
আমরা, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৩৮তম ব্যাচের শিক্ষার্থীরা পাঁচ দিনের এক শিক্ষাসফরে ঘুরে এলাম সমুদ্রকন্যা কক্সবাজার, প্রবালদ্বীপ সেন্ট মার্টিনস ও সৌন্দর্যের লীলাভূমি ছেঁড়াদ্বীপ।
পড়া আর পরীক্ষার চোখরাঙানি উপেক্ষা করে ২৭ ফেব্রুয়ারি রাতে কক্সবাজারের উদ্দেশে বাসযোগে রওনা হই আমরা ৫৫ জন। পরদিন ভোরে কক্সবাজার পৌঁছেই সৈকতে ছুটে যাই আমরা। সূর্যোদয় প্রত্যক্ষ করেই শুরু হয় ফুটবল খেলা। তবে দস্যিপনা তো আর থেমে থাকার নয়। তাই বল নিয়ে জলে নেমে আশপাশের পর্যটকদের সঙ্গেই মেতে উঠি প্রবল আনন্দে। আনন্দের সীমাটা পূর্ণতা পায় বিকেলের ইনানি আর হিমছড়ি দর্শনে। ইনানি সৈকতের পাথুরে সৌন্দর্য আর হিমছড়ির সূর্যাস্ত এক অজানা মাদকতায় ভরিয়ে দেয় আমাদের। পরদিন ভোরেই শুরু হয়ে যায় সেন্ট মার্টিনস ভ্রমণের প্রস্তুতি। প্রথমে বাসযোগে টেকনাফ, তারপর কেয়ারি ক্রুজ-এ চেপে সেন্ট মার্টিনস। জাহাজের এক্সক্লুসিভ লাউঞ্জের পুরোটা দখলে নিয়ে শুরুতে নাফ নদী আর পরে সাগরের অসীম জলরাশির বুকে গাংচিলের উড়ে বেড়ানো আর তাদের ধরতে চাওয়া, তার সঙ্গে যুগল, সুজনদের রসিকতা আর আশিকের ক্যামেরাবাজি... কখন যে তিন ঘণ্টা পেরিয়ে প্রবালদ্বীপে চলে এসেছি, বুঝতেই পারিনি।
সেন্ট মার্টিনসের নারকেল আর সন্ধ্যাবেলার ভাজা মাছের স্বাদ মুখে লেগে থাকবে সারা জীবন। একসঙ্গে এতজন ছেলেমেয়ে সেন্ট মার্টিনসের পর্যটন সড়ক ধরে একসঙ্গে হেঁটে বেড়ানো আর স্বাধীন ঘোরাঘুরির মুহূর্তগুলো এখনো স্মৃতির মণিকোঠায় অমলিন। প্রবালের ওপর বসে অর্ণব, পল্লব, শুভ, রাজু, সান্ত্বনা, সুরভী, শৈলী, কেয়াদের সঙ্গে গলা মিলিয়ে গান গাওয়া আর ছেঁড়াদ্বীপে হাসান, বিজন, হিমেল, তানিম, দীপ্ত, নোমান, অবণী, ফারাহ, মিলি, লাভিন, আসফি, সুষমিদের সঙ্গে নারকেল খাওয়ার স্মৃতি এখনো ভাসছে অক্ষিপটে। সেন্ট মার্টিনসে কাটানো শেষ রাতের বারবিকিউ আর পরদিনের কেনাকাটা শেষে সবাই যখন ফিরতি জাহাজে উঠছি, তখন কোনো এক অজানা শূন্যতায় ভরে উঠেছে হৃদয়। আবার এমন সময় কবে আসবে, এই প্রশ্ন তাড়া করে ফিরছে আমাদের। সফরের সামগ্রিক দায়িত্বে থাকা ইন্তেখাব, শিবলী, রিয়াদ, ইশতিয়াক, অনিক—সবার সাংগঠনিক দক্ষতা আর আন্তরিকতার প্রশংসা যতই করা যায়, ততই কম হবে। আমরা সফরটার নাম দিয়েছিলাম সমুদ্রবিলাস। সমুদ্রে আমাদের বিলাসিতা সত্যিই ছিল চোখে পড়ার মতো। জয়তু ব্যাচ ৩৮।