সকালের রোদে ঝলমল করছে পুরো এলাকা। রং-বেরঙের প্লাকার্ড, ফেস্টুন, বেলুন দোল খাচ্ছে ফাল্গুনী হাওয়ায়। ক্যাম্পাসমুখী পথগুলোর বিশাল তোরণ স্বাগত জানাচ্ছে অভ্যাগতদের। প্রতিষ্ঠার পর প্রথম সমাবর্তন, সেটাকে ঘিরে বেশ কদিন ধরে সাজ সাজ রব পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।কালো গাউন পরা গ্র্যাজুয়েটদের ব্যস্ততা ছবি তোলায়। জীবনের একটা রঙিন সময় কাটিয়েছেন তাঁরা এখানে। আনন্দময় সময়। কেউ কেউ এসেছেন অনেক দিন পরে। সেই প্রিয় ক্যাম্পাসকে ফ্রেমে বন্দী করছেন তাঁরা সারা জীবনের জন্য।২৭ ফেব্রুয়ারির সকাল। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে ছিল সমাবর্তনে অংশ নেওয়া গ্র্যাজুয়েটদের মিলন মেলা। সমাবর্তনে অংশ নিতে এসেছিলেন এই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষের কৃষি অনুষদের প্রথম ব্যাচের প্রথম স্থান অধিকারী জেসমিন আক্তার, বর্তমানে বাউফল উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা। জেসমিন জানান, ‘আমি আনন্দিত, ভীষণ আনন্দিত। আমি আমার শিক্ষাকে কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। বিজ্ঞানভিত্তিক আধুনিক কৃষিব্যবস্থার উন্নতির মাধ্যমে বাংলাদেশকে উৎপাদনশীল হিসেবে গড়ে তুলতে চাই।’অনেক দিন পর আবার ক্যাম্পাসে এসে আবার যেন ছাত্রজীবন ফিরে পেলেন স্বর্ণপদক পাওয়া আবু বকর। ধান গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা আবু বকর জানান তাঁর স্বপ্নের কথা, ‘বৃহত্তর বরিশালের লবণাক্ত অঞ্চলের উপযোগী ধান উৎপাদনে সক্রিয় ভূমিকা রাখব।’বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে লেকের পাড়ে ছবি তোলায় ব্যস্ত জিনাত নাসরিন সুলতানা, রাহাত মাহমুদ ও শান্তিরঞ্জন দাস। জিনাত বললেন, কৃষিশিক্ষায় নারীরা এখনো অনেক পিছিয়ে। আমি মনে করি, কৃষিশিক্ষায় নারীরা আরও এগিয়ে আসবে। কৃষিকাজে নারীর সম্পৃক্ততা আরও বাড়বে।পিরোজপুরের তনুশ্রী ও বরগুনার কামরুননেছা দেখা মিলল এই সমাবর্তনে এসে। কৃষি অনুষদ থেকে স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থী ছালমা খানম বলেন, আমাদের এই বিশ্ববিদ্যালয়ে এখন আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়।২০০২ সালের ২৬ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে কার্যক্রম শুরু হয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। ২০১০ সাল পর্যন্ত এখান থেকে ৭১০ জন স্নাতক এবং ৩২ জন স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তাঁদের মধ্যে ৪৯৫ জন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সনদ গ্রহণ করেন। তাঁদের ১১ জন পেয়েছেন স্বর্ণপদক।সমাবর্তনকে ঘিরে ক্যাম্পাসে বয়ে যায় প্রাণের উৎসব। সব আনুষ্ঠানিকতা শেষ হলে বিদায়ের পালা। অজান্তেই যেন অশ্রুবিন্দু চিক চিক করে ওঠে কারও কারও চোখে—প্রিয় ক্যাম্পাসের জন্য, প্রিয় বন্ধুদের জন্য।