আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বাংলাদেশের পাওয়া ২০০ নটিক্যাল মাইল সমুদ্র সীমানার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সমুদ্র সম্পদের সুরক্ষা দরকার। পাশাপাশি কনোকো ফিলিপসের সঙ্গে রপ্তানিমুখী সমুদ্রের গ্যাস চুক্তি বাতিলও জরুরি। অন্যথায় আন্দোলন করা হবে। ১৫ মার্চ দুপুরে কক্সবাজার শহরের প্রধান সড়কে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহুত এক সমাবেশ থেকে নেতারা এই দাবির কথা তুলে ধরেন। গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধানে সাত দফা দাবি বাস্তবায়নে ওই দিন সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়।কমিটির জেলা শাখার আহ্বায়ক ইদ্রিস আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জাতীয় কমিটির কেন্দ্রীয় সংগঠক ও সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, প্রকৌশলী সরদার আমিন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা হাজী বশিরুল আলম, জেলা বাসদের সংগঠক রফিকুল আহসান, সমীর পাল, জেলা গণফোরামের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, শম্ভুনাথ চক্রবর্তী, মোয়াজ্জেম হোসেন, শংকর বড়ুয়া প্রমুখ। কেন্দ্রীয় সংগঠক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘মানুষ কমমূল্যে সব সময়ের জন্য বিদ্যুৎ চায়। বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রীয় বিদ্যুৎ প্ল্যান্টগুলো সরকার মেরামত ও নবায়ন করে চালু করলে ১৭ শত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। অথচ, সরকার এই কাজ না করে কুইক রেন্টাল ও রেন্টালের নামে জনগণের ওপর ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে। প্রকৌশলী সরদার আমিন বলেন, ‘অবিলম্বে সমুদ্রের সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি কনোকো ফিলিপসের সঙ্গে রপ্তানিমুখী সমুদ্রের গ্যাসচুক্তি বাতিল করতে হবে। অন্যথায় দেশের স্বার্থবিরোধী এই চুক্তি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দেশের এক ফোঁটা গ্যাস রপ্তানি হতে দেওয়া হবে না।’ তিনি রাষ্ট্রীয় সংস্থার মাধ্যমে সুনেত্র ও রশিদপুরসহ অন্যান্য গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের দাবি জানান।