সমাজ স্যারের গরু

আমাদের সমাজ পরীক্ষা চলছে। সমাজ স্যার আমার ব্যাগ হাতিয়ে মুঠোফোন পেয়ে খুব রাগারাগি করতে লাগলেন। বললেন, ‘নিষেধ করার পরও মোবাইল ফোন কেন ব্যাগে?’ আমি বললাম, ‘এটা তো বন্ধ করে রেখেছি, স্যার। কোনো সমস্যা নাই।’
স্যার রেগে আগুন হয়ে বললেন, ‘মুখে মুখে কথা! সমস্যা নাই মানে? এটা বন্ধ করতে যদি কখনো ভুলে যাও আর পরীক্ষা চলাকালীন কেউ ফোন করে, তখন? কত বড় ডিস্টার্ব হবে, বুঝতে পারছ? ক্লাসে মোবাইল ফোন ব্যবহার করা কঠোরভাবে নিষেধ, মনে থাকে যেন। আর পরীক্ষার সময় তো কথাই নেই। বুঝেছ মেয়ে?’ অগ্নিশর্মা স্যারের চেহারা দেখে ভীষণ ভয় পেয়ে গেলাম। মাথা নেড়ে বললাম, ‘বুঝেছি স্যার, আর ভুল হবে না।’
স্যার আমাকে ধমক দিয়ে রাগে কাঁপতে কাঁপতে যেই চেয়ারে বসতে গেলেন, অমনি তাঁর পকেটে মুঠোফোন বেজে উঠল! ক্রিং ক্রিং ক্রিং! স্যার তাড়াতাড়ি পকেট থেকে মুঠোফোনটা বের করে কানে ধরলেন। ক্লাসজুড়ে অস্থিরভাবে হাঁটতে হাঁটতে আর হাত নেড়ে জোরে জোরে কথা বলতে লাগলেন। কথাগুলো ছিল এ রকম, ‘অই, আমি কয়বার কইতাম রে, এহন যে বাইত আইতাম না। পোলাপাইনের পরীক্ষা চলতাছে। আমি ঈদের আগের দিন বাইত যামু। টেহা পাডাইয়া দিছি, এহন কুরবানির গরুডাও কি ঢাহাত্তে গিয়া আমারই কিন্না দিতে অইব নাকি, হেহ্? হোন হোন, এত চিন্তার কাম নাই। যেইডা কই হেইডা হোন। তরা পুইট্টার বাজারতে গরু কিন্নালা। এই হোন, লেঙুর টিপ্পা চোটপাট দেইক্কা হারগরু কিনবি, গাইগরু কিনিছ না আবার। গরু বালা কইরা আডাইয়া–ওডাইয়া দেইক্কা লইছ। ছয় দাইত্তা লম্বা ছেও দেইক্কা কিনিছ। অই হোন, শিরু কাহা আর সুফির বাফেরে লইয়া বাজারে যাইছ, বুজজছনি। হেরা গরু চিন্না কিন্তারে। ঢাহা কিন্তু গরুর দাম হাইরা কম। হ হ, আর কতা বারাইছ না। এই বেডা, এত তুহিমুহি করছ কিয়ের লাইগ্গা? মুক্কি মাইরা গরু একটা কিন্নালা! আইচ্ছা, আইচ্ছা, এহন রাহি।’
স্যার এত জোরে কথাগুলো বলছিলেন যে, আমরা খাতায় ঠিকমতো লিখতেও পারছিলাম না। তাই আমি ভয়ে ভয়ে বললাম, ‘স্যার, আপনি যে ক্লাসে জোরে জোরে কথা বললেন, এখন?’ স্যার অবাক হয়ে ডানে–বাঁয়ে তাকিয়ে বললেন, ‘অই, কেডা রে? পরীক্ষা থুইয়া কতা কইল কেডা? পরীক্ষার সময় এক সেগেন্ডের দাম কত জানছ তরা? কটর কটর কতা থুইয়া হোমানে লেইক্কা যা।’
পরীক্ষা কেমন হয়েছিল? এর জবাব আমি কোনো দিনই দেব না।
শহীদ আসাদ গার্লস কলেজ, নরসিংদী