সমবেদনার ভাষা নেই
মঙ্গলবার, বেলা ১২টা। মিরসরাই আবুতোরাব বহুমুখী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে তিল ধারণের ঠাঁই নেই। সর্বত্র শোকাহত মানুষের ভিড়। আশপাশের বিভিন্ন গ্রাম থেকে আসা মানুষ, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরাও ছিলেন সেখানে। মাঠের একপাশে স্থাপিত মাইকে বিরামহীনভাবে ঘোষিত হচ্ছিল ঘটনাস্থল পরিদর্শনে আসা প্রশাসনের কর্মকর্তাদের নাম। সবাই এসেছেন সান্ত্বনা ও সমবেদনা জানাতে। কিন্তু কোনো সান্ত্বনাই কী হালকা করতে পারবে এই দুঃসহ শোকের বোঝাকে!বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেককে দেখা গেল সর্বক্ষণ এখানে ওখানে ছোটাছুটি করতে। সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে কথার ফাঁকে ফাঁকে নিহতদের সম্পর্কে বিভিন্ন তথ্য জোগাতে হচ্ছিল তাঁকে। এত ব্যস্ততার মধ্যে শোক করার অবকাশ কোথায়? দেখা হতেই বাষ্পরূদ্ধ কণ্ঠে বললেন, ‘আমাকে এও দেখতে হলো। নিজের প্রিয় ছাত্রদের এভাবে বিদায় জানাব তা কখনো ভাবিনি। কোনো শিক্ষকের জন্য এর চেয়ে মর্মান্তিক আর কী হতে পারে। এই স্কুলে আর স্বাভাবিকভাবে কাজ করতে পারব কি না জানি না।’বিদ্যালয়ের শিক্ষক রবিউল হাসান বলেন, ‘যে কয়জন শিক্ষার্থী মারা গেছে, তাদের সবাই ছিল খুবই মেধাবী। ক্লাসরুমে গিয়ে এখন আর সে মুখগুলো দেখব না, এটা ভাবতে পারছি না।’ কান্না চাপতে গিয়ে থামতে হলো তাঁকে। চোখ মুছতে মুছতে ইশারায় জানালেন আর কিছু বলা সম্ভব নয় তাঁর পক্ষে।আবুতোরাব বাজারের চির চেনা চেহারা এখন আর নেই। দুই দিনের মধ্যে এই এলাকায় তিনজন মন্ত্রীর পা পড়েছে। এ রকম প্রান্তিক এলাকার জন্য নিঃসন্দেহে এটি বিরল ঘটনা। কিন্তু তাঁরা তো এসেছেন এ এলাকায় ঘটে যাওয়া স্মরণকালের সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হতে। বিদ্যালয়সংলগ্ন বাজারেও দেশের নানা প্রান্ত থেকে আসা সংবাদকর্মী ও প্রশাসনের লোকজনের ভিড়। সেখানে ছোট একটি চা-দোকানের বেশ বড়সড় জটলা। গরম চা, চিড়া-কলা বিক্রি হচ্ছিল। বিক্রেতা মো. মুকবুল হোসেন জানান, ‘দূর-দূরান্ত থেকে লোকজন আসায় বিক্রি কয়েক গুণ বেড়ে গেছে। কিন্তু তারপরও মনের বিরুদ্ধে কাজ করছি। অতিথিরা না এলে দোকান খুলতাম না।’ বিকেল হতে না হতেই ভিড় পাতলা হতে শুরু করে। যে যার নিজস্ব গন্তব্যে ফিরছিল। আবুতোরাব বিদ্যালয়ের অদূরে সৈদালি রাস্তায় এসে সবাই একটু থমকে দাঁড়াচ্ছিলেন। ছাত্রদের বহনকারী মিনি ট্রাকটি এখানেই রাস্তার পাশের ডোবায় পড়েছিল। ডোবার ঘোলা জলে কচুরিপানার সঙ্গে তখনো ভাসছিল নিহত কিশোরদের স্যান্ডেল। যেন একটু আগেই এখানে খেলতে এসে ওরা নিজেদের স্যান্ডেলগুলো ফেলে গেছে। শোকের এই চিহ্ন মুছে দিতেই যেন সৈদালির রাস্তায় তখন গাঢ় রাত নামে।