সমন্বয় কমিটিতে এত নেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির সমন্বয় কমিটিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আরও ৪৬ জন নেতা-কর্মীকে অন্তর্ভুক্ত করা হলো। এ নিয়ে সমন্বয় কমিটির সদস্য সংখ্যা ১০৮ জনে দাঁড়িয়েছে।
দলীয় সূত্রে জানায়, সর্বশেষ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকারের কাছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ সভাপতি ইদ্রিচ মিয়া তাঁর অনুসারী নেতা-কর্মীদের উপজেলা সমন্বয় কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য গত ১৭ ফেব্রুয়ারি একটি চিঠি দেন।
এতে বিলুপ্ত উপজেলা কমিটির সহ সম্পাদক এ কে এম জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রচার সম্পাদক নুরুল হক মেম্বার, অ্যাডভোকেট আবদুর রশিদ দৌলতী, মোহাম্মদ শফিউল আলম চৌধুরী, নাছির উদ্দিনসহ ৪২ জন এবং কবিয়াল ইউসুফ, দুল্লা রহিম সওদাগরসহ পৌরসভা কমিিটর চারজনসহ ৪৬ নেতা-কর্মীর নামের তালিকা দেন।
ইদ্রিচ মিয়া জানান, তাঁর চিঠির প্রেক্ষিতে গোলাম আকবর খন্দকার চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ শাহজাহানকে তালিকা থেকে আন্দোলন সংগ্রামে যারা ছিল তাদের অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্তির অনুরোধ করেন। ১৮ ফেব্রুয়ারি দক্ষিণ জেলা কমিটি তাদের অন্তর্ভুক্ত করে নেয়।
দলীয় সূত্রে জানায়, ১৩ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত এক সভায় মেয়াদ উত্তীর্ণ পটিয়া উপজেলা কমিটিসহ চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌরসভা কমিটি বিলুপ্ত ঘোষণা করে উপজেলা ও পৌরসভার সমন্বয় কমিটি গঠন করা হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে কমিটি বিলুপ্তির চিঠিটি আসে ১৪ ফেব্রুয়ারি।
এরপর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে কমিটি গঠনের জন্য ৩১ জনের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। পরের দিন ১৫ ফেব্রুয়ারি আরও একটি চিঠি পাওয়ার পর আরও ৩১ অন্তর্ভুক্ত করা হয়। ইদ্রিচ মিয়ার চিঠির পর তৃতীয় দফায় আরও ৪৬ জনকে অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে সমন্বয় কমিটির সদস্য সংখ্যা দাঁড়িয়েছে সর্বমোট ১০৮জনে।
এ প্রসঙ্গে বিলুপ্ত উপজেলা কমিটির সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘এত নেতা-কর্মী দিয়ে সমন্বয় কমিটি হতে পারে না। তা হলে সমন্বয় করবে কে?’