দিল্লির গন্ধর্ব মহাবিদ্যালয় থেকে সংগীতে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে সেখানেই শিক্ষিক হিসেবে যোগ দিয়েছেন চট্টগ্রামের ছেলে সমরজিৎ। পণ্ডিত মধুপ মুদগাল ও অজয় চক্রবর্তীর মতো উপমহাদেশের বরেণ্য সংগীতজ্ঞের কাছে গান শেখার সৌভাগ্যও হয়েছে তাঁর। খোদ অনুপ জালোটা গান গেয়েছেন সমরজিতের সুরে। এত সব তথ্য জানার পর বড় একটা প্রত্যাশা তৈরি হয়। সেই প্রত্যাশা নিয়েই ২০ জুন সন্ধ্যায় হাজির হয়েছিলাম থিয়েটার ইনস্টিটিউট, চিটাগাং (টিআইসি) মিলনায়তনে। নিঃসংশয়ে বলি, সেই প্রত্যাশা পূরণ হয়েছে। সেকালের গান শিরোনামে বাংলা গানের স্বর্ণযুগের কিছু গান নিয়ে এই আসরে সমরজিতের চমৎকার গায়কী, সুরের ওপর অসাধারণ দখল—সর্বোপরি মূল শিল্পীদের সুর ও বাণী অবিকৃত রেখেও নিজস্ব ভঙ্গিতে উপস্থাপনার ক্ষমতা দর্শকদের মুগ্ধ করেছে। সব মিলিয়ে ২০টি গান গেয়েছেন সমরজিৎ। মান্না, মানবেন্দ্র, হেমন্ত, অখিলবন্ধু, পিন্টু থেকে শুরু করে নিয়াজ মোহাম্মদ পর্যন্ত আধুনিক বাংলা গানের সেরা শিল্পীদের বহুশ্রুত গানগুলো তাঁর কণ্ঠে যথার্থ মর্যাদা পেয়েছে। এ ছাড়া নিজের অ্যালবাম থেকে নিজেরই সুরের দুটি গান গেয়েছেন তিনি। এই দুটি গানের মেলোডিতে পাই চিরকালের বাংলা গানেরই ধারাবাহিকতা।‘আমি এত যে তোমায় ভালোবেসেছি’, ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’, ‘আমি যে জলসাঘরে’, ‘আকাশপানে চেয়ে চেয়ে’, ‘ও চাঁদ সামলে রাখো’, ‘আমার ভালোবাসার রাজপ্রাসাদে’ প্রভৃতি রাগাশ্রয়ী গানের অনায়াস পরিবেশনা সমরজিতের দীর্ঘ ধ্রুপদসংগীতচর্চার বিষয়টি মনে করিয়ে দেয়। কিছু কিছু গানে লিটন মিত্রের তবলা দারুণ সাহচর্য দিয়েছে, বিশেষত ‘তারে বলে দিও’, ‘পৌষের কাছাকাছি’ গান দুটিতে। এই নগরের মানুষ ভালো গান শোনার জন্য চাতক হয়ে আছে, আষাঢ়ের বর্ষণস্নাত একটি সন্ধ্যায় তাদের তৃষ্ণা মেটানোর এই আয়োজনের জন্য আনন্দ সাংস্কৃতিক অঙ্গনকে ধন্যবাদ জানাতেই হয়।