সমাজতত্ত্বের শিক্ষার্থী, গবেষণা করছেন পরিবেশ নিয়ে
আজ ৫ জুন—বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ বাঁচাতে দেশের নানা প্রান্ত থেকে নিজেদের মতো করে কাজ করছেন অনেক তরুণ। পড়ুন তেমন একজনের কথা।
নালা, নর্দমা, খালগুলোতে ময়লা-আবর্জনা জমে থাকায় অল্প বৃষ্টি বা জোয়ার-ভাটায় শহর ভেসে যাওয়াটা চট্টগ্রামের নিয়মিত চিত্র। এই শহরেই নুসরাত জাহানের জন্ম ও বেড়ে ওঠা। নিজ শহরের দুরবস্থা দেখে তাঁর মনে হতো, কিছু একটা করা উচিত।
নুসরাতের মনে হয়েছিল, সবার আগে দরকার নিজের অভ্যাস পরিবর্তন। যখন উপলব্ধি করলেন, নিজের একটি ছোট্ট অসচেতন কাজ পরিবেশের জন্য কতটা বিরূপ প্রতিক্রিয়া বয়ে আনে, তখন থেকেই যেকোনো খাবারের মোড়ক ডাস্টবিনে ফেলতে না পারলে ব্যাগে করে বাসায় নিয়ে আসতেন নুসরাত। এভাবেই শুরু।
এরপর ধীরে ধীরে পরিবেশ নিয়ে কাজ করে এমন সংগঠনগুলোর সঙ্গে যুক্ত হতে শুরু করলেন তিনি। কাজ করেছেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ, সেইভ ইয়ুথের সঙ্গে। এরপর নিজেই নিয়েছেন একটি উদ্যোগ। ‘ইকো সেভিয়ার’ নামের এই উদ্যোগের মাধ্যমে নবায়নযোগ্য সম্পদের ব্যবহার নিয়ে কাজ করছেন। শিক্ষার্থীরা নবায়নযোগ্য শক্তির ব্যবহার ও উপকারিতা সম্পর্কে আরও বেশি সচেতন হচ্ছে, এসবের পাশাপাশি ইকো সেভিয়ার এখন পরিবেশগত ইস্যু নিয়ে দীর্ঘমেয়াদি গবেষণা পরিচালনা করছে।
নুসরাত সমাজতত্ত্বের শিক্ষার্থী। তবে পরিবেশ নিয়ে আগ্রহের কারণেই একাডেমিক থিসিস করছেন পরিবেশ–সম্পর্কিত বিষয়ে। পরিবেশ–সংক্রান্ত বিষয়ে দেশের বাইরে থেকে উচ্চশিক্ষাও নিতে চান তিনি। নুসরাত বলছিলেন, ‘আমাদের ছোটখাটো আচরণ যদি আমরা সচেতনভাবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি, তবেই পৃথিবী বাসযোগ্য হয়ে উঠবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণের আগে প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। তাহলেই পৃথিবী সবার জন্য বাসযোগ্য হয়ে উঠবে।’