সমস্যা সংকুল সিন্দুকছড়ি উচ্চবিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নে অবস্থিত একমাত্র মাধ্যমিক বিদ্যালয়টির সমস্যার শেষ নেই। টিনের ছাউনি দেওয়া বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় ব্যাহত হচ্ছে পাঠদান।

দুর্গম ও পিছিয়ে পড়া সিন্দুকছড়ি ইউনিয়ন মহালছড়ি উপজেলা সদরের থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। সিন্দুকছড়ি উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, জীর্ণ দুটি বিদ্যালয় ভবনে চলছে পাঠদান কার্যক্রম। বিদ্যালয়ে টিনের ছাউনি দেওয়া একটি ভবনে রয়েছে চারটি শ্রেণীকক্ষ।

ভবনের প্রতিটি কক্ষের মেঝেতে একাধিক ফাটল দেখা গেছে। চারটি কক্ষের একটির দেয়ালে মারাত্মকভাবে ফাটল ধরেছে। গাছের খুঁটি দিয়ে দেয়ালে ঠেস দেওয়া হয়েছে ধস ঠেকানোর জন্য। এই ভবনের পাশেই টিনের ছাউনি ও বাঁশের বেড়া দিয়ে আরেকটি শ্রেণীকক্ষ তৈরি করা হয়েছে। ছাদের নিচে সিলিং না থাকায় তাই কক্ষটি দিনের বেলায় সূর্যের তাপে উত্তপ্ত হয়ে ওঠে। মেঝেতে বিছানো রয়েছে ইট। বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় খুবই গাদাগাদি করে বসতে হয় শিক্ষার্থীদের।

সিন্দুকছড়ি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র ত্রিপুরা জানান, বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৭১৫, স্থায়ী শিক্ষকের সংখ্যা ছয় ও খণ্ডকালীন আটজন। শ্রেণীকক্ষ রয়েছে পাঁচটি। তিনি আরও বলেন, বিদ্যালয়ের প্রধান সমস্যা শ্রেণীকক্ষের অভাব। যে পাঁচটি শ্রেণীকক্ষে আছে, তার একটির মাটি দেবে গেছে। ওই কক্ষের দেয়ালে ফাটলও ধরেছে। অবস্থা সামাল দিতে বিদ্যালয়ের মূল ভবনের পাশে একটি টিনের ঘর নির্মাণ করা হয়েছে। কিন্তু টাকার অভাবে সেটির নির্মাণকাজও পুরোপুরি শেষ করা যায়নি। অসমাপ্ত এই ঘরেই পাঠদান চলছে।

বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চারবারের নির্বাচিত চেয়ারম্যান চুইনু প্রু চৌধুরী বলেন, ‘দুর্গম ও দরিদ্রপীড়িত এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিতে ১৯৯৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে বিদ্যালয়ের ভবনের অবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এগিয়ে না এলে বিদ্যালয় ভবন সংস্কার করা সম্ভব নয়।

মহালছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সোনারতন চাকমা বলেন, ইউনিয়নের যোগাযোগব্যবস্থা খারাপ হওয়ায় বিদ্যালয়ের সংস্কার হচ্ছে না। প্রশাসনের উচ্চপর্যায়ে অনেকবার ধরনা দিয়েও কাজ হয়নি। উপজেলা পরিষদের পর্যাপ্ত তহবিল না থাকায় বিদ্যালয়ের ভবন সংস্কার করা যায়নি। বিদ্যালয়টি রক্ষায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ এগিয়ে আসবে—এমন প্রত্যাশার তাঁর।