সমরজিতের জয়যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ে পড়ার সময়ই শিল্পী হিসেবে নাম ছড়িয়ে পড়ে ছেলেটির। উপজেলা শহরের প্রায় প্রতিটি অনুষ্ঠানে ডাক পড়ত খুদে সেই শিল্পীর। সেই ছেলেটি গানের জন্য চলে গেলেন ভারতে, দারুণ সাফল্য অর্জন করলেন। সর্বভারতীয় গন্ধর্ব মহাবিদ্যালয়ের সংগীতবিশারদের (বি মিউজিক) চূড়ান্ত পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হলেন। ভারতের রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে এখন তাঁর সরব উপস্থিতি। ছেলেটির নাম সমরজিত্ রায়। সম্প্রতি উপমহাদেশের প্রখ্যাত শিল্পী অনুপ জলোটার সঙ্গে আধুনিক বাংলা গানের দ্বৈত অ্যালবাম অচেনা একটা দিন বাজারে এসেছে এটিএন মিউজিকের ব্যানারে। সমরজিতের গাওয়া তিনটি গানের সুর করেছেন রকেট মণ্ডল। অনুপ জলোটার তিনটিসহ বাকি গানগুলোর সুর করেছেন সমরজিত। গান লিখেছেন বটকৃষ্ণ দেসহ এপার-ওপার বাংলার খ্যাতিমান গীতিকারেরা। সমরজিত প্লেব্যাক করেছেন একটি মৈথিলি ছবিতেও। শিগগিরই মুক্তি পাচ্ছে তাঁর হিন্দি গানের একটি অ্যালবাম। সমরজিতের বাড়ি চকরিয়ায়। বাবা নেপাল চন্দ্র রায় অবসরপ্রাপ্ত শিক্ষক। মা রত্না রায় গৃহিণী। গানের ভুবনে আসার গল্প বলেন সমরজিত। ‘এসএসসি পাস করার পর কলেজে পড়ার জন্য কক্সবাজারের চকরিয়া থেকে চট্টগ্রাম শহরে চলে আসি। পড়াশোনার পাশাপাশি তালিম নিই শাস্ত্রীয়সংগীতে, ভর্তি হই আর্য সংগীতে। আমার প্রথম গুরু নির্মলেন্দু চৌধুরী। এরপর সারদা প্রসন্ন আচার্য।’ তালিম নিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছেও। বর্তমানে তিনি গন্ধর্ব মহাবিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত।সমরজিত জানান, ‘বটকৃষ্ণ দের গান গেয়েছেন মান্না দে, গীতা দত্ত ও সন্ধ্যা মুখার্জীসহ অনেক বিখ্যাত শিল্পী। তিনি আমার জন্য গান লিখেছেন, এটা আমার জীবনের বড় পাওয়া।’