হাঁচি, কাশি, ব্যায়াম, দমকা হাসি ইত্যাদি কাজ পেটের ওপর চাপ বৃদ্ধি করে। এতে অনেক সময় হঠাৎ করে প্রস্রাব ঝরে বা প্রস্রাবের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ঘটনা ঘটে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় স্ট্রেস ইনকনটিনেন্স। এটি অত্যন্ত বিব্রতকর একটি সমস্যা, যা প্রায়ই রোগীর সামাজিক ও ব্যক্তিগত জীবনকে বিপর্যস্ত করে তোলে। নারীরা পুরুষদের তুলনায় বেশি ভোগেন এই সমস্যায়। কিন্তু এই স্ট্রেস ইনকনটিনেন্স কেন হয়, কীভাবেই বা এ থেকে পরিত্রাণ মেলে?
কেন হয়?
আমাদের মূত্রথলি পেশি ও স্ফিংটারের মাধ্যমে প্রস্রাবের নিয়ন্ত্রণ বজায় রাখে। স্ফিংটার হলো একটি দরজার লকের মতো, যা সংকুচিত হয়ে মূত্রথলির চারপাশকে বেষ্টন করে থাকে ও অসময়ে প্রস্রাব হয়ে যাওয়া থেকে রক্ষা করে। এ ছাড়া এই কাজে আরও সাহায্য করে পেলভিক ফ্লোরের পেশিগুলো, যা মূত্রথলির ভারসাম্য বজায় রাখে। তাই কোনো কারণে স্ফিংটারের সংকোচনক্ষমতা কমে গেলে বা পেলভিক ফ্লোরের পেশি দুর্বল হয়ে পড়লে প্রস্রাবের নিয়ন্ত্রণ যায় বিনষ্ট হয়ে। দেখা যাক কী কী সমস্যার কারণে এটি হতে পারে।
: নারীদের গর্ভাবস্থায় ও সন্তান হওয়ার পর, বিশেষ করে জরায়ুপথে একাধিক সন্তান জন্মের পর পেলভিক ফ্লোর দুর্বল হয়ে যায়। মেনোপজের পরও এই ঘটনা ঘটতে পারে। এ ছাড়া অনেক সময় পেলভিক বা জরায়ু নিচে নেমে আসার কারণে হয় এই সমস্যা।
: বয়স্ক পুরুষদের প্রোস্টেট গ্রন্থি বড় হলে প্রায়ই এই সমস্যা দেখা দেয়। প্রোস্টেট অপসারণ সার্জারির পরও এটা হতে পারে।
: নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই দীর্ঘদিনের কাশি, দীর্ঘদিনের মূত্র সংক্রমণ, কোষ্টকাঠিন্য পেশিগুলোকে দুর্বল করে ফেলতে পারে। বৃদ্ধ বয়সে ও ওজনাধিক্য ব্যক্তির এমনিতেই হতে পারে। কোনো কারণে মূত্রথলিতে আঘাত বা পেলভিক এলাকায় সার্জারির পর এটি একটি জটিলতা হিসেবে দেখা দিতে পারে। আর ডায়াবেটিসে স্নায়ুগত সমস্যার কারণেও এমন হয়।
পরিত্রাণ কী?
প্রস্রাবের নিয়ন্ত্রণ নষ্ট হওয়া একটি বিরক্তিকর ও বিব্রতকর সমস্যা। কারণটি বের করতে ইউরোডাইনামিক স্টাডি, আলট্রাসনোগ্রাম, সিস্টোস্কোপি ইত্যাদি করা লাগতে পারে। কিছু অভ্যাসগত পরিবর্তন আনতে হবে জীবনে। যেমন ওজন কমানো, কোষ্টকাঠিন্য দূর করা, রক্তের শর্করা নিয়ন্ত্রণ ইত্যাদি। মসলাযুক্ত খাবার, ক্যাফেইনযুক্ত পানীয় ও কোলা, অ্যালকোহল ও ধূমপান মূত্রথলিকে সংবেদনশীল করে, তাই এগুলো এড়িয়ে চলা উচিত। চিকিৎসক আপনাকে পেলভিক ফ্লোর পেশির শক্তি বাড়ানোর জন্য কিছু ব্যায়াম শিখিয়ে দিতে পারেন। নারীদের সন্তান জন্মের পর অবশ্যই এই ব্যায়ামগুলো করা উচিত। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ, ব্যবস্থাপত্র বা সার্জারিও করা যায়। মেডিসিন বিভাগ, ইউনাইটেড হাসপাতাল|