
টেকনাফে চার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী প্রচারণায় সমানে চলছে আচরণবিধি লঙ্ঘন। বেশির ভাগ চেয়ারম্যান পদপ্রার্থী আচরণবিধির তোয়াক্কাই করছেন না।
সড়কের মাঝখানে তোরণ নির্মাণ করে তাতে বসানো হয়েছে প্রতীক। গাছ ও দেয়ালে সাঁটানো হয়েছে পোস্টার। বিভিন্ন যানবাহনে দুটি মাইক লাগিয়ে চলছে প্রচারণা। এ ছাড়া গাড়িবহর নিয়ে মিছিল তো আছেই। অনেকটা প্রতিযোগিতা দিয়ে আচরণবিধি লঙ্ঘন করছেন তাঁরা। সরেজমিনে ঘুরে এ চিত্র পাওয়া যায়।
অথচ এ নিয়ে প্রশাসন নিশ্চুপ। এ পর্যন্ত কোনো প্রার্থীকেই জরিমানা করা হয়নি। এ ছাড়া বিধি অনুযায়ী চেয়ারম্যান পদে দল মনোনীত প্রার্থীর পোস্টারে শুধু দলীয়প্রধানের ছবি থাকতে পারবে। কিন্তু আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কয়েকজন প্রার্থী দলীয়প্রধানের বাইরে আরও কয়েকজনের ছবি ব্যবহার করেছেন।
প্রসঙ্গত, টেকনাফ উপজেলার সদর, সাবরাং, বাহারছড়া ও সেন্ট মার্টিন ইউপিতে ২২ মার্চ ভোট গ্রহণের কথা রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, প্রচারণার নির্দিষ্ট সময় বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত হলেও দুপুর ১২টার পর থেকে গভীর রাত পর্যন্ত এক গাড়িতে একাধিক মাইক ব্যবহার করে প্রচারণা চালানো হচ্ছে। এ নিয়ে অতিষ্ঠ বাসিন্দারা।
১৫ মার্চ সরেজমিনে বেলা একটায় টেকনাফ সদরের তুলাতলী এলাকায় গিয়ে এর সত্যতা পাওয়া যায়। সেখানে জিপ ও অটোরিকশায় একাধিক মাইক বেঁধে চেয়ারম্যান পদপ্রার্থীদের প্রচারণা চলছে। প্রচারণার কাজে ব্যবহার করা হচ্ছে শিশু-কিশোরদের।
কথা হয় তুলাতলী বাজারের ব্যবসায়ী নবী হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘প্রার্থীদের সারিবদ্ধ মাইকিংয়ের যন্ত্রণায় ক্রেতার সঙ্গে কথা বলা যায় না। কান ঝালাপালা করে দিচ্ছে। গভীর রাত পর্যন্ত প্রচারণা চালানো হলেও প্রশাসন কিছুই বলছে না।’
এমন শব্দদূষণে অস্বস্তিতে রয়েছে স্থানীয় শিক্ষার্থীরাও। টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী নুরুল ইসলাম ও আমির হোসেন বলে, উচ্চশব্দের মাইক ব্যবহার করে গানের তালে তালে ভোটের প্রচারণায় লেখাপড়ার ব্যাঘাত ঘটছে।
এ নিয়ে কথা হয় টেকনাফ সদর ইউপির বিএনপির প্রার্থী জিয়াউর রহমান, আওয়ামী লীগের নুরুল আলম, স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) মো. শাহাজান মিয়ার সঙ্গে। সবাই একাধিক মাইক বেঁধে প্রচারণার কথা স্বীকার করেন। তবে তাঁদের দাবি, কটি মাইক বেঁধে প্রচারণা চালানো যাবে, তা তাঁরা জানেন না।
১৩ মার্চ বেলা একটা থেকে রাত নয়টা পর্যন্ত সাবরাং ইউনিয়নের প্রতিটি গ্রামে ঘুরে দেখা গেছে, আওয়ামী লীগের চেয়ারম্যান পপদ্রার্থী সোনা আলীর সমর্থনে জিপে দুটি করে মাইক লাগিয়ে গানের তালে তালে শিশু-কিশোরেরা প্রচারণা চালাচ্ছে। বেলা তিনটায় শাহপরীর দ্বীপ বাজারে দেখা যায়, কাঠের তৈরি আস্ত নৌকায় চাকা লাগিয়ে সোনা আলীর সমর্থনে মিছিল বের করেছেন কর্মী-সমর্থকেরা। এ ছাড়া পোস্টারে দলীয় প্রধানের বাইরে একাধিক ছবি ব্যবহার করা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে সোনা আলী বলেন, ‘কোনো প্রার্থী আচরণবিধি মানছেন না। সকল প্রার্থীর দেখাদেখিতে আমার সমর্থিত লোকজনও শোডাউন এবং গাড়িতে একাধিক মাইক ব্যবহার করছেন।’
একই ইউনিয়নে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ আয়াছের প্রচারণায়ও অটোরিকশায় দুটি মাইক ব্যবহার করা হচ্ছে। তিনিও পোস্টারে দলীয়প্রধানের বাইরে আরও একজনের ছবি ব্যবহার করেছেন।
মোহাম্মদ আয়াছ বলেন, ‘সরকারদলীয় প্রার্থী তিনজনের ছবি দিয়ে পোস্টার ছাপিয়েছেন। সেখানে আমি মাত্র দুজনের ছবি দিয়ে পোস্টার ছাপিয়েছি। তা ছাড়া প্রচার-প্রচারণা অন্যরা যেভাবে করছে আমিও সেভাবে করছি।’
এদিকে স্বতন্ত্র প্রার্থী মো. ইসমাঈলও গাড়িবহরে তাঁর প্রতীক আনারস নিয়ে মিছিল করছেন। গাড়িতে থাকা সমর্থকদের পরনে রয়েছে প্রতীক–সংবলিত টি–শার্ট।
এ ব্যাপারে মো. ইসমাঈল বলেন, ‘আচরণবিধিতে কী আছে সেটা আমার জানা নেই। এসব আমি করছি না। সবকিছু সমর্থকেরা করছেন।’
১৪ মার্চ সকাল ১০টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বাহারছড়া ইউনিয়নের প্রতিটি নির্বাচনী এলাকায় গিয়ে দেখা গেছে, আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী আজিজ উদ্দিনের সমর্থনে শামলাপুর বাজারে সড়কের ওপর বাঁশ দিয়ে তোরণ নির্মাণ করে তাতে বসানো হয়েছে কাঠের নৌকা। জাহাজপুরা এলাকায়ও রাস্তার পাশে খুঁটি গেড়ে রঙিন নৌকা লাগানো হয়েছে। এ ছাড়া সড়কের পাশের বড় বড় গাছে ও দেয়ালে পোস্টার সাঁটানো হয়েছে।
এ প্রসঙ্গে আজিজ উদ্দিন বলেন, ‘নির্বাচনী আচরণবিধিতে কী আছে, সেটা ভালোভাবে জেনে নেওয়া হয়নি। না বুঝে আমার সমর্থকেরা বেশি উৎসাহিত হয়ে যেখানে-সেখানে পোস্টার লাগিয়েছে। তোরণ করে কাঠের নৌকা স্থাপন করেছে।’
বিএনপিদলীয় চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সেকান্দরের সমর্থনেও বড় বড় গাছে, বৈদ্যুতিক খুঁটি, দেয়াল, বেড়া ও বিভিন্ন ধরনের যানবাহনে পোস্টার সাঁটানো হয়েছে।
মোহাম্মদ সেকান্দর বলেন, ‘আওয়ামী লীগদলীয় প্রার্থী শুরু থেকে আচরণবিধি লঙ্ঘন করে আসলেও স্থানীয় প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। এমনকি পোস্টারে শুধু দলীয়প্রধানের ছবি দেওয়ার বিধান থাকলেও তিনি দুজনের ছবি দিয়ে পোস্টার ছাপিয়েছেন। আমার সমর্থকেরা না হয় কিছু পোস্টার গাছ, দেয়াল এবং বেড়ায় লাগিয়েছে।’
জানতে চাইলে উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ‘বিষয়গুলো আমার নজরে পড়েনি। এখনি খোঁজ নেওয়া হচ্ছে। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন বলেন, প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে প্রার্থীরা একাধিক মাইক ব্যবহার করে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। নির্বাচন অফিস চাইলে পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।