সমস্যার নাম কাশ্মীর
ব্রিটেনের কাছ থেকে ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের আগে থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে বিবাদ। ভারত বিভাগ আইন অনুযায়ী কাশ্মীরকে ভারত বা পাকিস্তান যেকোনো দিকে যোগ দেওয়ার অধিকার দেওয়া হয়। কাশ্মীরের মহারাজা হরি সিং প্রথমে স্বাধীন থাকতে চেয়েছিলেন; কিন্তু শেষ পর্যন্ত ভারতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। সামরিক সহায়তা ও গণভোটের প্রতিশ্রুতির বিনিময়ে হরি সিং ভারত সরকারকে গুরুত্বপূর্ণ ক্ষমতা হস্তান্তর করেন। এর পর থেকেই কাশ্মীর ভারত ও পাকিস্তানের মধ্যে তিক্ত এবং দীর্ঘমেয়াদি এক বিরোধের কারণ হয়ে রয়েছে। ভারত-পাকিস্তান তিনটি যুদ্ধের মধ্যে দুটির (১৯৪৭-৪৮ ও ১৯৬৫) কারণ কাশ্মীর বিরোধ। ভারত ও পাকিস্তানের পরস্পরবিরোধী দাবি ছাড়াও ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে ১৯৮৯ সাল থেকে চলছে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। পাকিস্তান বলে থাকে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বলে ১৯৪৭ সালে কাশ্মীরের পাকিস্তানের সঙ্গেই যুক্ত হওয়া উচিত ছিল। কাশ্মীরের জনগণকে তাদের ভবিষ্যৎ নির্ধারণের জন্য একটি গণভোটের সুযোগ দেওয়া উচিত বলেও মনে করে দেশটি। অন্যদিকে ভারত এ বিষয়ে আন্তর্জাতিক বিতর্ক চায় না। তাদের যুক্তি, ১৯৭২ সালের সিমলা চুক্তিতে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলা হয়েছে। ভারত তার দাবির পক্ষে মহারাজা হরি সিংয়ের স্বাক্ষরিত ইনস্ট্রুমেন্ট অব অ্যাকসেশন তুলে ধরে থাকে। তবে পুরো বিষয়, বিশেষ করে হরি সিংয়ের সিদ্ধান্ত গ্রহণের প্রেক্ষাপট নিয়ে বিতর্ক রয়েছে। ভারত বা পাকিস্তান কেউই কাশ্মীরের স্বাধীনতার পক্ষে নয়। সূত্র: বিবিসি।