টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন। তাই স্নাতকদের মধ্যে দারুণ উৎসাহ-উদ্দীপনা। এ যে ইতিহাসের অংশ হওয়ার সুোযগ। তাই অনুভূতিটাই ছিল অন্য রকম। প্রত্যাশা আকাশসম।৬ এপ্রিল। সমাবর্তনে ডিগ্রি পাওয়া সবার মুখে আনন্দের হাসির ঢেউ খেলে যায়। পুরোনো ক্যাম্পাসে নতুন করে এসে কারও চোখের কোণে দেখা মেলে আনন্দাশ্রুর।হলজুড়ে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা, ঠাসাঠাসি অবস্থা তবু আনন্দের কমতি নেই কারও। প্রাক্তন শিক্ষার্থীদের বরণ করে নিতে ক্যাম্পাস সেজেছে বর্ণিল সাজে। সমাবর্তন মহড়া থেকেই শুরু হয় আনন্দ আর গর্বের। সমাবর্তন পোশাকে সবাইকে দারুণ মানিয়ে যায়, চলতে থাকে একের পর এক ছবি তোলা।১৯৯৯ সালে মজলুম জননেতা মওলানা ভাসানীর আমৃত্যু সংগ্রামের স্মৃতিবিজড়িত টাঙ্গাইল জেলার সন্তোষে প্রতিষ্ঠিত হয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার এক যুগ পেরিয়ে ৬ এপ্রিল ২০১৩ বিশ্ববিদ্যালয়টির প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হলো।অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম নুরুল ইসলাম, সহ-উপাচার্য মনিরুজ্জামান প্রমুখ।সমাবর্তন অনুষ্ঠানে এক হাজার ৬৯ জন শিক্ষার্থীকে স্নাতক এবং ১২১ জন শিক্ষার্থীকে স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। এ ছাড়া ৪৭ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক পদক দেওয়া হয়। এর মধ্যে ১০ জনকে চ্যান্সেলরস অ্যাওয়ার্ড, ১৪ জনকে ভাইস চ্যান্সেলরস অ্যাওয়ার্ড ও ২৩ জনকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়। ‘স্বর্ণপদক পাওয়ার দিনটি স্মরণীয় একটি দিন। এটি আসলে আমার অর্জন নয় বরং আমার মায়ের প্রাপ্তি। বাবার মৃত্যুর পর আমাকে এ পর্যায়ে নিয়ে আসতে আমার মাকে যত ত্যাগ স্বীকার করতে হয়েছে, তাঁর সব কষ্টের প্রতি কিছুটা হলেও সম্মান জানাতে পেরেছি, এই ভেবে আনন্দটা আরও বেড়েছে’, ভাইস চ্যান্সেলরস গোল্ড মেডেল অ্যাওয়ার্ড পাওয়া জীবপ্রযুক্তি ও জিন প্রকৌশল বিভাগের রোশনি ফাতিমা এভাবেই ব্যক্ত করলেন তাঁর অনুভূতির কথা।মূল অনুষ্ঠান শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে একটি শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। বিকেল থেকে শুরু হয় জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান।