ধানমন্ডির ২ নম্বর সড়কের বিলাসবহুল ফ্ল্যাট ‘রজনীগন্ধা’র বাসিন্দা দিলরুবা বেগম খুব টেনশনে আছেন আজ। এখন বাজে রাত সাড়ে আটটা। আর আধা ঘণ্টা পরই স্টার প্লাসের সিরিয়ালটা শুরু হবে। সময় যত এগোচ্ছে বুক ধুক্ধুক্ করছে দিলরুবা বেগমের। কী যে হবে আজ! নায়ক বাঁচবে তো? তাহলে নায়িকার কী হবে? ভিলেনের কূটচালই কি শেষ পর্যন্ত বিজয়ী হবে? গত সপ্তাহের পর্বগুলোর কাহিনি এ রকম—ভিলেন ধাক্কা দিয়ে নায়ককে ফেলে দিয়েছে পাহাড় থেকে। নিচে গভীর খাদ। নায়ককে প্রথমে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সুখের খবর এই যে, নায়ককে গত পর্বে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মরণাপন্ন অবস্থা। নতুন পর্ব শুরু হয়েছে। দিলরুবা বেগম টেনশনে ঘেমে অস্থির হয়ে গেছেন। এসির স্পিডটা একটু বাড়িয়ে দিলেন। নায়ককে রাস্তার এক পাশে ফেলে রাখা হয়েছে। পাশে নায়িকা বুকফাটা আর্তনাদ করছে একটু সাহায্যের আশায়। একটার পর একটা গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে। কিন্তু কেউ এগিয়ে আসছে না। মানুষ দেখেও না দেখার ভান করছে। দিলরুবা বেগম কেঁদে ফেললেন। ছিঃ, মানুষ এত অমানবিক হয়? মানুষের মন থেকে কি দয়া-মায়া সব উঠে গেছে? কেউ ওকে হাসপাতালে নিচ্ছে না কেন? একটা মানুষ মরে যাবে আর সবাই তাকিয়ে তা দেখবে? দিলরুবা বেগমের মনে হচ্ছে এখনই ছুটে গিয়ে তার গাড়িটা বের করে নায়ককে তুলে নিয়ে যদি হাসপাতালে রেখে আসতে পারতেন!শেষ পর্যন্ত অবশ্য একজন গাড়ি থামাল। আহত নায়ককে নামিয়ে দিল কোনো একটি হসপিটালে। এখানেই শেষ হলো আজকের পর্ব। দিলরুবা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বুকের ধুক্ধুক্ ভাবটাও কমল। যাক নায়ককে অন্তত হাসপাতাল পর্যন্ত তো পৌঁছানো গেছে। ফ্ল্যাটের ইন্টারকমটা বাজছে। দিলরুবা বেগম মহা বিরক্ত হলেন। এত রাতে আবার কে? ম্যাডাম, আমি ফুলবানু। ওপাশ থেকে চিৎকার করে কান্নার আওয়াজ এল। দিলরুবা বেগমের কাজের মেয়ে ফুলবানু। সারা দিন কাজ করে সন্ধ্যার পর চলে যায়। থাকে পাশের বস্তিতে। কী ব্যাপার, তাড়াতাড়ি বল। বিরক্ত স্বরে বললেন, দিলরুবা বেগম। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে ফুলবানু। ম্যাডাম, ‘সন্ধ্যায় বাসায় যাইয়া দেখি আমার ছোট মাইয়াটার খুব জ্বর। খালি বমি করতাছে। কিছুক্ষণ আগে জ্ঞান হারাইয়া পইড়া গেছে। ডাক্তার বলছে এখনই হাসপাতালে নিতে হইব। ম্যাডাম, যদি কিছু টাকা ধার দিতেন।’ মেজাজ খারাপ হয়ে গেল দিলরুবা বেগমের। সামান্য জ্বর, তাই নিয়ে এত চেঁচামেচির কী আছে? এসব ছোট লোকেরা নানা ধান্দায় থাকে। এদের লাই দিলেই মুশকিল। মাথায় চেপে বসবে। আমি খুব ব্যস্ত বলে রিসিভারটা নামিয়ে রাখলেন দিলরুবা বেগম। গত সপ্তাহে ভালো করে ঘুমাতে পারেননি। তার প্রিয় নায়কের ভাগ্যে কী ঘটবে, তা নিয়ে টেনশনে থাকতেন সব সময়। আজকের পর্বটা দেখার পর টেনশনটা কমেছে। যাক, নায়ক তো বেঁচে আছে। আজকের ঘুমটা দিলরুবা বেগমের ভালোই হবে।গিয়াস উদ্দিন আনসারীনওগাঁ।