সমস্যার কারণ রাগ-ক্ষোভ-দুঃখ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকে হাতের কবজিতে ব্লেড চালিয়ে, অতিরিক্ত ওষুধ সেবনে বা অন্য কোনো উপায়ে নিজের ক্ষতি করার চেষ্টা করেন। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় আত্মহত্যার উদ্দেশ্য থাকে প্রায়ই। কেউ আবার রাগ-ক্ষোভ-দুঃখ নিয়ন্ত্রণ করতে না পেরে বা মানসিক চাপে অস্থির হয়ে আবেগের বশে এ কাজ করেন। এ ধরনের স্বভাব যাঁদের, তাঁদেরও পরবর্তী সময়ে আত্মহত্যা করার ঝুঁকি বেশি।
আত্মহত্যাপ্রবণ ও নিজের ক্ষতি করার স্বভাব রয়েছে, এমন মানুষদের ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে, তাঁদের অর্ধেকই মানসিক রোগাক্রান্ত ছিলেন বা আছেন। আর আত্মহত্যাকারী ব্যক্তিদের ৯০ শতাংশই আত্মহত্যার সময় বা এর আগে কোনো না কোনো মানসিক রোগে ভুগছিলেন। এর মধ্যে অন্যতম ঝুঁকিপূর্ণ মানসিক রোগ হচ্ছে বিষণ্নতা এবং সিজোফ্রেনিয়া। মাদকাসক্তিও একটি ঝুঁকিপূর্ণ বিষয়।
হঠাৎ কোনো মানসিক চাপে পড়লে বা জীবনে কোনো দুর্ঘটনা ঘটলে অনেকে এর সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন না। আত্মহত্যার চেষ্টা বা নিজের ক্ষতি করে বসতে পারেন চাপের মধ্যে পড়লে। পরীক্ষায় অকৃতকার্য, প্রেমে ব্যর্থতা, অর্থনৈতিক ক্ষতি, মা-বাবার বা জীবনসঙ্গীর ওপর অভিমান—এসব কারণে হঠাৎ দুর্ঘটনা ঘটে যায়। ব্যক্তিত্বজনিত সমস্যা, বিশেষত ‘বর্ডারলাইন পারসোনালিটি ডিজঅর্ডার’ নামের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের এ ধরনের স্বভাব দেখা যায় বেশি। ডিভোর্সি, বিপত্নীক বা বিধবা, বেকার, দীর্ঘমেয়াদি বা দুরারোগ্য শারীরিক রোগে আক্রান্ত, শারীরিক-মানসিক বা যৌন নির্যাতনের শিকার ব্যক্তিদেরও আত্মহত্যার প্রবণতা বা নিজের ক্ষতি করার স্বভাব দেখা যায়।
বারবার নিজের ক্ষতি করার স্বভাব বা ঝুঁকি অধিকাংশই প্রতিরোধযোগ্য। এ জন্য দরকার সচেতনতা, সংস্কারমুক্ত থাকা এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন।
কেউ যদি আত্মহত্যার কথা ব্যক্ত করে বা নিজের ক্ষতি করার চেষ্টা করে, তবে তা গুরুত্বের সঙ্গে নিতে হবে। সমস্যাটা চিহ্নিত করে তাঁকে সেভাবে সহযোগিতা করার চেষ্টা করতে হবে।
মানসিক রোগ থাকলে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এঁদের করুণার চোখে না দেখে, তিরস্কার করে বা খোঁচা দিয়ে কথা না বলে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
যাঁদের মানসিক চাপে মানিয়ে নেওয়ার ক্ষমতা কম, তাঁদের যথোপযুক্ত কাউন্সেলিং ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা যায়। সামাজিক সুস্থ ও সুন্দর সম্পর্ক চর্চা করতে হবে।  মানসিক রোগ বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা।