সমস্যার সমাধান হলো না তিন ঘণ্টায়ও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগ্রাবাদ বিদ্যুত্ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের নিচতলার একটি কক্ষে রয়েছে গ্রাহকসেবাকেন্দ্র বা অভিযোগকেন্দ্র। ২০ ও ২১ জানুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত দুদফা ওই কার্যালয়ে অবস্থান করে দেখা গেছে, গ্রাহকেরা ফোনেই বেশি অভিযোগ করেন। ২১ জানুয়ারি সকাল ১০টায় ফকিরহাট হাড্ডিশাহ মাজার এলাকার এসকান্দর মিয়া নামের এক যুবক এসে অভিযোগ করলেন অভিযোগকেন্দ্রে দায়িত্বরতদের বিরুদ্ধেই। তিনি লাইনম্যান সালেহ আহমদের উদ্দেশে বললেন, ‘সকাল সাতটায় টেলিফোন করে অভিযোগ দিয়েছি। কিন্তু এখনো কোনো সমাধান হয়নি।’ এসকান্দর মিয়ার প্রশ্নের জবাবে লাইনম্যান বলেন, ‘আপনার অভিযোগ খাতায় নথিভুক্ত হয়নি।’ এ কথা শুনে তিনি বিস্ময় প্রকাশ করেন। বলেন, ‘আমি নিজে ফোন করে অভিযোগ দিয়েছি, ২১ জানুয়ারি রাত দুটা থেকে বিদ্যুত্ নেই আমাদের এলাকায়। অথচ তিন ঘণ্টায়ও কিছুই করলেন না।’এই কেন্দ্রে প্রতিদিন পালাক্রমে তিনজন অভিযোগ গ্রহণকারী (সিএ) দায়িত্ব পালন করেন আট ঘণ্টা করে। কিন্তু ২০ জানুয়ারি দুপুর আড়াইটায় দেখা যায়, নিয়মিত অভিযোগ গ্রহণকারী আবু জাফরের পরিবর্তে গ্রাহকদের সমস্যা নথিভুক্ত করছেন লাইনম্যান আবদুল হান্নান। প্রশ্ন করলে তিনি বলেন, ‘দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বাইরে আছেন।’ তিনি নিবন্ধন খাতা দেখিয়ে বলেন, ‘আজ পাঁচটি অভিযোগ নথিভুক্ত হয়েছে। অভিযোগ নিষ্পত্তি করতে ইতিমধ্যেই কমপ্লেইন টিম (বিদ্যুত্কর্মীরা) ঘটনাস্থলে পৌঁছে গেছেন।’এদিকে, ২১ জানুয়ারি সকাল ১০টায়ও অভিযোগ গ্রহণকারী ছিলেন না ওই কেন্দ্রে। আবু জাফরের টেবিলে বসে খাতাপত্র ঘাঁটাঘাঁটি করছেন লাইনম্যান সালেহ আহমদ। তিনি জানান, ‘আজ পাঁচটি অভিযোগ নথিভুক্ত হয়েছে।’ জানা যায়, গত ১০-৩১ ডিসেম্বর পর্যন্ত ২২ দিনে অভিযোগ নথিভুক্ত হয়েছে ৪০০টি। ১-২০ জানুয়ারি পর্যন্ত অভিযোগ নথিভুক্ত হয়েছে ১৫২টি। সংশ্লিষ্টরা দাবি করেন, ৯৫ ভাগ অভিযোগ নিষ্পত্তি বা সমাধান করা হয়েছে। দেখা যায়, ছোট একটি টুলে বসানো আছে ভিএইচএফ লেট। দুই বছর ধরে এটি নষ্ট। আগ্রাবাদ বিদ্যুত্ বিভাগের নির্বাহী প্রকৌশলী মকবুল হোসেন বলেন, ‘অভিযোগকেন্দ্রে পালা করে চারটি দল (টেকনিক্যাল গ্রুপ) কাজ করে। প্রতি দলে একজন ফোরম্যান, একজন লাইনম্যান, একজন ইলেকট্রিশিয়ান ও একজন সহকারী থাকার কথা।’ কিন্তু বর্তমানে লোকবল রয়েছে প্রতি দলে তিনজন। নগরের অন্যান্য অভিযোগকেন্দ্রের অবস্থাও একই বলে মন্তব্য করেন তিনি।