সমুদ্র নিয়ে পাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের প্রথম ব্যাচের কজন শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের প্রথম ব্যাচের কজন শিক্ষার্থী

বাংলাদেশের বিশাল জলসীমায় লুকিয়ে আছে বিপুল সম্পদ। সমুদ্র সম্পর্কে জ্ঞান আহরণ ও দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার স্বার্থে সমুদ্রসম্পদকে কাজে লাগানোর লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু হয়েছে সমুদ্রবিজ্ঞান বিভাগের। ২০১২ সালে এ বিভাগ প্রতিষ্ঠিত হলেও ক্লাস শুরু হয়েছে পরের বছর ৪ এপ্রিল থেকে।
বর্তমানে এই বিভাগে মাস্টার্স পর্যায়ের পাঠদান চালু আছে। এখনো পর্যন্ত বিভাগের নিজস্ব স্থান নির্ধারণ না হওয়ায় প্রথম ব্যাচের ক্লাস চলছে রসায়নবিজ্ঞান বিভাগে আর দ্বিতীয় ব্যাচটির ভর্তি কার্যক্রম এখনো চলছে। বিভাগীয় দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হচ্ছে সায়েন্স ক্যাফেটেরিয়াসংলগ্ন আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ডিন অফিস থেকে। এই বিভাগে সমুদ্রবিজ্ঞান-সম্পর্কিত বিভিন্ন বিষয়ের পাশাপাশি আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালাও আয়োজিত হয়। এ ছাড়া জাহাজের মাধ্যমে সমুদ্রে শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থাও করা হয়।
আলাপ হলো প্রথম ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে। সাইফুল আসরাব স্নাতক করেছেন জগন্নাথ কলেজ (বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়) থেকে। তিনি এই বিভাগে ভর্তি হয়েছেন সমুদ্রবিজ্ঞানের উচ্চতর পড়ালেখা করে বঙ্গোপসাগর নিয়ে কাজ করার আগ্রহ থেকে। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশবিদ্যায় স্নাতক (সম্মান) করে এখানে ভর্তি হয়েছেন আজিজুন নাহার। তিনি জানান, সমুদ্রবিজ্ঞানের প্রতি ভালো লাগা ও উচ্চতর ডিগ্রি নিতেই এখানে আসা।
এই ব্যাচের শিক্ষার্থী আছেন মোট ২০ জন, যাঁদের মধ্যে নৌবাহিনীর দুজন কর্মকর্তাও রয়েছেন। তাঁদেরই একজন মাহমুদুর রহমান খান, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে এখন স্নাতকোত্তর করছেন এই বিভাগে। তিনি জানালেন, ‘এই বিভাগে ভর্তি হতে পেরে আমি গর্বিত এবং ভবিষ্যতে দেশের জন্য কিছু করার ইচ্ছা রাখি। বর্তমানে সমুদ্রবিজ্ঞান ও বঙ্গোপসাগর সম্পর্কে জ্ঞান আহরণ করছি। ভবিষ্যতে যুক্তরাষ্ট্র থেকে এই বিভাগে উচ্চতর ডিগ্রি নিয়ে এ বিষয়ে শিক্ষকতা করতে চাই।’
আজম চৌধুরী বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট, স্নাতক করেছেন গণিত বিভাগ থেকে। তিনি এই বিভাগে মাস্টার্স করছেন। কারণ, তিনি মনে করেন এখান থেকে তিনি বঙ্গোপসাগর সম্পর্কে সঠিক জ্ঞানার্জন করতে পারবেন এবং এই জ্ঞান তিনি ভবিষ্যতে নৌবাহিনীর সমুদ্রবিজ্ঞান সেক্টরে কাজে লাগাতে পারবেন।
বিভাগীয় চেয়ারম্যান কাওসার আহাম্মদ বলেন, ‘সমুদ্রের সম্পদগুলো সুষ্ঠুভাবে আহরণ ও সংরক্ষণে দক্ষ জনশক্তি প্রয়োজন, যা সরবরাহ করবে সমুদ্রবিজ্ঞান বিভাগ। ইতিমধ্যেই আমেরিকা, ফ্রান্স, ভারত আর জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের শিক্ষাক্ষেত্রে আদান-প্রদান ও যৌথ গবেষণা পরিচালনার কথা হয়েছে। নৌবাহিনীর সঙ্গেও চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, যাতে আমাদের ছাত্ররা তাঁদের জাহাজ ব্যবহার করে শিক্ষালাভ করতে পারেন।
জনতা ব্যাংক থেকে পাঁচ কোটি টাকার সামাজিক দায়বদ্ধতা তহবিল পাওয়ার চুক্তি সম্পাদিত হয়েছে। বিভাগের জন্য নিজস্ব জায়গা বরাদ্দ পেলে আশা করি এক বা দুই বছরের মধ্যেই অনার্সেও ভর্তি কার্যক্রম চালু করা সম্ভব হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগে ভর্তির কার্যক্রম পরিচালিত হয় প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে, বছরে একবার। যোগ্যতা হিসেবে অবশ্যই বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি লাগবে। বিস্তারিত জানতে ঘুরে আসুন: http://oceanographydu.com থেকে।