ইডিইউতে সেমিনারে বক্তারা
সমস্যা সুনির্দিষ্ট করতে না পারায় বেশির ভাগ গবেষণা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না
সমস্যা সুনির্দিষ্ট করতে না পারায় বেশির ভাগ গবেষণা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। গতানুগতিক ধারার বাইরে একটু ভিন্ন কৌশলের মাধ্যমেও আমাদের চিন্তাকে নানাভাবে কাজে লাগানো যায়।
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে (ইডিইউ) আয়োজিত সেমিনারে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এসব কথা বলেন। ১৮ জুলাই বিকেলে নগরের প্রবর্তক মোড়ের বর্ধিত একাডেমিক ভবনে ‘দ্য প্র্যাকটিস অব পাইওনিয়ার-এনটিডিসিপ্লিনারি মাইন্ডসেট অব ডিজাইন থিংকিং’ শিরোনামের এই সেমিনারের আয়োজন করা হয়। এতে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) বিশ্ববিদ্যালয়ের এমআইটির মিডিয়া ল্যাবের গবেষক নাজমুস সাকিব ও হার্ভার্ডের স্কুল অব বিজনেসে গবেষণারত দিনী ফাতিহা বক্তব্য দেন।
সেমিনারে ইডিইউর উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান, ট্রেজারার শামস উদ দোহা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবুল হোসাইন, রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ইয়াহিয়া আখতার, ইডিইউর অ্যাসোসিয়েট ডিন মোহাম্মদ নাজিম উদ্দিন, ডিরেক্টর অ্যান্ড প্ল্যানিং শাফায়েত চৌধুরী প্রমুখ।
গবেষক নাজমুস সাকিব বলেন, গতানুগতিক ধারার চিন্তার কারণে আমাদের আচরণ ও সংস্কৃতি একটি গণ্ডির মধ্যে আটকে রয়েছে। যদি একটি সমস্যা সমাধানে একাধিক অভিজ্ঞদের কাজে লাগানো যায়, তাহলে নতুন কিছু বেরিয়ে আসা সম্ভব।
দিনী ফাতিহা বলেন, বিজনেস সেক্টরে সমস্যা সমাধানের আগেই আমরা আগাম একটা উত্তর খুঁজে নিই। কিন্তু এই ধারণা ভুল। কেবল গবেষণাই পারে সঠিক ফলাফল দিতে। বিজ্ঞপ্তি