সমাজসেবা অধিদপ্তরে চাকরির সুযোগ
সমাজের অনগ্রসর, বঞ্চিত, দরিদ্র ও সমস্যাগ্রস্ত জনগোষ্ঠীর জন্য কাজ করতে অনেকেরই ভালো লাগে। এদের কল্যাণ সাধন, সামাজিক নিরাপত্তা দেওয়া এবং ক্ষমতায়নের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নে নিজেকে জড়াতে চান অনেকেই। আর সেটা যদি হয় চাকরির ক্ষেত্র, তা হলে তো কথাই নেই। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের চাকরি এমন সুযোগ এনে দিতে পারে। সম্প্রতি পত্রপত্রিকায় সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ফলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে যাঁরা কাজ করতে চান, তাঁদের জন্য সুযোগ এসেছে। যেসব পদে নিয়োগ হবেপত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ১৫টি পদে নিয়োগ দেওয়া হবে ৬৯২ জনকে। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক লোক নেওয়া হবে ইউনিয়ন সমাজকর্মী, অফিস সহকারী কাম-কম্পিউটার, মেট্রন কাম-নার্স পদে। ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হবে ৪২১ জন, আর অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১১৩ জনকে। এ ছাড়া অষ্টম শ্রেণী পাসদের জন্যও এমএলএসএস পদে ১০৭টি পদ রয়েছে। কাজ কীইউনিয়ন সমাজকর্মী হচ্ছেন সমাজসেবা অধিদপ্তরের একেবারে মাঠপর্যায়ের কর্মী। দপ্তরের কার্যক্রম এবং সেবা মাঠপর্যায় পর্যন্ত বাস্তবায়নের দায়িত্ব পালন করে থাকেন তাঁরা। সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সিতাংশু সেন বলেন, দপ্তরের যেকোনো সামাজিক নিরাপত্তা কার্যক্রমের মূল হোতা হিসেবে ইউনিয়ন সমাজকর্মীরা কাজ করে থাকেন। এর মধ্যে পল্লী সমাজসেবা কার্যক্রম, পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম, এসিডদগ্ধ ও পুনর্বাসন কার্যক্রম অন্যতম। এ ছাড়া সামাজিক নিরাপত্তাসেবার আওতায় বয়স্ক ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা-উপবৃত্তি, মুক্তিযোদ্ধা সম্মানী তথা সব ধরনের ভাতা প্রাপ্য ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া, তাঁদের তালিকা প্রণয়নের কাজ করতে হয় সমাজকর্মীদের।এক কথায় বলতে গেলে, সরকারের যাবতীয় সমাজসেবা কাজের বাস্তবায়ন করতে হয় ইউনিয়ন সমাজকর্মীর। আর অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকদের দাপ্তরিক বিভিন্ন কাজ করতে হয়। আবেদনের যোগ্যতাবিজ্ঞাপনে দেখা যায়, ইউনিয়ন সমাজকর্মীর ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস হতে হবে। আর নারী প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি পাস হলেও চলবে। তবে সমাজসেবামূলক কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের আগ্রহী প্রার্থীদেরও এইচএসসি পাস হতে হবে এবং কম্পিউটার জানা থাকতে হবে। আবেদন প্রক্রিয়াআবেদনকারীকে নিজে আবেদনপত্র তৈরি করতে হবে। আবেদনপত্রে নাম, পিতা ও মাতার নাম, পদের নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জেলার নাম, জন্ম তারিখ, বয়স, জাতীয়তা, ধর্ম, অভিজ্ঞতা ইত্যাদি থাকতে হবে। আবেদনপত্রের সঙ্গে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ছবি জমা দিতে হবে। আর আবেদনপত্র মহাপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, সমাজসেবা ভবন, প্লট-ই-৮/বি, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা বরাবর ১২ আগস্টের মধ্যে পাঠাতে হবে। নিয়োগপ্রক্রিয়াসমাজসেবা অধিদপ্তরের অন্যান্য নিয়োগপ্রক্রিয়ার মতো এসব পদের নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হবে। সিতাংশু সেন জানান, সরকারের নিয়োগবিধি অনুযায়ী ইউনিয়ন সমাজকর্মী ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে হবে। পরীক্ষা একই দিনে বা ভিন্ন ভিন্ন দিনে হতে পারে। তবে নিয়োগ পরীক্ষার প্রশ্নের ধরন পদভেদে ভিন্ন রকম হবে। বিষয়টি চূড়ান্ত হবে কেন্দ্রীয় নিয়োগ কমিটির মাধ্যমে। পুরো আয়োজন কেন্দ্রীয়ভাবেই হবে বলে দপ্তর সূত্রে জানা যায়। লিখিত পরীক্ষায় টিকলেই কেবল পরবর্তী ধাপ মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া যাবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। প্রশিক্ষণযাঁরা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন, তাঁদের নির্ধারিত মেয়াদে বুনিয়াদি প্রশিক্ষণ করতে হবে। এরপর প্রয়োজনে বিভিন্ন সময়ে নানা মেয়াদে প্রশিক্ষণ নিতে হবে। এসব প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করতে হবে। আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে প্রশিক্ষণগুলো ন্যূনতম সাত দিনের হয়ে থাকে বলে জানা যায়। পদোন্নতি ও বেতনইউনিয়ন সমাজকর্মী ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকের বেতন ২০০৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী সব মিলিয়ে প্রায় ছয় হাজার টাকা। সরকারের অন্যান্য সুবিধা তো পাবেনই। রয়েছে পদোন্নতির সুযোগও। মহাপরিচালক জানান, একজন ইউনিয়ন সমাজকর্মী পদোন্নতি পেয়ে ইউনিয়ন সুপারভাইজার, ফিল্ড সুপারভাইজার হতে পারবেন। তাঁরা যোগ্যতাসাপেক্ষে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাও হতে পারবেন। সরকারি চাকরি আমাদের দেশে এখনো চাকরির বাজারে এগিয়ে। আর চাকরির পাশাপাশি যদি সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখা যায়, তবে তো কথাই নেই। তৃণমূল পর্যায়ের মানুষের জন্য সরকারের সব ধরনের সেবা পৌঁছে দিতে আগ্রহীরা সমাজসেবা অধিদপ্তরের চাকরির জন্য আবেদন করতে পারেন।