সমাগত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেমন্ত সমাগত সোনারং ধানে
নবান্ন পিঠাপুলি বাউলের গানে
মুক্তা শিশিরকণা মাঠভরা ঘাসে
হিম-হিম ছোঁয়া লাগে ভোরের বাতাসে
নীলাকাশ হেসে ওঠে ঝকঝকে রোদে
বাতাবি লেবুর স্বাদ রসনার বোধে
মনপ্রাণ দুলে ওঠে দোয়েলের শিসে
আরও কত পাখি গায় কড়ই শিরীষে
এখনো শেফালি ফোটে শুভ্রতা নিয়ে
সাদা সাদা কাশগুলো যায়নি শুকিয়ে
পালতোলা নাওগুলো ভেসে যায় দূরে
ছোট ছোট ঢেউ নাচে ভাটিয়ালি সুরে
খালেবিলে পানি কম তাই মাছ ধরা
কই শিং টাকি পুঁটি করে নড়াচড়া
পেটকাটা চাপলাশ নানা রং ঘুড়ি
ভোকাট্টা! মাঞ্জার সুতা যেন ছুরি
সাপ-ব্যাঙ শীতঘুমে নেয় প্রস্তুতি
প্রজাপতি ফড়িঙেরা ওড়ে ইতিউতি
বাংলার রূপসুধা যাই ভালোবেসে
হেমন্ত সমাগত শরতের শেষে।