সমুদ্র টানছে পর্যটকদের
‘১২০ কিলোমিটারের বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত। সমুদ্রের পাশেই সবুজ পাহাড়। সেই পাহাড় আঁকাবাঁকা পথে রামু, উখিয়া হয়ে চলে গেছে টেকনাফ পর্যন্ত। এর পরে রয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। সারা দেশের মানুষ বিনোদনের আশায় ছুটে আসে এই সমুদ্রে। কিন্তু পর্যটকদের সুবিধার জন্য তেমন কোনো ব্যবস্থা গড়ে ওঠেনি এখানে। সন্ধ্যার পর হোটেলে অলস সময় পার করা ছাড়া পর্যটকদের কিছুই করার থাকে না।’ সৈকতের লাবণী পয়েন্টে দাঁড়িয়ে এসব কথা তুলে ধরেন ঢাকার নীলক্ষেত এলাকার কলেজশিক্ষক ফাতেমাতুজ জোহুরা (৪৬)। তাঁর সঙ্গে সুর মেলালেন আরও অনেকে। তাঁরা বললেন, বিশ্বের বিভিন্ন দেশ পর্যটন খাতে আয় করছে কোটি কোটি ডলার। আর বাংলাদেশ বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতকে কাজে লাগাতে পারছে না।বেহাল দশায় শত কিলোমিটার সৈকত: ১২০ কিলোমিটার সৈকতের মধ্যে মাত্র ১৫ থেকে ২০ কিলোমিটার সৈকতে পর্যটকের যাতায়াত, ব্যবসা-বাণিজ্যকেন্দ্র, হোটেল, মোটেল, রেস্তোরাঁ, দোকানপাট রয়েছে। আরও শতাধিক কিলোমিটার সৈকত বেহাল দশায় পড়ে রয়েছে। পড়ে থাকা এসব সৈকতকে সরকার কাজে লাগাতে পারে বলে জানালেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসন থেকে নির্বাচিত সাংসদ লুৎফর রহমান। তিনি বলেন, ‘সরকার দীর্ঘ মেয়াদে কিংবা চড়া মূল্যে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তিবিশেষকে সৈকতের এই জমি ইজারা বা বিক্রি করে পরিকল্পিতভাবে পর্যটনশিল্পের উন্নয়নে নানা বিনোদনক্ষেত্র গড়ে তুলতে পারে। কিন্তু পরিকল্পনা নেই বলে সৈকতের বিশাল জমি ক্রমান্বয়ে বেদখল হয়ে যাচ্ছে। অপ্রয়োজনীয় খাতে সৈকতের মূল্যবান জমি নামমাত্র মূল্যে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদি ইজারা নিয়ে ফেলছে।’ পর্যটকের প্রধান আকর্ষণ সমুদ্রবিনোদন: সিলেটের হরিপুর থেকে ভ্রমণে আসা পর্যটক রাইসুল আলম (৩৪) জানান, পর্যটকদের জন্য আরও অনেক কিছু করা যেত। যেমন—জাহাজে করে সমুদ্রভ্রমণ, সাগরে রাত যাপনের ব্যবস্থা, সাগরে সাংস্কৃতিক বিনোদন, সার্ফিং প্রশিক্ষণকেন্দ্র, সামুদ্রিক মাছের প্রদর্শনীকেন্দ্র, ভ্রাম্যমাণ রেস্তোরাঁ স্থাপন করা যেত। সৈকতের বালুচরে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশাল ঝাউবাগানের ভেতরে খাবারের নানা আয়োজন, প্রদর্শনী ও বন্য প্রাণী সংরক্ষণকেন্দ্র গড়ে তোলা যেত। চট্টগ্রামের মিরসরাই থেকে আসা পর্যটক শামসুল ইসলাম (৪১) জানান, ভবনের ভিড়ে পুরো সৈকত এলাকাটি ঘিঞ্জি বস্তিতে পরিণত হয়েছে। আরও ভবন তৈরির প্রতিযোগিতা চলছে। বহুতল ভবনের ভিড়ে নির্মল সমুদ্রসৈকত হারিয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রথম সার্ফার জাফর আলম (৩০) জানান, সমুদ্রকেন্দ্রিক বিনোদন না থাকায় এখানে সার্ফিং করতে আসা বিদেশিদের ধরে রাখা যায় না। কক্সবাজার হোটেল-মোটেল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নুরুল আবছার বলেন, ‘শত শত ভবন হচ্ছে, কিন্তু পর্যটকের বিনোদনসেবা নিয়ে আমরা কেউ ভাবছি না। এই শীতকালের কয়েক মাস শান্ত সমুদ্র এবং বর্ষার কয়েক মাস পাহাড়কেন্দ্রিক বিনোদনব্যবস্থা নিশ্চিত করা গেলে সারা বছরই পর্যটকে ভরপুর থাকত এই কক্সবাজার।’কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা জানান, এখানকার বিনোদনকেন্দ্র, যেমন—রামকোট, বৌদ্ধবিহার, মন্দির, জাদির সংস্কার করা জরুরি। কক্সবাজার শহর ছাড়াও টেকনাফ, উখিয়া, মহেশখালীসহ বিভিন্ন স্থানে অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে নানা মন্দির, প্যাগোডা, জাদিসহ নানা ঐতিহাসিক নিদর্শন। টেকনাফের ঘন বনসমৃদ্ধ সবুজ পাহাড়ের ন্যাচার পার্ক, কুদুম গুহা, নাইট্যং পাহাড়ের ব্রিটিশ বাংকার, মাথিনকূপ, উখিয়ার কানারাজার সুড়ঙ্গ, হিমছড়ি, বড়ছড়া ঝরনা সংস্কার করে পর্যটকের দৃষ্টি আকর্ষণ করা যায়। জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী জানান, কক্সবাজার শহরের পরিকল্পিত উন্নয়ন, জীববৈচিত্র্য ও পরিবেশ-প্রতিবেশ রক্ষার জন্য সরকার ইতিমধ্যে ‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠন করেছে। তৈরি করছে কক্সবাজারের সার্বিক উন্নয়নে ‘মাস্টার প্ল্যান বা মহাপরিকল্পনা’। সুতরাং পর্যটনশিল্পের উন্নয়নের নামে এখন যেখানে-সেখানে অবকাঠামো তৈরির সুযোগ নেই।