সমাজসেবা নেবে ২৭৯ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরে ১৫টি পদে মোট ২৭৯ জন নেওয়া হবে বলে বিভিন্ন পত্রিকায় সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব পদে আবেদন করা যাবে ২১ জানুয়ারি পর্যন্ত। সব জেলার প্রার্থীরাই এ নিয়োগে আবেদনের সুযোগ পাবেন।
এই নিয়োগে ফিল্ড সুপারভাইজার পদে ২৬ জন, গ্র্যাজুয়েট টিচার পদে ৯ জন, কম্পাউন্ডার পদে ৩৬ জন, সহকারী শিক্ষক পদে ২৭ জন, মেট্রন কাম নার্স পদে ৯ জন, কটেজ মাদার পদে ১ জন, বড় ভাইয়া পদে ৬ জন, খালাম্মা পদে ৫ জন, অফিস সহায়ক পদে ১৩৫ জন, বার্তাবাহক পদে ৯ জন, নিরাপত্তা প্রহরী পদে ৯ জন, মালি পদে ১ জন, আয়া পদে ২ জন, ফিটার অ্যাটেনডেন্ট পদে ২ জন এবং পরিচ্ছন্নতাকর্মী পদে ২ জনকে নিয়োগ করা হবে। এসব পদে আবেদন করতে হলে প্রার্থীদের পদভেদে সর্বনিম্ন অষ্টম শ্রেণি থেকে স্নাতক পাস হতে হবে। এ ছাড়া পদভেদে কিছু অভিজ্ঞতাও থাকতে হবে। নিয়োগের ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের বয়স ৩১-১২-১৫ তারিখে ১৮ থেকে ৩০ বছর এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। তবে পদভেদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এসব পদে আবেদন করতে হলে প্রার্থীকে সরকার কর্তৃক নির্ধারিত এক পাতার চাকরির আবেদন ফরম পূরণ করে মহাপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, সমাজসেবা ভবন, প্লট নম্বর ই৮, বি-১, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭ এই ঠিকানায় পাঠাতে হবে। আবেদন ফরম সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dss.gov.bd) তে পাওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর নাম ও বর্তমান যোগাযোগের ঠিকানা উল্লেখ করে দশ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকিটযুক্ত ফেরত খাম (৯.৫-৪.৫) এবং পরীক্ষার ফি বাবদ পদভেদে ১০০ ও ৫০ টাকার ট্রেজারি চালানের মাধ্যমে কোড নম্বর (১-২৯৩১-০০০০-২০৩১) এ মহাপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, ঢাকা বরাবর সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিয়ে ট্রেজারি চালানের মূল কপি সংযুক্ত করতে হবে। ট্রেজারি চালান ব্যতীত ব্যাংক ড্রাফট, পে-অর্ডার, পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য হবে না। প্রার্থীকে খামের ওপর পদের নাম ও জেলার নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) রকিব আহমেদ বলেন, আবেদনপত্র যাচাই-বাছাই করে শুধু তৃতীয় শ্রেণির প্রার্থীদের ১০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এতে বিষয় থাকবে চারটি—বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান। লিখিত পরীক্ষায় বাংলায় ৩০, ইংরেজিতে ৩০, গণিতে ২০ এবং সাধারণ জ্ঞানে ২০ নম্বরের প্রশ্ন করা হবে। কোনো প্রার্থী ৫০ নম্বরের নিচে পেলে মৌখিক পরীক্ষায় ডাকা হবে না বলে রকিব আহমেদ জানান। আর চতুর্থ শ্রেণির পদের প্রার্থীদের শুধু মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা-সম্পর্কিত সব প্রকার মূল/সাময়িক সনদ, অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, প্রথম শ্রেণি গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ, শারীরিক প্রতিবন্ধী, এতিম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং আনসার ও ভিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট এবং মুক্তিযোদ্ধা কোটায় প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পিতা-মাতার মুক্তিযোদ্ধা সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।