সমাজবদলের যুদ্ধে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলায় মঞ্চস্থ গণায়নের অদ্ভুত অন্ধকার নাটকের একটি দৃশ্য l প্রথম আলো
শিল্পকলায় মঞ্চস্থ গণায়নের অদ্ভুত অন্ধকার নাটকের একটি দৃশ্য l প্রথম আলো

কিছু দুর্বৃত্তের কালো থাবায় স্বাধীনতার চেতনা আজ ভূলুণ্ঠিত। সেই দুর্বৃত্তদের বিরুদ্ধে আরেক যুদ্ধে নামে নতুন প্রজন্ম। সব বাধা ডিঙিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলেছেন তাঁরা। এভাবে নতুন প্রজন্মের হাত ধরে সমাজবদলের আহ্বান জানানো হয় গণায়ন নাট্যসম্প্রদায়ের নাটক অদ্ভুত অন্ধকার-এ।
গত মঙ্গলবার সন্ধ্যা সাতটায় নগরের জেলা শিল্পকলা একাডেমীতে চলমান গণায়ন নাট্যোৎসবের ষষ্ঠ দিনে নাটকটির মঞ্চায়ন হয়। নাটকের রচয়িতা ফ্রিৎজ করিস্থি। অনুবাদ করেছেন ম. সাইফুল আলম চৌধুরী। নির্দেশনা দিয়েছেন বাপ্পা চৌধুরী। নাটকের কাহিনি আবর্তিত হয় বেকার এক যুবককে ঘিরে। অনেক ঘোরাঘুরি করেও যুবকটি কোনো চাকরি না পেয়ে কিছু না শেখার দোহাই দিয়ে নিজের শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি ফেরত চাইতে গেলে ঘটতে থাকে একের পর এক ঘটনা।
পুনরায় সেই যুবকের পরীক্ষা নিতে বসেন শিক্ষকেরা। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনি। হাস্যরসের মাধ্যমে নাটকে ফুটিয়ে তোলা হয়েছে দেশের বর্তমান অদ্ভুত সমাজব্যবস্থা।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইফ মোহাম্মদ মাইনুল হাসান, অনির্বাণ ভট্টাচার্য, তৌহিদ হাসান ইকবাল, শিহাব জিশান, বাপ্পি হায়দার, বিশ্বজিৎ, সজল দে, উত্তম চৌধুরী, জয়ন্ত, ইউনুস আলী, শাওন প্রমুখ। একই দিন সন্ধ্যা ছয়টায় শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে দ্য বক্স ও মিলিটারি শিরোনামের পথনাটক পরিবেশন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা।
১৬ ফেব্রুয়ারি শিল্পকলার মূল মিলনায়তনে কালপুরুষ নাট্যসম্প্রদায় পরিবেশন করে নাটক মৃণালিনীর চিঠি। এ নাটকটির নির্দেশনা দিয়েছেন শান্তনু বিশ্বাস। নাটকে একক অভিনয় করেন শুভ্রা বিশ্বাস। কথা, গান, কবিতা ও নৃত্যের মাধ্যমে তিনি ফুটিয়ে তোলেন নাটকের মূলকথা।
নাটক দেখতে আসা কবি ফারহানা আনন্দময়ী বলেন, ‘আমি আগে এ নাটকের দলীয় প্রদর্শনীও দেখেছি। যেটি ঢাকার একটি দল করেছিল। দুটি নাটকের মধ্যে শুভ্রা বিশ্বাসের একক অভিনীত নাটকটিই ভালো বলে মনে হয়েছে। এককভাবে এক ঘণ্টা তিনি যেভাবে দর্শকদের মঞ্চে আটকে রেখেছিলেন তা অসাধারণ।’ এ ছাড়া ১৬ ফেব্রুয়ারি মুক্তমঞ্চে মঞ্চস্থ হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রযোজিত নাটক মহাবিদ্যা ও এবং পাগল।
গতকাল মুক্তমঞ্চে সংগীত পরিবেশন করেন অভ্যুদয় সংগীত অঙ্গনের শিল্পীরা। এ ছাড়া ছিল প্রাপন নৃত্য একাডেমির নৃত্য পরিবেশনা। মূল মিলনায়তনে কমরেডস হাত নামান নাটকটি মঞ্চস্থ করে গণায়ন নাট্যসম্প্রদায়।
উৎসবে আজ বিকেলে মুক্তমঞ্চে পাঠ অভিনয় পরিবেশন করবেন শুভ্রা বিশ্বাস। সংগীত পরিবেশন করবেন সংগীত ভবনের শিল্পীরা। আগামীকাল উৎসবের শেষ দিন মুক্তমঞ্চে থাকবে গণায়নের যায় দিন ফাগুনো দিন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের হাইড অ্যান্ড সিক নাটক মঞ্চস্থ হবে।