
ফটিকছড়ির দুই ইউনিয়ন পরিষদ (ইউপি)—বক্তপুর ও সুন্দরপুরে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থেকে গেলেন আওয়ামী লীগের দুই ‘বিদ্রোহী’ প্রার্থী। তাঁরাও সমান তালে প্রচারণা চলাচ্ছেন। দলীয় নেতা-কর্মী ও ভোটারদের ধারণা, ‘বিদ্রোহী’ প্রার্থীরা চেয়ারম্যান পদে নির্বাচনী হিসাবনিকাশ পাল্টে দিতে পারেন।
তৃতীয় ধাপে ফটিকছড়ি উপজেলার ১৫টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল।
দলীয় নেতা-কর্মীরা জানান, বক্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এস এম সোলায়মান। কিন্তু দলীয় সিদ্ধান্ত না মেনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান ফারুক-উল-আজম ‘বিদ্রোহী’ হিসেবে নির্বাচনী মাঠে নেমেছেন। ফারুক-উল-আজম বলেন, ‘মাঠের অবস্থা বিবেচনা না করেই দল আরেকজনকে মনোনয়ন দিয়েছে। ভোটার তার প্রতিদান দেবেন।’
এস এম সোলায়মান বলেন, ‘এর আগে আমি এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। এ ছাড়া গতবার অল্প ভোটের ব্যবধানে হেরেছি। সুষ্ঠু নির্বাচন হলে আশা করছি এবার আর হারব না।’ বক্তপুরে বিএনপির রয়েছে একক প্রার্থী জাহাঙ্গীর আলম।
সুন্দরপুর ইউপিতে দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ–সম্পাদক মো. শাহনেওয়াজ। এখানে সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে মাঠে আছেন। তিনি বলেন, ‘দল মনোনয়ন দিতে ভুল করেছে। আশা করি মানুষ দলীয় প্রতীক নয়, প্রার্থী হিসেবে আমাকেই আবার নির্বাচিত করবে।’
মো. শাহনেওয়াজ বলেন, ‘সবকিছু বিবেচনা করে দল সর্বশেষ আমাকে মনোনয়ন দিয়েছে। দলের সবাই আমার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। আমিও মাঠ চষে বেড়াচ্ছি। কেউ আমার জয় ঠেকাতে পারবে না।’ সুন্দরপুরে বিএনপির প্রার্থী শহীদুল আজম।
সরেজমিনে দেখা গেছে, দুটি ইউনিয়নে আওয়ামী লীগ-বিএনপির প্রার্থীর পাশাপাশি বিদ্রোহী প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন জোরেশোরে। সকাল থেকে রাত পর্যন্ত সময় পার করছেন উঠান বৈঠক ও গণসংযোগে।
ভোটার ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলাপে জানা গেছে, দুই বিদ্রোহী প্রার্থী সামাজিক অবস্থান ভালো। তাঁরা আগে চেয়ারম্যান থাকায় ভোটারদের সঙ্গে যোগাযোগও রয়েছে বেশি। ফলে ভোটের হিসাবে তাঁদের ব্যক্তিগত ইমেজ প্রভাব ফেলতে পারে। এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগের কোন্দলের কারণে অনেক নেতা-কর্মী প্রকাশ্যে ও গোপনে দলীয় প্রার্থীর বিরোধিতা করছেন।
জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘দলীয় প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করতে হবে। দলীয় প্রার্থীর বিপক্ষে কিছু নেতা-কর্মী কাজ করছেন এমন অভিযোগ পাওয়ার পর আমরা দলের ঊর্ধ্বতনদের জানিয়েছি। তাঁদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।’ নির্বাচনী ফলাফলের ব্যাপারে তিনি বলেন, ‘দলীয় প্রার্থীর বিজয় হবেই।’