
কক্সবাজারের মহেশখালী পৌরসভা নির্বাচনের প্রচারণা এখন তুঙ্গে। মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের সঙ্গে সমান তালে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন সংরক্ষিত নারী ওয়ার্ডের প্রার্থীরাও। সকাল থেকে রাত পর্যন্ত চলছে বিরামহীন প্রচারণা। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী। এর মধ্যে রয়েছেন বর্তমান তিন কাউন্সিলরও। এ ছাড়া ছয়জন নতুন মুখ ও একজন গতবারের পরাজিত প্রার্থী। প্রার্থীরা হলেন ১ নম্বর ওয়ার্ডে রওশন আরা গফুর (বর্তমান কাউন্সিলর), মনোয়ারা বেগম ও রহিমা কবির। ২ নম্বর ওয়ার্ডে প্রীতিকণা শর্মা (বর্তমান কাউন্সিলর), মনজু রানী দে ও জাহেদা আকতার। ৩ নম্বর ওয়ার্ডে খুরশিদা খানম (বর্তমান কাউন্সিলর), সুলতানা রাজিয়া, তছলিমা আকতার ও নাজমা আকতার।
সরেজমিনে দেখা গেছে, হাটবাজারের চেয়ে নারী প্রার্থীরা ভোটারদের বাড়িতেই বেশি সময় দিচ্ছেন। ওই সময় নারীদের নিয়ে উঠান বৈঠকও সারছেন। এতে তাঁরা নারী উন্নয়নে কাজ করার অঙ্গীকার করছেন।

পৌরসভার দক্ষিণ হিন্দুপাড়ায় কথা হয় ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী ও বর্তমান কাউন্সিলর প্রীতিকণা শর্মার সঙ্গে। তিনি বলেন, ‘গত পাঁচ বছর ধরে নারীর অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি এলাকার রাস্তাঘাটের উন্নয়নে কাজ করেছি। এবারও নির্বাচিত হলে নারীদের পাশে থাকব। আশা করছি, ভোটাররা তা বিবেচনা করবেন।’
গোরকঘাটার সিকদারপাড়ায় দেখা হয় ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী সুলতানা রাজিয়া। তিনি তখন উঠান বৈঠক করছিলেন। সুলতানা বলেন, ‘গতবার মাত্র চার ভোটে পরাজিত হয়েছি। এখনো ভোটারদের মধ্যে আমার গ্রহণযোগ্যতা আছে। পাশাপাশি আমার পক্ষে পৌর মহিলা আওয়ামী লীগের সদস্যরা কাজ করছেন।’ তিনি জানান, নির্বাচিত হলে এলাকার বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে কাজ করবেন।
পুটিবিলা এলাকায় গণসংযোগের সময় কথা হয় ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর রওশন আরা গফুরের সঙ্গে।
তিনি বলেন, ‘আমি সব সময় এলাকার নারীদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। নারীদের সেবা করার জন্যই এবারও প্রার্থী হয়েছি।’