১৭ ফেব্রুয়ারি ছিল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জন্য এক আনন্দের উপলক্ষ। ওই দিন ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অষ্টম সমাবর্তন। এবারের সমাবর্তনে মোট ৭৪১ জনকে আনুষ্ঠানিকভাবে স্নাতক ও স্নাতকোত্তর সনদ দেওয়া হয়। এঁদের মধ্যে আটজন পেলেন আচার্য স্বর্ণপদক।আচার্য স্বর্ণপদক পাওয়া শিক্ষার্থীরা হলেন আথিনা শাওলিন, রাচায়েন মাহফুজ হক, সাদিকা আমরিন, আহমেদ হোসনে জেনান, মিরাক রাজ আংরেম্বে, সুপ্রিয় শাফকাত আহমেদ, মারুফ আহমেদ চৌধুরী ও সুনিতা শ্রেষ্ঠা। আচার্য স্বর্ণপদক পেয়ে ভীষণ উচ্ছ্বসিত সাদিকা আমরিন ও মারুফ আহমেদ চৌধুরী। তাঁরা জানান, ‘চার বছরের পরিশ্রমের স্বীকৃতি পেলাম। পেশাজীবনেও এ সাফল্য ধরে রাখতে চাই।’ প্রধানমন্ত্রীর শিক্ষা ও সামাজিক উন্নয়নবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আলাউদ্দিন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা রাহুল বোস। তিনি বলেন, ‘সমাজের ভবিষ্যৎ নেতৃত্ব তরুণদের হাতে। এ জন্য শিক্ষার্থীদের সৎ ও ন্যায়পরায়ণ হতে হবে। দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করার মানসিকতা লালন করতে হবে সব সময়।’সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। স্নাতকদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘সমাজের মানুষের মর্যাদা সমুন্নত করতে হবে। এ লক্ষ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নের জন্য আপনারা অর্জিত শিক্ষা ও জ্ঞান প্রয়োগ করবেন এমনটাই প্রত্যাশা আপনাদের কাছে।’ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত সবাইকে ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।সমাবর্তনের প্রচলিত রীতির বাইরে গিয়ে আকাশি-নীল রঙের গাউন পরে হাজির হয়েছিলেন শিক্ষার্থীরা। হাতে সনদ, মুখে উচ্ছ্বাসের হাসি, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র যেন ভরে ওঠে নীল সমুদ্রের ঢেউয়ে। সবাই ছিলেন বন্ধুদের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত। কেউ ফটকের কাছে, কেউ সিঁড়ির গোড়া ঘেঁষে, কেউবা সিঁড়িতে বসে ছবি তুলছেন। শিক্ষাজীবনের স্মৃতি ধরে রাখতেই শিক্ষার্থীদের এই আয়োজন। ক্যামেরায় ক্লিক করতে করতেই শেষ হবে আনন্দের দিনটি, কাটবে না তার রেশ।