সমাবর্তনের মিলনমেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো মেঘ, কখনো বৃষ্টি আবার কখনো রোদ-ঝলমল চারপাশ। এটা বৈশাখ মাসের প্রকৃতির রূপ-বৈচিত্র্যের চিয়ায়ত দৃশ্য। ২২ এপ্রিল সকালবেলার মুহূর্তটুকু এমনই ছিল। প্রকৃতির এই ক্ষণবদলের মধ্যেই সিলেটের উপশহর এলাকার জালালাবাদ গ্যাস মিলনায়তনে বসেছিল ৪৮২ শিক্ষার্থীর মিলনমেলা। আর এ মিলনমেলা বসেছিল সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে। দীর্ঘদিনের না দেখা বন্ধুদের ফিরে পেয়ে অনেকেই আড্ডায়-আনন্দে মশগুল হয়ে পড়েন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পাস করা জামান তো বলেই ফেললেন, ‘মাত্র কয়েক দিন আগে ক্যাম্পাস ছেড়েছি, অথচ মনে হচ্ছে, ক-ত-দি-ন হয়ে গেছে। পুরোনো বন্ধুবান্ধবকে ফিরে পেয়ে খুব ভালো লাগছে। সেটা ভাষায় প্রকাশ করা যাবে না!’বিশ্ববিদ্যালয়ের পাট চুকিয়ে প্রায় সবাই দেশের বিভিন্ন অঞ্চলে কর্মক্ষেত্রে নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে দায়িত্ব পালন করছেন। সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে আবারও জড়ো হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। স্থানে স্থানে জটলা বেঁধে পুরোনো বন্ধুরা মিলে সেকি আড্ডা! কে কবে বিয়ে করেছেন, কার স্বামী কিংবা স্ত্রী কী করেন, কর্মক্ষেত্রে কার অবস্থান কোথায়, কারা কারা উচ্চশিক্ষার্থে বিদেশে অবস্থান করছেন—কত কী যে গল্প! কথা হয় এমবিএ পাস করা এনাম আহমেদের সঙ্গে। তিনি বলেন, ‘এবার দেশের ঋণ শোধ করার পালা শুরু হলো। কর্মক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি সমাজের উন্নয়নে কাজ করব।’একই বিষয়ে পড়াশোনা করে পাস করা শিরিন আহমদ আবেগাপ্লুত হয়ে বলেন, ‘ক্যাম্পাসে কত মজা করেছি। এত দিনের প্রিয় ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছি। সবকিছু খুব মিস করব।’বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে চ্যান্সেলর অ্যাওয়ার্ড পান বিবিএ বিভাগের শিক্ষার্থী দেবাশীষ রায়। স্বাভাবিকভাবেই তিনি অন্যদের চেয়ে একটু বেশি উচ্ছ্বসিত। উচ্ছ্বাস প্রকাশ করেই বললেন, ‘খুব বেশি যে পড়াশোনা করেছি, তা কিন্তু নয়। তবে যতটুকু সময় পড়েছি, খুব মনোযোগ দিয়ে পড়েছি।’তিনি জানান, ৩ দশমিক ৯৭ সিজিপিএ পেয়ে ভালো ফল করার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে ওই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগে প্রভাষক পদে নিয়োগ দিয়েছেন। এখন তিনি তাঁর মতোই অসংখ্য শিক্ষার্থীকে ভালো ফল করার ব্যাপারে নিরন্তর চেষ্টা চালিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।