ইন্দোনেশিয়া ৩০ কোটি ডলার ব্যয়ে রাশিয়ার কাছ থেকে ছয়টি যুদ্ধবিমান কিনেছে। থাইল্যান্ড ইউক্রেনের কাছ থেকে কিনেছে ৯৬টি সেনা পরিবহন বিমান। দাম সাড়ে ১২ কোটি ডলার। এ ছাড়া দেশটি ছয়টি সুইডিশ যুদ্ধবিমান ও অন্য আরও দুটি বিমানের ফরমায়েশ দিয়েছে। এতে ব্যয় হবে ৫৭ কোটি ৪০ লাখ ডলার। বসে নেই মালয়েশিয়াও। তারাও সম্প্রতি ২০০ কোটি ডলারের যুদ্ধবিমান কিনেছে।সব মিলিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ায় স্পর্শকাতর সমরাস্ত্র কেনার হিড়িক চলছে। এর সম্ভাব্য কারণ দুটি। প্রথমত, এ অঞ্চলের দেশগুলোর মধ্যে ভেতরে ভেতরে যুদ্ধভাব বিরাজ করছে। দ্বিতীয়ত, পরাশক্তি চীনকে এ অঞ্চলের অন্যদেশগুলো ভয় পায়। দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে সমরাস্ত্রের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। ২০০০-২০০৪ সালে এবং ২০০৫-২০০৯ সালে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার অস্ত্র কেনার হার যথাক্রমে ৮৪, ১৪৬ ও ৭২২ শতাংশ বেড়েছে। স্টকহোমের ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) এ তথ্য দিয়েছে। এসব অস্ত্রের মধ্যে রয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও ডুবোজাহাজ। পরিস্থিতি বিবেচনা করে এসআইপিআরআইয়ের এশিয়াবিষয়ক বিশেষজ্ঞ সাইমন ওয়েজমেন হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, পাল্লা দিয়ে সমরাস্ত্র সংগ্রহের পরিণাম ভালো নাও হতে পারে। এর জেরে গোটা অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়তে পারে। এসআইপিআরআইয়ের তালিকা অনুযায়ী, ভিয়েতনাম যুদ্ধের পর থেকে এ পর্যন্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সমরাস্ত্র কেনায় সিঙ্গাপুর শীর্ষ ১০ দেশের মধ্যে প্রথম। দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভেতরে ভেতরে এখন ঠান্ডা লড়াই চলছে। অন্তত ছয়টি দেশ ওই বিতর্কিত এলাকার নিয়ন্ত্রণ চায়। অন্যতম কারণ, ওই এলাকাটি গুরুত্বপূর্ণ নৌপথের অংশ এবং তেল ও খনিজসম্পদে সমৃদ্ধ। দক্ষিণ চীন সাগরের দখল নিয়ে অতীতে বিভিন্ন নৌশক্তির মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে।চীনের বিরোধিতায় কোনো রাখঢাক করছে না ভিয়েতনাম। তারা গত ডিসেম্বরে রাশিয়ার কাছে ২০০ কোটি ডলার দামের ছয়টি সাবমেরিনের ফরমায়েশ দেয়। এ ছাড়া দুই মাস পর ১২টি রুশ জঙ্গিবিমান কিনতে আরও ১০০ কোটি ডলারের চুক্তি করে তারা।চীনকে নিয়ে মালয়েশিয়া তার উদ্বেগ তেমন একটা প্রকাশ করে না। তবে বোর্নিও দ্বীপে দেশটির সাবমেরিন ঘাঁটি করার সিদ্ধান্ত থেকে বিষয়টা স্পষ্ট হয়ে ওঠে। দক্ষিণ-পূর্ব এশিয়ার অপেক্ষাকৃত কম শক্তিধর দেশগুলোর কাছে চীন রীতিমতো হুমকি। এ সুযোগে লাভবান হচ্ছে অস্ত্রনির্মাতারা। গত মাসে ভিয়েতনামের সঙ্গে একসময়ের শত্রুদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিকীকরণের পঞ্চদশ বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মার্কিন রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন ভিয়েতনামের জলসীমায় আনা হয়। বলা হচ্ছে, ওই রণতরীর উপস্থিতি দুটো ইঙ্গিত দেয়। প্রথমত, অতীত এখন অতীত, যুক্তরাষ্ট্র এখন ভিয়েতনামের পাশে আছে। দ্বিতীয়ত, চীনকে কৌশলে বুঝিয়ে দেওয়া, যুক্তরাষ্ট্র এখনই এলাকা ছাড়ছে না।বিশেষজ্ঞরা বলছেন, সমরাস্ত্র কেনার এই ধুম শুধু যে চীনের ভয়ে তা নয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর পারস্পরিক অবিশ্বাসও এ জন্য দায়ী। মিয়ানমার ও কম্বোডিয়ার সঙ্গে থাইল্যান্ডের সম্পর্ক ভালো নয়। আবার সমুদ্রসীমা নিয়ে বিরোধ থেকে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার নৌসেনাদের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়। এ অঞ্চলের দেশগুলো অন্য একটি কারণেও অস্ত্র কেনে। দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে সামরিক বাহিনী নানাভাবে রাজনৈতিক ক্ষমতা কব্জা করেছে। তারা ক্ষমতা পেয়ে অস্ত্র কেনার মহোৎসব করবে, তা খুব অপ্রত্যাশিত নয়। মিয়ানমারে মোট জাতীয় আয়ের এক-তৃতীয়াংশ খরচ করা হয় প্রতিরক্ষা খাতে। জেনারেলদের খুশি রাখতে বেসামরিক সরকারও কারণে-অকারণে অস্ত্র কেনে। থাইল্যান্ডে ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকার উৎখাতের পর থেকে সে দেশে প্রতিরক্ষা ব্যয় প্রায় দ্বিগুণ করা হয়েছে। সূত্র টাইম ও ফরেন অ্যাফেয়ার্স