সমবায় প্রতিষ্ঠানে টাকা রেখে মাথায় হাত
সমবায়ের আড়ালে ব্যাংকিং কায়দায় আমানত সংগ্রহ করে গ্রাহকদের প্রায় অর্ধকোটি টাকা নিয়ে পালিয়েছে ন্যাশনাল মাল্টিপারপাস কো-অপারেটিভ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। এ কারণে পথে বসার উপক্রম হয়েছে গ্রাহকদের। শুধু আমানতকারীদের টাকা নয়, নিজেদের কার্যালয়ের বকেয়া ভাড়াও পরিশোধ করেনি কোম্পানিটি। এ জন্য প্রতিষ্ঠানটির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে বাড়ির মালিক।প্রতিষ্ঠানটির মালিক রাউজান উপজেলার বাসিন্দা আবু মাসুদ ওরফে আজাদ। এ ছাড়া পরিচালক হিসেবে আছেন মো. নাছির উদ্দিন নামে আরেকজন। গ্রাহকেরা এখন তাঁদের হন্যে হয়ে খুঁজছেন। কিন্তু তাঁরা ফোন ধরছেন না। প্রতিষ্ঠানটির পরিচালকদের বিরুদ্ধে সাধারণ ডায়েরিও করা হয়েছে গ্রাহকদের পক্ষ থেকে। প্রথম আলো থেকে একাধিকবার ফোন করা হলেও তাঁরা ফোন ধরেননি।গ্রাহকেরা অভিযোগ করেছেন, প্রতি মাসে লাখে তিন হাজার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ন্যাশনাল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি আমানত সংগ্রহ করতে থাকে। তাদের এই ফাঁদে পা দিয়েছেন শত শত গ্রাহক। নগরের জুবিলি রোডের কাদের প্লাজায় প্রতিষ্ঠানটির কার্যালয়। প্রায় আট বছর ধরে এখানে বসে আমানত সংগ্রহ করা হয়। প্রথম দিকে গ্রাহকদের সুদ ও আসল দেওয়া হলেও ধীরে ধীরে প্রতারণা শুরু করে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ।তেমনি একজন প্রতারিত গ্রাহক পরিতোষ দাশগুপ্ত। ২০০৯ সালে তিন লাখ টাকা জমা রাখার পর তিনি সামান্য কিছু টাকা পেলেও পরবর্তীকালে তাও বন্ধ হয়ে যায়। বর্তমানে তাঁর পাওনা দাঁড়িয়েছে চার লাখ ৬০ হাজার টাকায়। পরিতোষ দাশগুপ্ত বলেন, ‘আমার দীর্ঘদিনের সঞ্চয়ের টাকা এই কোম্পানিতে জমা রেখেছিলাম। তারা ৩৬ শতাংশ সুদে আমাকে লাভ দেওয়ার কথা। কিন্তু কয়েক মাস দেওয়ার পর আর দেয়নি। একইভাবে অনেকের সঙ্গে এ ধরনের প্রতারণা তারা করেছে।’এ ব্যাপারে পরিতোষ দাশগুপ্ত থানায় দুটি সাধারণ ডায়েরিও করেছেন। এ ছাড়া গ্রাহকেরা লিখিতভাবে সমবায় অধিদপ্তরকে জানিয়েছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে কোতোয়ালি থানা সমবায় কর্মকর্তা মো. আনিসুল ইসলাম বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। এটা তদন্ত করে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’এ প্রসঙ্গে জেলা সমবায় কর্মকর্তা রিয়াজুল কবীর বলেন, ‘কিছু কিছু প্রতিষ্ঠান এ ধরনের টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায়। গ্রাহকেরা যদি একটু আগেভাগে বিষয়টা আঁচ করে আমাদের অবহিত করেন, তাহলে ভালো হয়। এ ধরনের প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করা হবে।’জানা গেছে, এই প্রতিষ্ঠানে টাকা জমা দিয়ে মাথায় হাত পড়েছে আরও বহু গ্রাহকের। গ্রাহক মো. শামসুদ্দিন জানান, চার লাখ টাকা তিনি আমানত রেখেছিলেন। এখন পুরো টাকাই খুইয়েছেন। একইভাবে গ্রাহক আবদুল হক এক লাখ ৫৭ হাজার টাকা, পরিমল শীল এক লাখ, জহুর আলম এক লাখ, গোপাল দত্ত দুই লাখ, নজরুল ইসলাম দুই লাখ টাকা জমা রেখেছিলেন ন্যাশনাল মাল্টিপারপাস কো-অপারেটিভে।