সমরজিতের গানে বুঁদ দর্শক-শ্রোতা
শিল্পী ভূপেন হাজারিকা, জগজিৎ সিং, মৃণাল চক্রবর্তী ও পিন্টু ভট্টাচার্য—এই চার স্মরণীয়-বরণীয় শিল্পীর স্মরণে এক সংগীতানুষ্ঠান থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ১৯ ডিসেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। আনন্দ সাংস্কৃতিক অঙ্গন আয়োজিত এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী সমরজিৎ রায়।মৃণাল চক্রবর্তীর ‘কেন জানি না যে শুধু তোমার কথাই’ গানটি দিয়েই পরিবেশনা শুরু করেন সমরজিৎ। এরপর একে একে গেয়ে শোনান ‘ভুলে থাকার কথা ছিল তোমারি’, ‘কথা দাও ভুলবে না গো’, ‘ঠুং ঠাং ঠুং ঠাং চুড়ির তালে’, ‘এত ফাল্গুনী রং ঝরে’। মৃণাল চক্রবর্তীর গানের পর শিল্পী পিন্টু ভট্টাচার্যের ‘ভুল ভেঙে গেলে কাছে আসবেই’, ‘শেষ দেখা সেই রাতে’, ‘এক তাজমহল গড়ো’; ভূপেন হাজারিকার ‘বিমূর্ত এই রাত্রি আমার’, ‘মেঘ থমথম করে’, ‘দাঁতে কাইটো না ঠোঁট’, ‘আজ জীবন খুঁজে পাবি’, ‘গঙ্গা আমার মা’ গেয়ে আসর মাতিয়ে তুললেন। জগজিৎ সিংয়ের ‘বেদনা মধুর হয়ে যায়’, ‘বুঝিনি তো আমি’, ‘বেশি কিছু আশা করা ভুল’, ‘তুম কো দেখা তো’ এবং ‘হোঁটোসে ছুঁ লো তুম’-এর মধ্য দিয়ে তিনি আসর শেষ করতে চেয়েও পারেননি। বুঁদ হয়ে যাওয়া দর্শক-শ্রোতার অনুরোধে তিনি গেয়ে শোনালেন শিল্পী মান্না দের ‘ও চাঁদ সামলে রাখো জোছনাকে’ গানটি। মোট ১৯টি গান পরিবেশন করেন সমরজিৎ। উপস্থিত দর্শক-শ্রোতারা জানিয়েছেন, মূল শিল্পীদের চেয়ে কোনো অংশে খারাপ করেননি সমরজিৎ। সব মিলিয়ে সমরজিৎ এক মনমাতানো সন্ধ্যা উপহার দিলেন সংগীতপ্রেমীদের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিটন মিত্র। উল্লেখ্য, ২০১০ সালে ভারত থেকে প্রকাশিত হয় সমরজিৎ রায়ের একক অ্যালবাম তেরা তসব্বুর। এটি গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক অ্যাওয়ার্ড ২০১১-এর সেরা জনপ্রিয় মিউজিক অ্যালবাম বিভাগে মনোনয়ন পায়।ড্রিমজের ‘এক কাপ চা’চট্টগ্রামের কিছু স্বপ্নপাগল তরুণ নিয়ে ১৯৯৬ সালে ব্যান্ড দল ড্রিমজের যাত্রা শুরু। অনেক বাধাবিপত্তি পেরিয়ে দলটি এগিয়ে চলেছে দর্শক-শ্রোতাদের ভালোবাসায়। সফ্ট রক, হার্ড রক, ফোক ও ফিউশন ট্রেকই বেশি পছন্দ ড্রিমজের শিল্পীদের। গত ঈদে বেরিয়েছে ড্রিমজের প্রথম অ্যালবাম এক কাপ চা। কল্পনা’, ‘একটা পাখি’, ‘শৈশব’, ‘দূর সীমান্ত’, ‘এক কাপ চা’, ‘শুধু তুমি একজন’, ‘কেউ নেই’, ‘মাঝ রাতে’, ‘বুঝলে না’ ও ‘নিঃসঙ্গ পথিক’—অ্যালবামের এ গানগুলো জনপ্রিয়তা পায়। অ্যালবামটি প্রযোজনা করে ঢাকার সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা। দ্বিতীয় অ্যালবামের কাজ চলছে। বর্তমানে এই ব্যান্ডের সদস্যরা হলেন—শিমুল, মিরাজ, টিপু, রুমেন, মৃদুল ও নয়ন। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন গিটারিস্ট জিয়াউদ্দিন খান।