কানিজ কেমন আছিস তুই? সাথী তুই ফোন ধরিস না কেন? না, তবে জিনুর সঙ্গে কিন্তু আমার বেশ কথা হয়। টগর ভাইয়ের কথা কি ভুলে গেছিস? ভুলব কেন? টগর ভাই তো দিনাজপুরেই থাকেন। কুষন আপু, মমতা আপু, জুঁই আপু—সত্যিই আমরা ভীষণ মিস করি আপনাদের। বিএজি পাস করে স্কুলশিক্ষকতা ভালো লাগছে না—বলল আসমা। ব্যাংকের চাকরি ভালো লাগছে না। বিসিএস দিয়ে ক্যাডার সার্ভিসে যাওয়ার চেষ্টা করছি—বন্ধুদের জানায় মাহফুজ।ক্যাম্পাসে থাকতে মনে হতো কবে পাস করে বেরিয়ে একটা ভালো চাকরি করব। কিন্তু ক্যাম্পাস ছেড়ে যাওয়ার পর মনটা খারাপ হয়ে যায়। সবার কথা প্রায় সময়ই মনে পড়ে—বলছিল জেরিন।হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এসে প্রিয় বন্ধু-বান্ধবী, সহপাঠী, বড় আপু আর বড় ভাইয়াদের সঙ্গে দেখা হওয়ার পর ফারমিনা, শবনম, কানিজ, রুনা, সাথী, রাজীব, প্রলাত ও জিনু একে অপরকে জড়িয়ে ধরে। আনন্দে চিমটি কাটা আর কথামালার ফুলঝুরিতে হূদয়ে জমে থাকা আকুতি উজাড় করে তুলে ধরে সবাই।৯ ডিসেম্বর দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান হয়ে গেল। ২০০৩ সালের নভেম্বরে প্রতিষ্ঠার পর থেকে চলতি ২০১০ সাল পর্যন্ত বিভিন্ন বিষয়ে নয়জন পিএইচডি, ৭৯ জন মাস্টার্স এবং ৭৩০ জন ব্যাচেলর ডিগ্রিধারীদের সনদ প্রদান করা হয়।সমাবর্তনের দিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে জড়ো হয়েছিলেন পঞ্চম ব্যাচে পাস করা কৃতী শিক্ষার্থীরা। সমাবর্তনের গাউন আর সনদপত্র হাতে নিয়ে নানা পোজ দিয়ে একসঙ্গে ছবি তোলার সে কি ধুম! ছবি তোলা শেষে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার শবনম মুশতারী, বগুড়া শহরের কাটনারপাড়ার শারমিন, দিনাজপুর শহরের ফারমিনাসহ সবাই গেয়ে উঠলেন, ‘আহা কি আনন্দ আকাশে বাতাসে...।’ বন্ধুরা সবাই তাঁদের সঙ্গে গলা মেলাতে এতটুকুও কার্পণ্য করলেন না। ‘শাখে শাখে, পাখি ডাকে, কি যে শোভা চারিপাশে...।’পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার অষ্টমণিশা গ্রামের প্রলয়কুমার গোস্বামী বললেন, ‘২০০৯ সালে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে গ্র্যাজুয়েশন শেষ করেছি। এখন চাকরি খুঁজছি। তবে তার আগে এমএস শেষ করতে চাই।’‘পাস করার পর বন্ধুরা ছিটকে পড়েছি। বন্ধুরা কেউ চাকরি করছে, কেউবা চাকরি খুঁজছি। সমাবর্তনে এসে সবার সঙ্গে দেখা। আমরা যেন হারিয়ে গেছি স্মৃতির গভীরে।’ জানালেন প্রলয়কুমার।শারমিন সুলতানা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম ব্যাচে ব্যাচেলর ডিগ্রি নিয়ে হাবিপ্রবিতেই বায়োটেকনোলজি বিভাগে এমএস করছেন। তিনি বলেন, ‘বিশ্ববিদালয়ে পড়ার সময়ে অনেকের সঙ্গে কোনো কথাই বলা হয়নি। বন্ধুত্ব হয়নি। কিন্তু সমাবর্তনে দেখা হওয়ার পর তাঁদের দেখেই যেন মনের সব কথা উজাড় করে না বলে থাকতে পারিনি কেউ।’বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের প্রশাসনিক ভবনের সামনে লিচুগাছতলায় সহপাঠীদের সঙ্গে চুটিয়ে আড্ডা দিচ্ছিলেন ইফতেখারুল ইসলাম ওরফে রিয়েল। ডিভিএম পাস করে তিনি এমএস করছেন হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে। তিনি বললেন, পাঁচ বছর আগে বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হলেন স্বপ্ন দেখেছিলেন অনেক। কীভাবে দেশের ডিভিএম খাতকে উন্নত করা যায়, তা নিয়ে কাজ করতে চেয়েছিলেন।সমাবর্তনের মূল অনুষ্ঠান শেষে লাইনে দাঁড়িয়ে খাবার প্যাকেট নিচ্ছিলেন আসমা জামান। বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায়। ২০০৭ সালে হাবিপ্রবি থেকে বিবিএ করেছেন। বর্তমানে শিক্ষকতা করছেন। তিন বছর পর এসেছেন ক্যাম্পাসে। বন্ধুদের আড্ডায় গান গাইছিলেন। ‘কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা, মনে মনে...।’ আসমা বললেন, ‘দারুণ লাগছে সমাবর্তনে এসে। সব বন্ধু একসঙ্গে হয়েছি। আমরা এখন আনন্দের সাগরে ভাসছি।’ একই অনুষদের দয়াল শর্মার অনুভূতি ছিল এ রকম, ‘ভীষণ ভালো লাগছে, যেসব শিক্ষক আমাদের পড়িয়েছেন সমাবর্তনে এসে তাঁদের সঙ্গ আর আন্তরিকতায় অভিভূত হয়েছি।’ কৃষি অনুষদের গ্র্যাজুয়েট সাঈদা নাঈমা জেরিন। বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স (এমএস) করছেন। তিনি বললেন, ‘একসঙ্গে ৮৮ জন পড়তাম। পাস করে যাওয়ার পর ছড়িয়ে-ছিটিয়ে পড়েছি সবাই। বিশ্ববিদ্যালয়-জীবনে পিকনিক, শহরে গিয়ে আড্ডা, রামসাগর, স্বপ্নপুরী, কান্তজিউ মন্দির, রাজবাড়ী, সিঙ্গড়া শালবন, তেঁতুলিয়া চা-বাগান—কোথায় যাইনি? আমাদের ব্যাচের ৮৭ জনই এসেছেন সমাবর্তনে।’ব্যবসায়শিক্ষা অনুষদের গ্র্যাজুয়েট সৈয়দপুরের ইসতিয়াক আহমেদ খুঁজছিলেন নিজের ব্যাচের বন্ধুদের।সমাবর্তন উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফুটবল মাঠে তৈরি করা হয়েছিল বিশাল প্যান্ডেল।সমাবর্তনের দিনে সকাল ১০টার মধ্যে সনদপত্র গ্রহণকারী গ্র্যাজুয়েট ও আমন্ত্রিত অতিথিরা প্যাভিলিয়নে নির্ধারিত আসনে বসেন। এরপর সর্বজুনিয়র শিক্ষকক্রম অনুসারে প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, অধ্যাপক, বিভিন্ন বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, ডিন, উপাচার্য, সমাবর্তন বক্তা এবং সবশেষে সমাবর্তনের সভাপতি চ্যান্সেলরের মনোনীত প্রতিনিধি শিক্ষামন্ত্রী নির্ধারিত পোশাক পরে শোভাযাত্রার মাধ্যমে সমাবর্তন অনুষ্ঠানে এসে নির্ধারিত আসন গ্রহণ করেন। হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানের সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।