খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিএনপির সমীরণ দেওয়ানের পক্ষের নেতা-কর্মীরা স্বতন্ত্র আহ্বায়ক কমিটি করার ঘোষণা দিয়েছেন। বর্তামান উপজেলা কমিটির নেতৃত্বে থাকা ওয়াদুদু ভূঁইয়ার সমর্থকদের কারণে দল পিছিয়ে পড়ছে বলে সমীরণপক্ষের লোকজনের অভিযোগ। এ কারণে দল রক্ষায় নতুন কমিটি করেছেন বলে তাঁদের দাবি।
স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা জানান, ৪ জুন খাগড়াছড়ি আসনের বিএনপির সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ ছেড়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সমীরণ দেওয়ানের পক্ষে যোগ দেয় দলের নেতা-কর্মীদের একটি অংশ। এর পর থেকেই পক্ষটি বিভিন্ন্নভাবে নিজেদের সাংগঠনিক শক্তি বাড়ানো চেষ্টা করতে থাকে। আহ্বায়ক কমিটি গঠনও তারই অংশ।
১৩ জুন উপজেলার বোয়ালখালী নতুন বাজারের একটি হোটেলে বিএনপির সমীরণপক্ষের লোকজন সভা করে ধানের শীষ রক্ষায় কমিটি গঠনের ঘোষণা দেন।
মেরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. সোনা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি শামছুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত) মো. ইসলাম, উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মিলন ফরাজী, উপজেলা বিএনপির সাবেক নেতা মাহবুব, মানিক চাকমা, সুকান্ত ত্রিপুরা প্রমুখ।
সভা শেষে মিলন ফরাজীকে আহ্বায়ক করে ৭১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। মিলন ফরাজী বলেন, ‘আমরা ধানের শীষ রক্ষায় এ আহ্বায়ক কমিটি গঠন করেছি।’
নতুন কমিটি প্রসঙ্গে উপজেলা বিএনপির সভাপতি মুসলিম উদ্দীন বলেন, যাঁরা দলে নিষ্ক্রিয় ছিলেন, তাঁরাই এ ধরনের কর্মকাণ্ড করছেন।