সংস্কৃতি সংবাদ: হাটখোলায় দুটি বইয়ের আলোচনায় আবুল মোমেন
সমালোচনা ছাড়া মহৎ সাহিত্য সৃষ্টি সম্ভব নয়
কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, শিল্প–সাহিত্যের বিকাশে সমালোচনার গুরুত্ব আছে। সমালোচনা ছাড়া সাহিত্যের প্রকৃত মূল্যায়ন সম্ভব নয়। সাহিত্যচর্চার সঙ্গে যুক্তদের সমালোচনা গ্রহণের মানসিকতাও থাকা উচিত।
নগরের হাটখোলা গ্যালারিতে গত ২৯ মার্চ রোববার সন্ধ্যা সাতটায় ওমর কায়সারের শিশুতোষ গল্পগ্রন্থ জাদুর বেলুন ও সম্পদ বড়ুয়ার অনুবাদ গল্পগ্রন্থ গল্প দেশে দেশে নিয়ে আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আবুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন কবি রাশেদ রউফ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শিরিন আক্তার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাটখোলার প্রধান ইউসুফ মুহম্মদ। সঞ্চলনা করেন এ টি এম সাইফুর রহমান।
ওমর কায়সারের শিশুতোষ গল্পগ্রন্থ জাদুর বেলুন সম্পর্কে রাশেদ রউফ বলেন, ‘জাদুর বেলুন বইয়ের গল্পগুলোর ভাষা সহজ-সরল, সহজেই টেনে ধরে। একবার শুরু করলে শেষ পর্যন্ত পড়তে হয়। ১০টি গল্প নিয়ে এই সংকলন শিশুদের জন্য বড় পাওয়া। সাম্প্রতিক শিশুসাহিত্যের সম্ভারে একটি বড় সংযোজন হয়ে থাকবে।’
সম্পদ বড়ুয়ার অনুবাদগ্রন্থ গল্প দেশে দেশে বইয়ের পাঠ প্রতিক্রিয়া জানাতে গিয়ে শিরিন আক্তার বলেন, ‘সম্পদ বড়ুয়া গত এক শতাব্দী ধরে রচিত পৃথিবীর বিশাল গল্পের ভান্ডার থেকে বাছাই করে কিছু মণিমুক্তা তুলে এনেছেন। এক মলাটের ভেতর এত দেশের বিখ্যাত গল্পকারের গল্প পাওয়া পাঠকের জন্য সৌভাগ্যের। এমন বই বাংলা ভাষায় খুব বেশি নেই। তাঁর অনুবাদের ভাষাও ঝরঝরে।’
দুজন লেখক সম্পর্কে আলোচনা করতে উঠে আবুল মোমেন বলেন, জাদুর বেলুন বইটির গল্পগুলোতে চিরায়ত শিশু সাহিত্যের উপাদান আছে। এই বইয়ের গল্পগুলো পাঠকের মাঝে আশা জাগায়। পাঠকের সেই প্রত্যাশা পূরণে ওমর কায়সার নিয়মিত লিখবেন।
সম্পদ বড়ুয়ার অনুবাদ গ্রন্থ গল্প দেশে দেশে সম্পর্কে তিনি বলেন, ‘বইটিতে চারটি মহাদেশের গল্প রয়েছে। নানা দেশের মানুষের ভিন্ন ভিন্ন সংস্কৃতির সঙ্গেও পরিচয় ঘটে বইটি পড়তে গেলে।’
এর আগে নিজেদের বই নিয়ে বক্তব্য দেন দুই লেখক। নিজের বই সম্পর্কে ওমর কায়সার বলেন, ‘প্রতিটা গল্পের উদ্দেশ্য থাকা উচিত। আমার উদ্দেশ্য ছিল গল্পের মাধ্যমে শিশুরা প্রকৃতি ও মানুষকে ভালোবাসুক।’
সম্পদ বড়ুয়া বলেন, দীর্ঘ এগারো বছর বিরতির পর তাঁর এই বই বের হলো। কর্মক্ষেত্রে ব্যস্ততাসহ নানা ঝামেলার কারণে এই বিরতি। ভবিষ্যতে আরও নিয়মিত পাঠকদের কাছে পৌঁছানোর প্রতিশ্রুতি দেন তিনি। আলোচনা অনুষ্ঠান শেষে রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনান অলাকি দাশ।