বিশাল এক কোরাস দল, এক শ জন গায়ক তাতে, সমবেত কণ্ঠে গাইছিল মনোহর এক গান। : কোনো কলি ভুলে গেলেই সর্বনাশ!—ভাবছিল প্রথম জন।: কনসার্টটা আজ শেষই হতে চাচ্ছে না! বাড়ি যেতে নির্ঘাত দেরি হবে আর বউ শুরু করে দেবে ক্যাচাল।—ভাবছিল দ্বিতীয়জন।: কনসার্ট শেষে দোকান খোলা পাওয়া যাবে তো? রুটি, মাংস, আলু কিনতে হবে।—ভাবছিল তৃতীয়জন।: গতকাল আসলেই বেশি হয়েছিল মদ গেলা!—ভাবছিল চতুর্থজন।: এই রদ্দিমার্কা গান শুনতে দর্শকদের ভালো লাগছে!—ভাবছিল পঞ্চমজন। : উইংসের ঠিক ওপাশেই চমত্কার একটা জিনিস পড়ে থাকতে দেখেছি। আমার আগেই কেউ মেরে না দিলেই হয়!—ভাবছিল ষষ্ঠজন।: যে যা-ই বলুক, হারামজাদাটাকে একটা শিক্ষা দেওয়ার ব্যবস্থা না করলেই নয়!—ভাবছিল সপ্তমজন। : কী অসাধারণ পদযুগল মেয়েটির! বসেছেও প্রথম সারিতে। কখন যে পায়ের ওপর পা তুলে বসবে!—ভাবছিল অষ্টমজন। : বাসায় গিয়েই বাথটাব! নীরবতা! ঠান্ডা বিয়ার!—ভাবছিল নবমজন। : শয়তান ডিরেক্টরটা আবার আমাদের ঠকাল!—ভাবছিল দশমজন। : বাসার অতিথিরা যে কবে যাবে! মাথা খারাপ করে দিল একেবারে!—ভাবছিল কুড়িতম জন।: আমার বাগানে এসে তোমার ছাগল গাছ খেয়ে যাবে? দাঁড়াও, মজা দেখাচ্ছি!—ভাবছিল তিরিশতম জন।: দাঁতের ব্যথা শুরু হলো আবার!—ভাবছিল চল্লিশতম জন।: নতুন প্যান্ট কিনতে হবে অচিরেই। এই প্যান্টে আর কত দিন?—ভাবছিল পঞ্চাশতম জন। : কী ভ্যাপসা! বাপ রে বাপ! কার পোশাক থেকে আবার ন্যাপথলিনের গন্ধও আসছে!—ভাবছিল ষাটতম জন। : তালে ভুল করলে কলঙ্কের সীমা থাকবে না!—ভাবছিল সত্তরতম জন। : মিউজিক কন্ডাকটরটা আস্ত এক গবেট!—ভাবছিল আশিতম জন। : কার কাছে যে দশটা রুবল ধার চাই!—ভাবছিল নব্বইতম জন। : বিরক্তির শেষ নেই!—ভাবছিল শততম জন। বিশাল এক কোরাস দল, এক শ জন গায়ক তাতে, সমবেত কণ্ঠে গাইছিল মনোহর এক দেশাত্মবোধক গান।