সমস্যা তৈরি করাই তাঁদের কাজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে শিক্ষার্থীদের মধ্যে বিশেষ করে কম্পিউটার বিজ্ঞান নিয়ে যাঁরা পড়ছেন তাঁদের কাছে কম্পিউটার প্রোগ্রামিং ব্যাপারটি বেশ জনপ্রিয়। দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক বা অনলাইন জগতের প্রোগ্রামিংয়ে বাংলাদেশের সাফল্যও কম নয়। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলের শিক্ষার্থীদের অনেকেরই ধ্যানজ্ঞান এই প্রোগ্রামিং। অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারির (এসিএম) আয়োজনে প্রতিবছর অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইসিপিসি)। এর চূড়ান্ত পর্বে প্রতিবারই অংশ নেয় বাংলাদেশ। আর ঢাকায় নিয়মিতভাবেই হয় এর বাছাই পর্ব। সময়ের বদলেএখন আমাদের দেশের প্রোগ্রামাররা শুধু প্রোগ্রামিং সমস্যার সমাধানই করেন এমন নয়।বরং সমস্যা বা প্রশ্নও তৈরি করছেন বিশ্বের বাঘা বাঘা প্রোগ্রামারদের সঙ্গে পাল্লা দিয়ে।দেশ সেরা প্রোগ্রামাররাদেশে প্রোগ্রামিং প্রতিযোগিতার শুরু থেকে জড়িত আছেন শাহরিয়ার মঞ্জুর। ২০০০ সাল থেকে প্রোগ্রামিং সমস্যা সমাধানের কাজটি শুরু। তার পর থেকেই প্রোগ্রামিং নিয়ে আছেন তিনি। ২০০৩ সাল থেকে প্রতিবছর এসিএম আইসিপিসির চূড়ান্ত পর্যায়ে একজন বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তবে শুধু এসিএম আইসিপিসি নয়, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতার জন্য তিনি প্রায় নিয়মিতভাবেই সমস্যা তৈরি করছেন। তাঁর উদ্যোগেই স্পেনের ভ্যালাদলিদ বিশ্ববিদ্যালয় পরিচালিত অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতার সাইটে (http://online-judge.uva.es) নিয়মিত প্রোগ্রামিং প্রতিযোগিতা আয়োজনের চর্চা শুরু হয়। দীর্ঘদিন ধরে অসংখ্য ভালো সমস্যা তৈরি করে কেবল বাংলাদেশেই নয়, সারা বিশ্বের প্রোগ্রামারদের কাছে দারুণ জনপ্রিয় এই তরুণ প্রোগ্রামিং শিল্পী। বর্তমানে তিনি সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে শিক্ষকতা করছেন। শাহরিয়ার মঞ্জুরের পাশাপাশি বেশ কজন প্রোগ্রামার প্রতিযোগিতার জন্য প্রোগ্রামিং সমস্যা তৈরি করছেন। তাঁদের একজন হলেন আবদুুল্লাহ্ আল মাহমুদ। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাড়াও মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন তিনি। ২০০৫ সালে এসিএম আইসিপিসির চূড়ান্ত পর্বে অংশ নেন। বিশ্বের অন্যতম প্রোগ্রামিং প্রতিযোগিতা টপকোডার (www.topcoder.com) সাইটের বাংলাদেশের প্রথম প্রোগ্রামার বিশেষ ‘রেড কোডার’ হয়েছেন তিনি। এ ছাড়া তিনি এসিএম আইসিপিসির একাধিক আঞ্চলিক পর্ব ও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সমস্যা তৈরি করেছেন। তাঁর তৈরি সমস্যাগুলো সাধারণত খুব জটিল ধরনের হয়। প্রোগ্রামিংকে সব সময় একটা খেলার মতো করেই দেখেন তিনি।প্রোগ্রামার মোহাম্মদ মাহমুদুর রহমান ২০০৭ সালে এসিএম আইসিপিসির চূড়ান্ত পর্বে অংশ নেন। বর্তমানে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতার জন্য নিয়মিত সমস্যা তৈরি করেন। এসবের পাশাপাশি মাহমুদুর রহমান আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াডে বাংলাদেশ দলের প্রশিক্ষকের দায়িত্বও পালন করেছেন। প্রোগ্রামিং সমস্যার সমাধান, প্রোগ্রামিং সমস্যা ও সফটওয়্যার তৈরি—এ তিনটি বিষয়ে তাঁর রয়েছে বিশেষ দক্ষতা। তিনি বলেন, এ তিনটা ভিন্ন ধরনের শিল্প। সমস্যা সমাধানের দক্ষতা নির্ভর করে একটি সমস্যাকে বিশ্লেষণ করে ছোট ছোট ভাগে ভাগ করার কৌশলের ওপর। আর সমস্যা তৈরির সবচেয়ে কঠিন দিক হচ্ছে, একটা সমস্যার সম্ভাব্য সব সঠিক এবং ভুল সমাধান চিন্তা করতে পারা। বর্তমানে মুক্ত সফটওয়্যার লিমিটেডের প্রধান কারিগরি কর্মকর্তা হিসেবে কাজ করছেন তিনি।যাঁরা ভালো করছেন প্রোগ্রামিং, আবার তৈরি করছেন প্রোগ্রামিং সমস্যাও, তাঁদের মধ্যে আরেক প্রোগ্রামার হচ্ছেন সোহেল হাফিজ। তিনি বলেন, ভালো লাগা থেকেই প্রোগ্রাম করার শুরু। যাঁরা প্রোগ্রামিংয়ে আসতে চান, তাঁদের অবশ্যই জানতে হবে এবং প্রোগ্রামিং নিয়মিতভাবে করে যেতে হবে। সমস্যা সমাধানের পাশাপাশি সমস্যা তৈরিতে দক্ষ এ প্রোগ্রামার দেশে ও দেশের বাইরে বিভিন্ন প্রতিযোগিতার জন্য সমস্যা তৈরি করেন। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু অনলাইন প্রতিযোগিতার জন্যও সমস্যা তৈরি করেন।প্রোগ্রামিং সমস্যা সমাধান করা পছন্দের একটি বিষয় আরিফুজ্জামান আরিফের কাছে। তিনি বলেন, প্রোগ্রামিং করতে চাইলে আগ্রহ আর ক্রিয়েটিভিটি থাকাটা জরুরি। এ ছাড়া ভালো করতে চাইলে অনেক সমস্যার সমাধান করতে হবে। পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে। ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি ২০০৮ সালে এসিএম আইসিপিসির চূড়ান্ত পর্বে অংশ নেন। টপকোডারে নিয়মিত প্রোগ্রামিং চর্চা করার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতায় সমস্যা তৈরি করছেন। তাঁর তৈরি সমস্যার বিকল্প সমাধান করতে গিয়ে প্রোগ্রামারদের পাশাপাশি অন্য বিচারকদের প্রায়ই নাভিশ্বাস ছোটে! সবচেয়ে কমবয়সী হিসেবে বাংলাদেশের পক্ষে এসিএম আইসিপিসির চূড়ান্ত পর্বে অংশ নেন মনজুরুর রহমান খান। স্নাতক প্রথম বর্ষে পড়ার সময়ই ২০০৫ সালে ও দ্বিতীয় বর্ষে পড়ার সময় ২০০৬ সালে এসিএম আইসিপিসির চূড়ান্ত পর্বে অংশ নেন তরুণ এ প্রোগ্রামার। জানান, সব সময়ই প্রোগ্রামিং সমস্যা সমাধানের চর্চা করেছেন তিনি। পাশাপাশি সম্প্রতি দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টপকোডারে ‘রেড কোডার’ হওয়ার গৌরব অর্জন করেন তিনি। বর্তমানে জাতীয় ও আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতায় সমস্যা তৈরি করছেন। নতুনের আবাহনদেশের প্রোগ্রামাররা প্রোগ্রামিং সমস্যা তৈরি আর সমাধান দুই কাজই করে যাচ্ছেন।তাঁদের পাশাপাশি নতুন প্রোগ্রামারও যুক্ত হচ্ছেন এ তালিকায়। যাঁদের মধ্যে রয়েছেন তৌহিদুল ইসলাম তালুকদার। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় প্রোগ্রামিংয়ের শিক্ষার্থীদের সঙ্গে কাজ করতে গিয়ে সমস্যা তৈরির কাজটি শুরু করেন। সমস্যা তৈরির ক্ষেত্রে তিনি বলেন, প্রোগ্রামিং সমস্যা তৈরির জন্য সমস্যার সমাধান বেশি বেশি করা থাকতে হবে। সমস্যা তৈরির ক্ষেত্রে এমনভাবে ভাবতে হবে, যাতে সমস্যাটি সমাধানের জন্য সবাইকে ভাবতে হয়। প্রোগ্রামিং সমস্যা সমাধানকে অনেকটা মজার বিষয় হিসেবেই নিয়েছেন জানে আলম। তিনি জানান, প্রোগ্রামিং শুরুর সময় সমস্যাগুলো সমাধানের দিকেই নজর ছিল বেশি। তবে সমস্যা তৈরির জন্য ভালো জ্ঞান থাকাটা জরুরি। এ ক্ষেত্রে সাধারণত শুরুতে ধারণা তৈরি এবং পরে সমস্যা তৈরির কাজটি করা হয় বলে জানান তিনি।প্রোগ্রামিংকে নিজের মতো করে শুরু করা আরেক তরুণ প্রোগ্রামার হচ্ছেন সামি জহুর। ২০০৯ সালে এসিএম আইসিপিসির চূড়ান্ত পর্বে অংশ নেন তিনি। শিগগিরই উচ্চশিক্ষার্থে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি। এগিয়ে যাচ্ছেন প্রোগ্রামাররাদিন বদলেছে তাই বর্তমানে কম্পিউটার বিজ্ঞান ছাড়াও অন্যান্য বিষয়ের শিক্ষার্থীদের মধ্যেও প্রোগ্রামিং করার হার বাড়ছে।বিশ্বের সেরা সব প্রোগ্রামারের মতো আমাদের দেশের প্রোগ্রামাররাও সমস্যা তৈরির মাধ্যমে এগিয়ে যাচ্ছেন এবং নিজেদের পরিচিত করে তুলছেন বিশ্বের বড় বড় প্রোগ্রামিং সমস্যা তৈরি করা সেরা প্রোগ্রামারদের কাতারে। এখন বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয় থেকে আমাদের দেশের প্রোগ্রামারদের খোঁজা হয় সমস্যা তৈরির জন্য, যা আমাদের জন্য বড় পাওয়া। প্রোগ্রামিংয়ে ভালো করার প্রত্যয় আর দেশকে এগিয়ে নেওয়ার জন্য নিজেদের সেরাটুকু দিয়ে যাচ্ছেন প্রোগ্রামার। লক্ষ্য দেশকে সবার কাছে তুলে ধরা।