এপ্রিলের ১১ তারিখ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়ে গেল। এতে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা অধ্যাপক আলাউদ্দিন আহমেদ সভাপতি হিসেবে উপস্থিত থেকে চ্যান্সেলরের পক্ষে শিক্ষার্থীদের স্নাতক ডিগ্রি প্রদান করেন। সমাবর্তন বক্তা জামিলুর রেজা চৌধুরী, বিশেষ অতিথি পিএসসির সদস্য শরীফ এনামুল কবীর, বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি মোয়াজ্জেম হোসেন ও ইউনিভার্সিটির উপাচার্য মুহম্মদ মাহবুব আলী বক্তব্য দেন।মোয়াজ্জেম হোসেন বলেন, দেশে শিক্ষার মান উন্নয়ন ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিকে লক্ষ্য অর্জনে কঠোর ও নিরলসভাবে কাজ করতে হবে।সমাবর্তন উপলক্ষে ওই দিন সন্ধ্যায় গুলশানের একটি কনভেনশন সেন্টারে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ উৎসবের আয়োজন করা হয়। এতে দেশের বরেণ্য শিল্পীদের পরিবেশনায় সংগীত, কবিতা আবৃত্তি, নৃত্যসহ বিশ্ববিদ্যালয়ের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। শিক্ষার্থীরা মোম জ্বালিয়ে গানে গানে ও নৃত্যের মাধ্যমে বিদায়ী শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদন করেন। সমাবর্তন অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রাশিদা আক্তার। পুরো সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এস এম আবদুস শাকুর এবং প্রামাণ্যচিত্র নির্মাণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহরুখ ওসমান।বিদায়ী ছাত্রছাত্রীরা আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয়ের মঙ্গল কামনায় তাঁদের প্রয়াস রাখার অঙ্গীকার করেন।— ইয়াসিন বারী