সমুদ্রপথে মানব পাচার ঠেকানো যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সমুদ্র উপকূল দিয়ে ট্রলারে অবৈধ পথে মালয়েশিয়ায় মানব পাচার ঠেকানো যাচ্ছে না। গত ১০ দিনে পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে ১৬৬ জনকে আটক করেছে।
গত জানুয়ারি থেকে ১০ মাসে আটক হয়েছেন ৮১৩ জন। তাঁরা সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে উখিয়া ও টেকনাফ সীমান্তে এসে জড়ো হচ্ছিলেন।
জানা যায়, পাচারের মূল হোতা বা দালালদের ধরতে পারেনি পুলিশ, র‌্যাব বা বিজিবি। নাগরিক সমাজের প্রতিনিধিদের মতে, মূল হোতা বা দালালদের ধরা গেলে সমুদ্রপথে মানব পাচার কমত।
অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ মানব পাচারের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শীত নামতে শুরু করার পর থেকে সাগর শান্ত রয়েছে। এ সুযোগে ট্রলারে মানব পাচারও বাড়ছে। এ ব্যাপারে পুলিশকে সতর্ক রাখা হয়েছে। আটক যাত্রীদের মুচলেকা নিয়ে পরিবারের কাছে ফেরত পাঠানো হচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে টেকনাফ, শাহপরীর দ্বীপ, উখিয়া, সদরের কলাতলী, চৌফলদণ্ডী, মহেশখালীর গোরকঘাটা ও সোনাদিয়াসহ অন্তত ৪৫টি পয়েন্ট দিয়ে মালয়েশিয়ায় মানব পাচার হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, ৮ নভেম্বর সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে বিজিবির সদস্যরা ২১ জন মালয়েশিয়া যাত্রীকে আটক করেন। পরদিন নীলা বিজিবির সদস্যরা আটক করেন ছয়জনকে। এর আগে ৪ নভেম্বর ভোরে উখিয়ার জালিয়াপালং ও শাহপরীর দ্বীপ থেকে ৩৫ জনকে আটক করে পুলিশ ও বিজিবি। ২ ও ৩ নভেম্বর ভোররাতে ইনানী থেকে ৪৬ জনকে আটক করে পুলিশ। এ ছাড়া ২ নভেম্বর রাতে শহরের কেন্দ্রিয় বাস টার্মিনাল থেকে ৪৩ জনকে আটক করে র‌্যাব।
সূত্র জানায়, এ বছর ৩০ অক্টোবর পর্যন্ত ১০ মাসে পুলিশ, বিজিবি ও কোস্টগার্ড উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে ৮১৩ জন যাত্রীকে আটক ও ৬৪টি মামলা করে। এর মধ্যে বিজিবি ৩১৮ জন, কোস্টগার্ড ৩৫২জন ও পুলিশ ১৪৩ জনকে আটক করে।
র‌্যাব-৭ কক্সবাজার অঞ্চলের পরিচালক মেজর সরওয়ার-ই-আলম বলেন, আটক ব্যক্তিদের অধিকাংশই যশোর, কুমিল্লা, চুয়াডাঙা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জের বাসিন্দা। তাঁদের থাইল্যান্ডের জাহাজে করে মালয়েশিয়া পাঠানোর কথা বলে মাথাপিছু ৩০ থেকে ৪০ হাজার টাকা নিয়ে উখিয়া-টেকনাফে আনা হচ্ছিল।
নরসিংদীর মো. শাহাদাত (৩০) ও নারায়ণগঞ্জের হরিশচন্দ্র (২৩) বলেন, থাইল্যান্ডের জাহাজে করে তাঁদের মালয়েশিয়া পাঠানোর কথা বলে এক দালাল ৪০ হাজার টাকা করে নিয়ে টেকনাফ নিয়ে আসেন। ৮ নভেম্বর ভোরে ট্রলারে তোলার সময় পুলিশ তাঁদের আটক করে।
টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হামিদুর রহমান বলেন, মালয়েশিয়ায় যাওয়ার সময় ট্রলার ডুবে শাহপরীর দ্বীপের নিখোঁজ ২০৪ ব্যক্তির পরিবারে এখনো শোকের মাতম চলছে। তার পরও সমুদ্রপথে মালয়েশিয়া যাত্রা বন্ধ হচ্ছে না।
কক্সবাজার নাগরিক সমাজের সভাপতি আয়াছুর রহমান বলেন, আগে মালয়েশিয়া পাচারের সময় ধরা পড়ত রোহিঙ্গাসহ স্থানীয় গরিব লোকজন। এখন উত্তরাঞ্চলের অসহায় ও গরিব মানুষদের নানা প্রলোভন দেখিয়ে সমুদ্রপথে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, উপকূলজুড়ে মানব পাচারে দুই শতাধিক দালাল সক্রিয় থাকলেও রহস্যজনক কারণে তারা ধরা পড়ে না।
এ প্রসঙ্গে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ বলেন, বিভিন্ন মামলায় প্রায় ২০০ দালালসহ পাঁচ শতাধিক লোককে অভিযুক্ত করা হয়েছে। ২০ জনের বেশি দালালকে ধরে কারাগারে পাঠানো হয়েছে। কিন্তু জামিনে মুক্ত হয়ে তারা আবার মানব পাচারে জড়িয়ে পড়ছে।