সমুদ্র শান্ত হলেই ইলিশ ধরার ধুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর কদিন পরই ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে মাছের রাজা রুপালি ইলিশ। শুরু হবে ইলিশের মৌসুম। সাগরের নিম্নচাপের কারণে কিছুদিন আগে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছিল। সাগর উত্তাল থাকায় সমুদ্রে নামতে পারছে না মাছ ধরার ট্রলারগুলো। এখন অপেক্ষার প্রহর গুনছেন শত শত জেলে। সমুদ্র একটু শান্ত হলেই তাঁরা নেমে পড়বেন ইলিশ ধরার অভিযানে। গতকাল নগরের পাথরঘাটা ফিশারি ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, শত শত জেলে ছেঁড়া জাল ঠিক করে নিচ্ছেন। কেউ কেউ তাঁদের মাছ ধরার নৌকাটি (ফিশিং বোট) পরখ করে নিচ্ছেন কোথাও ভাঙা কিংবা ফাটল আছে কি না। আবার কেউ বা জিরিয়ে নিচ্ছেন সংক্ষিপ্ত অবসর সময়টুকুতে। ইলিশের মৌসুম এসে গেলেও প্রতিকূল আবহাওয়ার কারণে পুরোদমে মাছ ধরা শুরু হয়নি। তাই বাজারে সরবরাহও কম। টানা পাঁচ দিন সমুদ্রে ইলিশ ধরার পর গতকাল ভোরে চট্টগ্রাম ফিশারি ঘাটে এসে পৌঁছান মো. মিজান। তাঁর সঙ্গে কথা বলে জানা গেল, সাগর উত্তাল থাকায় এখনো ইলিশ তেমন ধরা পড়ছে না। টানা পাঁচ দিনের সফরে মাত্র ৬০০ ইলিশ ধরা পড়েছে। সব মিলিয়ে সাড়ে পাঁচ মণ হয়েছে। সেটা নিয়েই ভোরে ফিশারি ঘাটে এসেছেন। বিক্রি হবে মণপ্রতি ১৮-২০ হাজার টাকায়। ফিশারি ঘাটের মাছের আড়তদার মোহাম্মদ আলী বলেন, ‘বিগত বছরগুলোতে এ সময়ে ইলিশের সরবরাহ অনেক ছিল। কিন্তু এ বছর সাগর উত্তাল থাকায় সাগরে বোট নামাতে পারছি না।’ ভরা মৌসুমে একেকটি বোটে ১০ থেকে ১০০ মণ পর্যন্তও ইলিশ ধরা হয় বলে তিনি জানান। ট্রলার মালিক এনায়েত বলেন, ‘আমরা সাগরে নামার জন্য প্রস্তুতি নিচ্ছি। এক সপ্তাহের মধ্যেই সাগরে নেমে পড়ব।’ তিনি আরও জানান, মোটামুটি ১০-১২ দিনের প্রস্তুতি নিয়ে ২০-২২ জন মাঝির জন্য বাজার করা হয়েছে। সমুদ্রে নামার পর মাছ পেলে তাঁরা তিন-চার দিনের মধ্যেই ফিরে আসবেন, নয়তো সাত-আট দিন পর আসবেন।