্রমে সুফল আসেনি। অধিকাংশ প্রকল্প প্রাক-প্রাথমিক স্তরে কয়েক বছর চালু থাকার পর আবার বন্ধও হয়ে গেছে। জাতীয় পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটির সংশ্লিষ্ট সদস্য, উন্নয়ন কর্মী ও গবেষকদের দেওয়া তথ্য বিশ্লেষণ করে এমন চিত্র পাওয়া গেছে।
এমএলই বিষয়ক জাতীয় কমিটির কয়েকজন সদস্য জানান, ২০১২ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড মাতৃভাষাভিত্তিক বহুভাষী শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেয়। একই বছরের ৩১ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সভায় চাকমা, মারমা, গারো, ত্রিপুরা ও সাদরি জাতিগোষ্ঠীর জন্য প্রাথমিক পর্যায়ে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই কার্যক্রম সার্বিকভাবে দেখাশোনার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের (উন্নয়ন) সভাপতিত্বে সংশ্লিষ্ট নৃ-গোষ্ঠীর সদস্য এবং সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিদের নিয়ে এমএলই বিষয়ক জাতীয় কমিটি গঠন করা হয়। একই বছরের ৩ ডিসেম্বর এই কমিটির প্রথম সভায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিশুদের প্রাক-প্রাথমিক পর্যায়ে পাঠ্যপুস্তক নিজ নিজ ভাষায় প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটি সে অনুযায়ী পাঠ্যবই প্রণয়নের কাজ শুরু করে। তবে জটিলতা থাকায় গারো বাদে অন্য চারটি সম্প্রদায়ের মাতৃভাষায় পাঠ্যবই চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযোগ রয়েছে, কমিটির কার্যক্রম গত বছরের মাঝামাঝি থেকে হঠাৎ স্থবির হতে শুরু করে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৌরভ শিকদার গত বুধবার বলেন, ‘ছয় মাস আগে পাঠ্যপুস্তক তৈরির সব কাজ প্রায় শেষ হয়েছে। এখনও কিছু কাজ বাকি আছে। গত ছয় মাসেও মন্ত্রণালয় সেটা করতে পারেনি। এ ক্ষেত্রে সমন্বয়ের সমস্যা আছে। এ ছাড়া সরকারের পক্ষ থেকে অর্থ বরাদ্দ না দেওয়ায় আমরা কাজ করতে পারছি না।’
কমিটির আরেক সদস্য আনন্দ মোহন চাকমা বলেন, ‘আমরা সবগুলো বইয়ের পাণ্ডুলিপি জমা দিয়েছি গত বছরের এপ্রিল মাসে। সরকারের পক্ষ থেকে আমাদের জানানো হয়ে আরেকটি কমিটিকে দিয়ে বইগুলোর ভুল-ত্রুটি চিহ্নিত করা হবে এরপর চূড়ান্ত সম্পাদনার জন্য মূল লেখকের কাছে আবার সেসব পাঠানো হবে। তবে এখনো চূড়ান্ত সম্পাদনার কাজ শেষ হয়নি বলে জানি।’
বেসরকারি উদ্যোগ: পার্বত্যচুক্তি স্বাক্ষরের পর ২০০২-২০০৩ সাল থেকে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন উন্নয়ন সংস্থার অর্থায়নে প্রাক-প্রাথমিক স্তরে শিশুদের মাতৃভাষায় শিক্ষাদানের কার্যক্রম শুরু করে। তবে এসব কাজেও কোনো সমন্বয় ছিল না। খাগড়াছড়ি জেলায় কর্মরত জাবারাং কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ও বহুভাষিক শিক্ষা (এমএলই) গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, এনজিওগুলোর কাজের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে। এ ছাড়া এনজিও পরিচালিত মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম ও শিখন পদ্ধতি সরকার স্বীকৃত নয়।
রাঙামাটির বেসরকারি সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের ‘শিশুর ক্ষমতায়ন প্রকল্পে’-এর পরিচালক ও এমএলই গবেষক সুখেশ্বর চাকমা বলেন, ইউএনডিপিসহ নানা সংস্থার অর্থায়নে তিন পর্বত্য জেলার বিভিন্ন উপজেলায় প্রাক-প্রাথমিকে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়েছে। তবে এসব কার্যক্রম কোনো সামগ্রিক চেহারা পায়নি সরকারি উদ্যোগের অভাবে। এক্ষেত্রে সরকার ও উন্নয়নসহযোগীদের মধ্যে সমন্বয়নের ঘাটতি আছে।
পার্বত্য জেলা পরিষদের উদ্যোগ: পার্বত্যচুক্তিতে তিন পার্বত্য জেলা পরিষদকে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা দেওয়ার অধিকার দেওয়া হয়েছে। খাগড়াছড়ি বাদে দুই পার্বত্য জেলায় পরিষদ এ ক্ষেত্রে কিছু উদ্যোগ নিয়েছে। কিন্তু এই দুই সংস্থা নিজেদের মধ্যে সমন্বয় না রেখে বিচ্ছিন্নভাবে মাতৃভাষায় শিক্ষার কার্যক্রম শুরু করে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুণেন্দু ত্রিপুরা জানান, ২০০৩ সাল থেকে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম শুরু করে। এর অংশ হিসেবে ২০০৩ থেকে ২০০৭ সালে পর্যন্ত রাঙামাটি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে ৪১৫ জন প্রশিক্ষণার্থীকে ‘চাকমা ভাষাশিক্ষা কোর্স’ এ প্রশিক্ষণ দেওয়া হয়। ২০০৫ সালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে রাঙামাটি সদর ও কাউখালী উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকমা ভাষায় শিক্ষাদানের কার্যক্রম শুরু হলেও ২০০৭ সালে সে উদ্যোগ মুখ থুবড়ে পড়ে। অপরদিকে ২০০৭ সালে গণস্বাস্থ্য কেন্দ্রের আর্থিক সহযোগিতায় বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে মারমা, বম ও ম্রো নৃ-গোষ্ঠীর ভাষায় প্রাক প্রাথমিকের বই প্রকাশের উদ্যোগ নিলেও তা এনসিটিবির অনুমোদন না পাওয়ায় চালু করা যায়নি।
এ বিষয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন,‘সব শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বজনীনভাবে মাতৃভাষায় শিক্ষাদানের জন্য আলাদা জনবলের প্রয়োজন। সরকারি অনুমোদন ছাড়া শিক্ষক নিয়োগ সম্ভব নয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মাতৃভাষায় শিক্ষাদানের ব্যবস্থা গ্রহণে আমরা মন্ত্রণালয়কে চাপ দিচ্ছি।’